বান্দরবানে মাসব্যাপী নাট্যোৎসব শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাটকের সৌন্দর্য জীবনের প্রতিবিম্ব’ এ প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানে হয়ে গেল মাসব্যাপী নাট্যোৎসবের চূড়ান্ত প্রতিযোগিতা। আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত এ উৎসবে মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয় উৎসব। চূড়ান্ত পর্বে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল প্রথম, বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় ও গজালিয়া উচ্চবিদ্যালয় তৃতীয় হয়। জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগ এবং পুলিশ সংস্কার কর্মসূচি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. আতিকুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, বান্দরবান সেনা সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহবুব রশিদ ও অধ্যক্ষ লে. কর্নেল জহির। সভাপতিত্ব করেন পুলিশ সুপার কামরুল আহসান। জানা যায়, প্রতিযোগিতার শুরুতে গজালিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচার চাই নাটক মঞ্চস্থ করে। নাটকে যৌতুকের কুফল ও পাড়াবাসীর সচেতনতায় কীভাবে যৌতুকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব তা তুলে ধরা হয়। সুয়ালক উচ্চবিদ্যালয় পরিবেশন করে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক দেশপ্রেম। বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা মিস্কল থেকে মিস-লাইন নাটকে মুঠোফোন নিয়ে সরস কথামালা উপস্থাপন করে। উঠতি বয়সী তরুণ-তরুণীরা মুঠোফোনের অপব্যবহার করে কীভাবে বিপদগ্রস্ত হচ্ছেন তা-ই ছিল নাটকের মূলকথা। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নাটকের নাম কলহ। পারিবারিক কলহের প্রভাব শিশুদের ওপরও পড়ে—এটাই তুলে ধরা হয়েছে নাটকে। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে ১২ জনকে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী ও চার শিক্ষককে শ্রেষ্ঠ নাট্যনির্দেশকের পুরস্কার দেওয়া হয়।