বান্দরবানে বমদের ফসল তোলার উৎসব ত্লাইথার উদ্যাপিত
জুম খেতে ভালো ফলন হওয়ায় ত্লাইথার বা নবান্ন উৎসব উদ্যাপন করেছে বান্দরবানের বম আদিবাসী জনগোষ্ঠী। বান্দরবান জেলা শহরে ৮ সেপ্টেম্বর এই উৎসব উপলক্ষে জুম খেতের ভুট্টা, মারফা, চিনারসহ (বাঙ্গি–জাতীয় ফল) নতুন ফসল নিয়ে শহরে আসেন বম আদিবাসী জুম চাষিরা।
নির্জন পাহাড়ে ঘেরা জুমঘরের ত্লাইথার উৎসব আয়োজন করার রেওয়াজ। তবে এবার আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বান্দরবান শহরে আয়োজন করা হয় এই উৎসবের।
এ প্রসঙ্গে আয়োজকদের একজন জিরকুং সাহু বম বলেন, মূলত বমদের সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন। ঐতিহ্য ধরে রাখার জন্য শহরে বসবাসরত বম জনগোষ্ঠীর সদস্যরাও গ্রামের স্বজাতিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উৎসবে যোগ দিয়েছেন।
গত রোববার সকাল থেকেই উৎসব উপলক্ষে জেলা শহরের উজানিপাড়া ও কালঘাটায় ঐতিহ্যবাহী পোশাকে বম আদিবাসী নারী-পুরুষ জুমে উৎপাদিত ভুট্টা, মারফা, চিনারসহ অন্যান্য ফসল নিয়ে জড়ো হতে থাকেন। কারও সঙ্গে বাদ্যযন্ত্রও ছিল। নানা ধরনের বদ্যযন্ত্র বাজিয়ে বম নারী-পুরুষ এই সময় নাচে-গানে মেতে ওঠেন। পরে তঁারা জুমের ফসলের উৎপাদন ভালো হওয়ায় সমাবেত প্রার্থনায় অংশ নেন।
উৎসবে যোগ দেওয়া উন্নয়নকর্মী নেমকিম বম বলেন, ‘আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জুমের ধান ঘরে তোলার জন্য আয়োজিত আনুষ্ঠুানিকতাকে ত্লাইথার বলা হয়। প্রায় ১০০ বছর আগে বমরা খ্রিষ্টানধর্মে দীক্ষিত হওয়ার আগে গয়াল, শূকর ও মুরগি বলি দিয়ে উৎসব করা হতো। গ্রামগুলোতে ,বিশেষ করে যাঁরা জুমচাষের ওপর নির্ভরশীল, তঁারা এখনো আগের ঐতিহ্যকে কিছুটা হলেও অনুসরণ করেন।
কালাঘাটায় প্রেসবিট্যারিয়ান চার্চ ভবনে উৎসব চলাকালে প্রবীণ এস লমচেও বম বলেন, ত্লাইথার একটি পরিবারভিত্তিক সামাজিক উৎসব। আগে প্রতিটি জুমিয়া পরিবার জুমঘরে এ উৎসব যাঁর যাঁর আর্থিক সামর্থ্য অনুযায়ী আয়োজন করতেন এবং পাড়া–প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করতেন।