বান্দরবানে বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে বান্দরবান-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা-ঘাগড়া ও বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থান বিধ্বস্ত হওয়ায় সংকুচিত হয়ে পড়েছে মূল সড়ক। বিধ্বস্ত স্থানগুলো দ্রুত মেরামত করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবান সফরে এসে সড়কটি দ্রুত সংস্কারের নির্দেশ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সওজের (সড়ক ও জনপথ বিভাগের) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ৯ মার্চ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবানের বেশ কটি বিধ্বস্ত সড়ক পরিদর্শন করেন। তিনি সড়কগুলোর বেহাল দশা দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় সওজ এবং সেনাবাহিনীর প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) প্রকৌশলীরা মন্ত্রীকে জানান, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কগুলো সংস্কার করা যাচ্ছে না। মন্ত্রী সড়ক সংস্কারে অর্থের চাহিদা জেনে নেন এবং বর্ষা মৌসুম আসার আগেই বিধ্বস্ত সড়কগুলোর কাজ শেষ করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন। কিন্তু এ পর্যন্ত চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কগুলো সংস্কারে হাত দেওয়া যাচ্ছে না। তবে সারা দেশের সড়কগুলো বর্ষা মৌসুমে সচল রাখার লক্ষ্যে অর্থ বরাদ্দের জন্য আগামী কয়েক দিনের মধ্যে মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে এখানকার সড়কগুলোর জন্যও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজে গতি আসতে পারে বলে কর্মকর্তারা আশা করছেন। সওজ ও ইসিবি প্রকৌশলীরা জানান, বান্দরবানের অনেকগুলো সড়কে দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বান্দরবান-রোয়াংছড়ি ও বান্দরবান-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা-ঘাগড়া-সড়ক দুটিতে কোনো রকমে শুকনা মৌসুমে যান চলাচল চালু রাখা যায়। কিন্তু বর্ষায় তা সম্ভব হবে না বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী ফয়েজুল হক জানান, বান্দরবান-রোয়াংছড়ি ২২ কিলোমিটার সড়কের প্রায় অর্ধেকই বিধ্বস্ত হয়ে পড়েছে। এটি সংস্কারের জন্য ২০১০ সালে সাড়ে তিন কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় দুই বছর ধরে সংস্কারকাজ বন্ধ রয়েছে। তবে চলতি বছরে মাত্র ১৯ লাখ ৭৫ হাজার টাকা পাওয়া গেছে, যা খুবই অপ্রতুল। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর ১৯ ইসিবির একজন কর্মকর্তা জানান, ৫৯ কিলোমিটার বান্দরবান-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা-ঘাগড়া সড়কের জন্য চলতি বছরে মাত্র ৯৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তা-ও এ পর্যন্ত পাওয়া গেছে ৭১ লাখ ২৫ হাজার টাকা। ১৯৯৭ সালে নির্মিত সড়কটি সংস্কারে প্রতি কিলোমিটারে প্রায় এক কোটি টাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সূত্র জানায়, ২০০২-০৩ সালে সড়কটি সওজ থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় ইসিবি। ওই সময় যোগাযোগ মন্ত্রণালয়ে ৬০ কোটি ৪০ লাখ টাকার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। প্রকল্পটির জন্য এ পর্যন্ত খণ্ডিতভাবে ৫৫ শতাংশ অর্থ বরাদ্দ পাওয়া গেছে, যা দিয়ে কিছু কিছু কাজ করে কোনো রকমে সড়কটি এ পর্যন্ত চলাচলের উপযোগী রাখা হয়েছে। বর্তমানে অর্থের অভাবে সংস্কার করা না গেলে বর্ষা মৌসুমে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা প্রকাশ করেছেন। সওজের নির্বাহী প্রকৌশলী ফয়েজুল হক জানান, বান্দরবানে সওজের নির্মিত সড়কগুলোর মধ্যে তিনটির দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে। এর মধ্যে সওজের বান্দরবান-রোয়াংছড়ি ও সেনাবাহিনীর বান্দরবান-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা-ঘাগড়া সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। যোগাযোগমন্ত্রী সফরের সময় বান্দরবান-রোয়াংছড়ি সড়ক পরিদর্শন করেছেন। সেনাবাহিনীর ইসিবি নির্মাণাধীন সড়কগুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য তাঁকে জানানো হয়েছে। সেনাবাহিনী ইতিমধ্যে বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা অংশে কাজ শুরু করেছে বলে তিনি জানান।