বান্দরবানে ব্যবসায়ী অপহরণ, চার ঘণ্টা পর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের একটি আবাসিক হোটেলের মালিককে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করার চার ঘণ্টা পর চট্টগ্রাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ শাহ আলম নামে একজনকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। ১৪ জুলাই রাতে এ ঘটনা ঘটে।ওইদিন রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণসংলগ্ন হোটেল ফোরস্টারের মালিক মানিক চৌধুরী হোটেলের তৃতীয় তলায় অভ্যর্থনা কক্ষে কাজ করছিলেন। এ সময় হোটেলের দ্বিতীয়তলায় ভাড়া নেওয়া রেস্টুরেন্টের মালিক শাহ আলম দুইজন লোককে সেখানে নিয়ে যান। তারা পুলিশ পরিচয় দিয়ে বলেন, ‘আপনাকে ওসি সাহেব থানায় যেতে বলেছেন।’ মানিক চৌধুরী তাদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে ওই দুইজন লোক তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে তাঁকে হোটেলের নিচে নিয়ে আসে। পরে সেখানে রাখা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অপহূত মানিক চৌধুরী এভাবেই সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি আরও জানান, তাঁর ভাড়াটিয়া ওই রেস্টুরেন্টের মালিক শাহ আলমের সঙ্গে লেনদেন নিয়ে কয়েকদিন ধরে বিবাদ চলছিল। শাহ আলম ৭ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে আরও কয়েকজন লোক নিয়ে এসেছিলেন। সেখান থেকে তাঁকে আরেকটি আবাসিক হোটেলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার কাছে ডেকে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে ছয় লাখ টাকার চেক লিখে নেওয়া হয়েছে। এ ঘটনার ধারাবাহিকতায় আবারও শাহ আলমের প্রত্যক্ষ সহযোগিতায় সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছে। তাঁকে গাড়িতে করে ঢাকার দিকে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীদের মুঠোফোনে কল আসে। তারা গাড়ি থামিয়ে কিছুক্ষণ কথা বলার পর চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে তাঁকে একটি সিএনজিতে তুলে দেওয়া হয় বলে তিনি জানান। পুলিশ শাহ আলমকে গ্রেপ্তার করেছে। শাহ আলম ছয় লাখ টাকার চেক নেওয়ার কথা সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি বলেছেন, মানিক চৌধুরী তাঁর কাছ থেকে হোটেল তৈরির সময় ছয় লাখ টাকা নিয়েছিলেন। ওই টাকা আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার মাধ্যমে চাপ দিয়ে আদায়ের চেষ্টা করেছেন। তবে ৭ জুলাই শাহ আলমের নামে নেওয়া চেক তাঁকে না দিয়ে যারা ভয়ভীতি দেখিয়ে লিখে নিয়েছে তারাই নিয়ে গেছে। এ জন্য তিনি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। পুলিশ ও আদালতের সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন, আসামি শাহ আলম ও ঘটনার শিকার মানিক চৌধুরী দুইজনেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, অপহরণের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ উদ্ধার অভিযানে নামে। পুলিশের তৎপরতার মুখে সন্ত্রাসীরা মানিক চৌধুরীকে চট্টগ্রাম থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ঘটনায় শাহ আলম, গাড়িচালক মোহাম্মদ আলী, মো. সেলিম ও অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত রয়েছেন কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার শাহ আলমকে জিজ্ঞাসাবাদ এবং মামলা তদন্তে জানা যাবে ঘটনার সঙ্গে কারা জড়িত। দোষী প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।