বান্দরবানে বিতর্কের নোঙর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা খুবই অল্প, অথচ যেতে হবে বহুদূর, ঠিক সন্ধ্যা ছয়টায় নির্দিষ্ট জায়গায় সবাই উপস্থিত। যথাসময়ে বাসে যাত্রা শুরু করল একদল স্বপ্নবান উদীয়মান বিতার্কিক বান্দরবানের পথে। ‘যুক্তির ফুল ফুটল পাহাড়ে’—এ স্লোগান সামনে রেখে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম এনডিএফ বিডি বান্দরবান পার্বত্য জেলা বিতর্ক কর্মশালা-১৩। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের ৩৬ জন সদস্য নিয়ে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) বান্দরবানে এই লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে।প্রথম দিনের শুরুতেই আমরা গিয়েছি নীলগিরি, নীলাচল আর চিম্বুক পাহাড়ে। পরের দিন কর্মশালা শেষ করে আমরা স্বর্ণমন্দির দেখতে যাই। প্রত্যেকের জন্যই এই জায়গাগুলো ছিল স্বপ্নের মতো। নীলগিরি গিয়ে সবাই যেমন পাহাড়ের সঙ্গে মিশে যেতে চান, তেমনি পাহাড়ের এত ওপরে উঠেও মেঘ ছোঁয়ার ইচ্ছা থাকে। দুই দিনের এই সফরে একঝাঁক বন্ধুর মধ্যে যেমন আন্তরিকতার মেলবন্ধন বেড়েছিল, তেমনি বেড়েছিল দক্ষতা। এ ছাড়া গত ৩০ মার্চ বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এবং এনডিএফবিডির সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে বান্দরবানের আরও ১০টি স্কুল-কলেজের শিক্ষার্থী অংশ নেয়।এনডিএফবিডির পক্ষ থেকে পুরো আয়োজনে দায়িত্ব পালন করেন সংগঠনের কো-চেয়ারম্যান উত্তম রায়, শাকিল মাহবুব ও সোহানুর রহমান। এনডিএফবিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এনডিএফবিডি ছাত্রছাত্রীদের নিয়ে এ ধরনের বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সমাজ গঠনের জন্য তার্কিকেরা বিতর্ক করবেন, যেখানে জোরের যুক্তি নয়, যুক্তির জোর প্রতিষ্ঠিত হবে।