বান্দরবানে মুক্তিযোদ্ধা ৫৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের মুক্তিযোদ্ধা যাচাই–বাছাই কমিটি জেলার ছয়টি উপজেলায় ৫৩ জন মুক্তিযোদ্ধা শনাক্ত করেছে। আদালতে মামলা থাকায় লামা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাইয়ের কাজ স্থগিত আছে। ছয় উপজেলার মধ্যে বান্দরবান সদরসহ বাকি পাঁচ উপজেলায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন ৬৭ জন। জেলায় নতুন আবেদন করেছেন আরও ৪৬ জন। নতুন ও পুরোনো ১১৩ জন আবেদনকারীর মধ্য থেকে তথ্য–প্রমাণের ভিত্তিতে কমিটির সদস্যরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেন।
১৭ ফেব্রুয়ারি যাচাই-বাছাই কমিটি জেলার সাতটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় শনাক্ত হওয়া ও বাদপড়াদের তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায়, আগের তালিকা অনুযায়ী বান্দরবান সদরে ৫০জন, নাইক্ষ্যংছড়িতে ১৪ জন এবং আলীকদম, থানচি ও রোয়ংছড়িতে একজন করে মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁরা ভাতাসহ সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করতেন। যাচাই–বাছাই শেষে ৬৭ জনের মধ্যে ১০ জনকে তথ্যপ্রমাণের অভাবে বাদ দেওয়া হয়েছে। আর পাঁচজনের বিষয়ে কমিটির সদস্যদের দ্বিধাদ্বন্দ্ব থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। নতুন আবেদন করা ৪৬ জনের মধ্যে কেবল একজনের আবেদন টিকেছে। অন্য একজনের সম্পর্কে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে। এর ফলে নতুন ও পুরোনো তালিকার ৫৩ জন মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হয়েছেন।
যাচাই–বাছাই কমিটি সূত্রে জানা গেছে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সত্যেন্দ্র মজুমদার ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমানসহ সাতজনকে নিয়ে বিতর্ক দেখা দেয়। তাঁরা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন এবং ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে আসছিলেন। তালিকার মন্তব্য কলামে বলা হয়েছে, আবেদনকারীদের কেউ কেউ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধকালীন প্রামাণ্য কোনো দলিলপত্র তাঁদের নেই। দলের অধিনায়ক অথবা সহযোদ্ধাদের বিশ্বাসযোগ্য সাক্ষ্যও পাওয়া যায়নি। এ জন্য যাচাই-বাছাই কমিটিতে বিতর্ক ও দ্বিধাবিভক্তি দেখা দেওয়ায় তাঁদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নতুন আবেদনকারীদের মধ্য থেকে মুক্তিযুদ্ধের সংগঠক মাহাবুবুর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী তালিকাভুক্তির জন্য আবেদন করলেও তিনি যাচাই-বাছাইয়ের সময় হাজির হননি।
জেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি মো. সফিকুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, উচ্চ আদালতে মামলার কারণে লামা উপজেলার যাচাই-বাছাই স্থগিত রয়েছে। অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দলিলপত্র যাচাই, দলের অধিনায়ক ও সহযোদ্ধাদের যুক্তিসংগত মতামত নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আনার চেষ্টা করা হয়েছে। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ব্যাপারে যাচাই-বাছাই কমিটির করার কোনো কিছু ছিল না। নীতিমালা ও নির্দেশনার ভিত্তিতে সবকিছু যাচাই-বাছাই করে কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
যাচাই-বাছাইয়ে বাদ পড়া ব্যক্তিদের প্রতিবাদ ও প্রত্যাখ্যান: যাচাই-বাছাইয়ে বাদ পড়া চারজন মুক্তিযোদ্ধা ও প্রয়াত পাঁচজনের সন্তানেরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। বিজ্ঞপ্তিতে তাঁরা উল্লেখ করেন, যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তে নয়, সাবেক যুগ্ম সচিবের ইচ্ছা-অনিচ্ছায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই হয়েছে। কারও কোনো কাগজপত্র দেখা হয়নি, আবদুল ওহাব যাঁকে বলেছেন তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে বহাল রাখা হয়েছে। এ জন্য যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। তাঁরা কমিটি পুনর্গঠন করে অবিলম্বে পুনরায় যাচাই-বাছাইয়েরও দাবি জানিয়েছেন।
সাবেক যুগ্ম সচিব ও মুক্তিযোদ্ধা আবদুল ওহাব বলেছেন, তিনি এখতিয়ারের বাইরে কোনো কাজ করেননি। বান্দরবানের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই-বাছাইয়ের দিন গিয়েছিলেন। এ সময় যাচাই-বাছাই কমিটি অন্য মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কয়েকজনের জন্য তাঁর সাক্ষ্য নেয়।