বান্দরবানে নাট্যেৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাটকের সৌন্দর্য জীবনের প্রতিবিম্ব’ স্লোগানে গত ২৪ সেপ্টেম্বর বান্দরবানে মাসব্যাপী নাট্য প্রতিযোগিতা উৎসব শুরু হয়েছে। কমিউনিটি পুলিশ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো) আয়োজিত এ উৎসবে সাত উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা নাট্য প্রতিযোগিতা উৎসবের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার কামরুল আহসান, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মংক্যচিং চৌধুরী, বান্দরবান চেম্বারের সহসভাপতি লক্ষ্মীপদ দাশ এবং কমিউনিটি পুলিশের সদস্য, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রচিত নাটিকা শ্রেণীকক্ষ বনাম কোচিং সেন্টার মঞ্চস্থ করে।জানা গেছে, প্রতিভা অন্বেষণ, সমাজে সচেতনতা সৃষ্টি ও পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই পুলিশের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইভ টিজিং, নারী অধিকার, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের রচিত নাটক বা নাটিকা মঞ্চস্থ করবে। এতে একদিকে তাদের প্রতিভার বিকাশ ঘটবে। অপরদিকে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সমস্যাগুলো সম্পর্কে নিবিড় জনসচেতনতা সৃষ্টি হবে বলে জানান আয়োজকেরা। গত ২৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বান্দরবান সরকারি বালিকা বিদ্যালয়ে নাট্য প্রতিযোগিতা পরিদর্শন করে এ উদ্যোগের প্রশংসা করেছেন।