বান্দরবানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মশালা
বান্দরবানে ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। ‘গণমাধ্যমে জন্মনিবন্ধন ও নারী-শিশু উন্নয়নের সংবাদ উপস্থাপনের কলাকৌশল’ শিরোনামে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় ৪ সেপ্টেম্বর।
৪ সেপ্টেম্বর বিকেল চারটায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।
এতে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম।
কর্মশালায় বান্দরবানের ইলেকট্রনিক গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনগ্রসর বান্দরবানে জন্ম নিবন্ধন, নারী ও শিশুস্বাস্থ্য সম্পর্কে অধিকাংশ আদিবাসী জনগোষ্ঠী এখনো সচেতন নয়। সামাজিক সংস্কারের কারণে অনেকে জন্ম নিবন্ধন করতে আগ্রহী হয় না। প্রজননস্বাস্থ্য ও শিশু পরিচর্যা নিয়েও অনেকের কোনো ধারণা নেই। গণমাধ্যমের মাধ্যমে দুর্গম এলাকায় বসবাসকারী এসব মানুষকে সহজে সচেতন করা সম্ভব। কর্মশালার অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের মাল্টিমিডিয়ার মাধ্যমে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী দিনে গণমাধ্যমের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক বিষয়ে পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়। এ বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনের মাধ্যমে বক্তব্য দেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম মহিউদ্দিন হায়দার।