বান্দরবানে নেতা-কর্মীর মধ্যে বিভেদ বাড়ছে
বান্দরবানের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সুবিধাবাদী আচরণ বিভক্তির সৃষ্টি করেছে নেতাকর্মীদের মধ্যে। দলগুলোর শীর্ষ নেতারা রাজপথে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীর হয়ে কাজ করলেও সুবিধা ভাগাভাগিতে সবাই ঐক্যবদ্ধ থাকেন। এ কারণে দলগুলোর সুবিধাপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিতদের মধ্যে বিভক্তি বাড়ছে বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের।এদিকে, পার্বত্য চট্টগ্রামে অন্যতম বড় রাজনৈতিক দল জনসংহতি সমিতি বর্তমানে শান্তিচুক্তি বাস্তবায়নের আন্দোলন করে যাচ্ছে। এ লক্ষ্যে সংগঠনের জেলা পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি চলছে। জনসংহতি সমিতির কেন্দ্রীয় ভূমি ও গবেষণাবিষয়ক সম্পাদক চিংহ্লা মং চাক বলেন, ‘জনসংহতি সমিতি আদিবাসীদের অধিকার নিয়ে লড়ছে। তবে জেলার বিভিন্ন সংস্থার দুর্নীতি নিয়েও আমরা সোচ্চার আছি।’ক্ষমতায় আসার পর জেলা আওয়ামী লীগেও সুবিধা ভাগাভাগি নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের তৃণমূল নেতাকর্মীরা বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা এবং জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান একটি উপদলের নেতৃত্ব দিচ্ছেন। আর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা ও সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশ আরেকটি উপদলের নেতৃত্ব দিচ্ছেন। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা দলের দ্বিধা-বিভক্তির কথা অস্বীকার করে বলেন, দলের বিভিন্ন জনের মতপার্থ্যক্যকে দ্বিধা-বিভক্তি বলা যায় না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান বলেন, দলের মধ্যে দ্বিধা-বিভক্তি থাকলেও সামগ্রিক দলীয় স্বার্থে কোনো ধরনের বিভেদ নেই। জেলার অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সরকারি সুযোগ-সুবিধা ভাগাভাগি হওয়ার ব্যাপারে তাঁর জানা নেই বলে কাজী মজিবুর রহমান জানান। জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল কমে এলেও কার্যকর কর্মসূচি নিয়ে তারা মাঠে নামতে পারেনি। বিভেদ ঘুচাতে মাম্যাচিংয়ের অনুসারী উপদল (গ্রুপ) ও সাচিংপ্রু জেরির অনুসারী উপদল (গ্রুপ) একীভূত হয়েছিল। কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে সাচিংপ্রু জেরি সভাপতি ও আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মাম্যাচিং আদিবাসীবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কিন্তু কাউন্সিলের পর কিছু কেন্দ্রীয় কর্মসূচি পালন ছাড়া এ পর্যন্ত বিরোধীদল হিসেবে জনঘনিষ্ঠ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি বলে দলের বেশির ভাগ নেতাকর্মী অভিযোগ করেছেন। জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম বলেছেন, ‘প্রশাসন ও পুলিশ আওয়ামী লীগের ক্যাডারে পরিণত হয়ে আমাদের কাজ করতে দিচ্ছে না।’ জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে সরকারি সুবিধা ভাগ-বণ্টনের কথা তাঁরা শুনেছেন। কিন্তু ওই ভাগাভাগিতে তাঁদের দল নেই বলে তিনি জানান। উন্নয়ন কাজের দরপত্র, খাদ্যশস্যের ভাগবণ্টন নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় চলছে বিএনপি ও ক্ষমতাসীন দলে। জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেছেন, ‘অবস্থা দেখে মনে হয় এখন বান্দরবানে কোনো বিরোধী দল নেই। যা আছে ক্ষমতাসীন দল দ্বারা চালিত বিরোধী দল। জাতীয় নির্বাচনে সাফল্য লাভ করতে হলে এখনই দলের পক্ষে জনমত গড়ার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া প্রয়োজন। কিন্তু শীর্ষ নেতাদের বার বার চাপ দেওয়া সত্বেও তাঁরা কোনো কর্মসূচি দিতে রাজি হচ্ছেন না।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান দলে দ্বিধা-বিভক্তির কথা অস্বীকার করে বলেন, রাজনৈতিকভাবে অনভিজ্ঞরা অনেক কথা বলতে পারে। কিন্তু দল আগের চেয়ে শক্তিশালী হয়েছে বলে উপজেলা ও পৌরসভা নির্বাচনে সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। শীর্ষ নেতারা কোনো ধরনের সুযোগ-সুবিধা নেননি বলে তিনি দাবি করেন। দলের কেউ কিছু সুবিধা নিয়েছেন কি না সেটাও তাঁর জানা নেই।