বান্দরবানে ন্যায্য দাম পাচ্ছেন না কলাচাষিরা
বান্দরবানে কলা চাষ ও উৎপাদন বেড়েছে। কিন্তু চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। কলার প্রকৃত বাজারমূল্যের বেশির ভাগ অংশ দু-তিন স্তরের মধ্যস্বত্বভোগীর পকেটে চলে যাচ্ছে। যোগাযোগ ও পরিবহনব্যবস্থার সংকট, মজুদ করার জায়গার অভাবসহ বিভিন্ন কারণে অধিকাংশ চাষি বিপণনের জন্য বাজারে না এনে কম দাম হলেও বাগানেই কলা বিক্রি করে দেন বলে জানিয়েছেন। তবে চাষিরা ন্যায্য দাম না পেলেও কলা উৎপাদন ও বিপণনে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।কলাচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বান্দরবান জেলা সদর বাজারে সপ্তাহে দুই দিনের হাটবারে ২০-২৫ ট্রাক কলা কেনাবেচা হয়। এসব কলা দোহাজারি, আমিরাবাদ, পটিয়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা পাইকারি ও খুচরা বিক্রির জন্য নিয়ে যান। বান্দরবান কেন্দ্রীয় মসজিদের মাদ্রাসা শপিং কমপ্লেক্স এলাকায় রোববার ও বুধবার হাটের দিন কলা ছাড়া কিছুই দেখা যায় না। বাঘমারা, রাজবিলা, ক্যমলং, কুহালং, চেমিডলুপাড়া, উজিপাড়া, রোয়াংছড়ির নোয়াপতং, তারাছা, বেতছড়াসহ বিভিন্ন জায়গা থেকে লোকজন কলা নিয়ে আসেন। তবে তাঁদের বেশির ভাগই চাষিদের কাছ থেকে কিনে নিয়ে আসা ক্ষুদ্র পুঁজির মধ্যস্বত্বভোগী। তাঁদের মধ্যে অনেক নারীও রয়েছেন। চেমিডলুপাড়ার নারী ডমেউ মারমা জানালেন, তিনি ২০ ছড়া কলা কিনে নিয়ে এসেছেন। চাষিদের কাছ থেকে নিজে কলা সংগ্রহ করে প্রতি হাটবারে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা লাভ হয়। উজিপাড়ার কার্বারী (পাড়াপ্রধান) মংথোয়াইচিং মারমা ও উবাচিং মারমা বসে রয়েছেন পাওনা টাকার অপেক্ষায়। তাঁরা যাঁকে কলা দিয়েছেন, তিনি কলা বিক্রি করেই টাকা দেবেন। নানা ঝক্কি-ঝামেলার জন্য তাঁরা নিজেরা কলা বিক্রি করতে বাজারে যান না। জর্ডানপাড়ার হাস্তরাম ত্রিপুরা জানিয়েছেন, তিনি ৪০০ কলা গাছ লাগিয়েছেন। সেখান থেকে প্রতি সপ্তাহে গড়ে ২৫ ছড়া কলা বিক্রি করে আড়াই-তিন হাজার টাকা পান। তিনি নিজে কষ্ট করে বাজারে নিয়ে এসে সরাসরি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। জানা গেছে, সরাসরি চাষিদের কাছ থেকে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা বান্দরবান বাজারে নিয়ে আসেন। সেখান থেকে ক্ষুদ্র-মাঝারি পুঁজির ব্যবসায়ীরা নিয়ে যান বড় বাজারে। এভাবে ভোক্তা পর্যায়ে কলার যে দাম, চাষিরা এর অর্ধেকও পান না। পটিয়ার ব্যবসায়ী দিলদার আলম জানিয়েছেন, তিনি প্রতি হাটবারে বান্দরবান থেকে পটিয়া ও চট্টগ্রামে কলা নিয়ে যান। তিনি জানান, বান্দরবানের কলার মান ভালো এবং কোনো প্রকার ওষুধমুক্ত হওয়ায় দামও ভালো পাওয়া যায়। কেরানী হাটের দোকানদার বদিউল আলম জানিয়েছেন, তিনি শুধু বান্দরবানের কলা দোকানে বিক্রি করেন। প্রতি সপ্তাহে তিনি ২০-৩০ ছড়া কলা নিয়ে যান। চকরিয়া পেকুয়ার আজিম উদ্দিন জানান, প্রতি হাটবারে তাঁর নিজের শ্রমসহ সবকিছু হিসাব-নিকাশ করে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাভ পেয়ে থাকেন। চাষিদের ঠকবাজি করে মধ্যস্বত্বভোগীরা ন্যায্য দামের বেশির ভাগ অংশ হাতিয়ে নেওয়ার কথা অস্বীকার করে আজিম উদ্দিন বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে যেতে শুধু কলা উৎপাদনে চাষি ছাড়াও শত শত লোকের কর্মসংস্থান হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম বলেছেন, জেলায় আট হাজার ৫০০ হেক্টর জমিতে কলা চাষ হয়ে থাকে। এর মধ্যে বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় সবচেয়ে বেশি চাষ হয়। মধ্যস্বত্বভোগীদের কারণে চাষিরা প্রকৃত বাজারমূল্য পাচ্ছেন না স্বীকার করে তিনি বলেন, আদিবাসী চাষিদের সরলতাকে ব্যবহার করে মূলত এখানে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে।