বান্দরবানে পর্যটন মেলা ১৮ অক্টোবর শুরু
বান্দরবানের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও আদিবাসী সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে আয়োজন করা হচ্ছে তিন দিনের পর্যটন উৎসব। শহরতলির নীলাচলে এ উৎসব শুরু হবে আগামী ১৮ অক্টোবর। কক্সবাজারের প্রস্তাবিত বিশেষ পর্যটন অঞ্চলের সঙ্গে বান্দরবানের পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম।
পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান হচ্ছে কক্সবাজারসংলগ্ন প্রতিবেশ পর্যটন (ইকো-ট্যুরিজম) সম্ভাবনাময় একটি স্থান। এখানাকার পাহাড়, সবুজ প্রাকৃতিক বনাঞ্চল, ১১টি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা সম্ভব হলে প্রকৃতি এবং ঐতিহ্যপ্রিয় পর্যটকেরা সহজে আকৃষ্ট হবেন।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ বলেন, নীলাচলে পর্যটন উৎসবের আগে হোটেল সোনারগাঁওয়ে খাদ্য উৎসবের আয়োজন করা হবে। এতে বান্দরবানের বৈচিত্র্যময় আদিবাসী ও বাঙালি খাবারের পাশাপাশি আদিবাসীদের জীবনধারা তুলে ধরা হবে। পর্যটন মন্ত্রণালয় ও বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে এ উৎসব আয়োজন করা হচ্ছে। পর্যটন উৎসবের প্রস্তুতি হিসেবে পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম গত ২৯ আগস্ট বান্দরবানের আকর্ষণীয় পর্যটন এলাকা নীলাচল পরিদর্শন করে গেছেন। এ সময় সেখানে আয়োজিত প্রাথমিক প্রস্তুতি সভায় ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পর্যটনসচিব খুরশেদ আলম বলেন, পর্যটন খাতে আয়ের বেশির ভাগই আসে বিদেশি পর্যটকদের কাছ থেকে। পর্যটনশিল্পকে আকর্ষণীয় করে বিদেশি পর্যটকদের আগমন বাড়াতে কক্সবাজারের পর্যটন অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
কক্সবাজারের সঙ্গে একই গুচ্ছভ্রমণে (প্যাকেজে) বান্দরবানকে সংযুক্ত করে তুলে ধরা সম্ভব হলে এ জেলার মানুষের জন্য অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনার দ্বার খুলে যাবে।