বান্দরবানে প্রথম নারী হেডম্যান চয়ে শৈ এনু মারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চয়ে শৈ এনু মারমা
চয়ে শৈ এনু মারমা

বান্দরবানে প্রথম নারী হেডম্যান (মৌজা প্রধান) হলেন চয়ে শৈ এনু মারমা। গত ১৫ এপ্রিল থেকে তিনি যোগদান করেছেন। পার্বত্য চট্টগ্রামে হেডম্যান প্রথা চালু হওয়ার সোয়া ১০০ বছরে আদিবাসী সমাজের প্রথাগত সামাজিক নেতৃত্বের মৌজা প্রধান হিসেবে এর আগে বান্দরবানের কোনো নারীকে এই পদে নিয়োগ দেওয়া হয়নি। গত ৬ এপ্রিল জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি মৌজার হেডম্যান হিসেবে তাঁকে নিয়োগ দেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২৭৪ নম্বর দোছড়ি মৌজার হেডম্যান ক্যঞোয়াই মারমা মৃত্যুর পর তাঁর স্ত্রী মা এ চিং মারমা ও ছোট বোন চয়ে শৈ এনু মারমাসহ তিনজন হেডম্যানের পদের জন্য আবেদন করেছিলেন। বোমাং রাজার দপ্তর আবেদনকারীদের মধ্যে চয়ে শৈ এনু মারমার পক্ষে সুপারিশ করে। জেলা প্রশাসক বোমাং রাজার সুপারিশের প্রতি সম্মান রেখে তাঁকে নিয়োগ দিয়েেছেন।
নতুন হেডম্যান চয়ে শৈ এনু মারমা নারী-শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি বলেন ‘এখনও আমাকে হেডম্যান হিসেবে কেউ কেউ মেনে নিতে পারছে না। ভালো কাজ করে সবার গ্রহণযোগ্য হতে চাই। এ জন্য সহযোগিতা কামনা করছি’।
এ প্রসঙ্গে বোমাং রাজা উ চ প্রু চৌধুরী বলেন, হেডম্যান পদের আবেদন যাচাই করে বয়সে কম হলেও শিক্ষাগত যোগ্যতা চয়ে শৈ এনু এগিয়ে। এ জন্য শিক্ষিত, যোগ্য নারী হিসেবে তাঁকে হেডম্যান নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বোমাং রাজা বলেন, ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে ৩৭৩টি মৌজায় বিভক্ত করে হেডম্যান ও কার্বারি (পাড়া প্রধান) পদ সৃষ্টি করা হয়েছিল। হেডম্যানরা মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায় ও সামাজিক বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষের সমতা আনা দরকার। এ জন্য প্রচলিত রীতি-প্রথা অনুসরণ করে নারী হেডম্যান নিয়োগে অগ্রাধিকার বিবেচনায় নেওয়া হবে। আগামীতে কার্বারি নিয়োগেও নারীদের উৎসাহিত করা হবে।
চয়ে শৈ এনু বান্দরবান জেলায় প্রথম নারী হেডম্যান হলেও বোমাং সার্কেলে (বান্দরবান পার্বত্য জেলার ৯৫টি, রাঙামাটির রাজস্থলী ও কাপ্তাইয়ের ১৪টি-মোট ১০৯টি মৌজা নিয়ে বোমাং সার্কেল) তিনিসহ বর্তমানে তিনজন নারী হেডম্যান রয়েছেন। অন্য দুজন হলেন কাপ্তাইয়ের সানু সিং মারমা ও রাজস্থলীর উ ক্র্যা সিং মারমা।