বান্দরবানে মুগ্ধ পর্যটনদূত আলমগীর-দিপালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গত বছরের ৩০ অক্টোবর মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে দেশ ভ্রমণ শুরু করেন এই দম্পতি

দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের শুভেচ্ছাদূত হয়েছেন আলমগীর আহমেদ ও চৌধুরানী দিপালী আহমেদ। গত বছরের ৩০ অক্টোবর মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে দেশ ভ্রমণ শুরু করেন এই দম্পতি। দেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী স্থানগুলোর ছবি তোলার পাশাপাশি তাঁরা কথা বলছেন স্থানীয় প্রশাসন ও তরুণ-তরুণীদের সঙ্গে। ৬০টি জেলা ঘুরে ১৮ জানুয়ারি তাঁরা এসে পৌঁছান বান্দরবানে। বান্দরবানের বন্য নিসর্গ দেখে মুগ্ধ তাঁরা।

মোটরসাইকেলেই ঘুরে বেড়ান আলমগীর ও ​িদপালী
মোটরসাইকেলেই ঘুরে বেড়ান আলমগীর ও ​িদপালী

আড়াই মাস ধরে মোটরসাইকেলে ঘুরছেন। অথচ শরীরে ক্লান্তির ছাপ নেই। বরং চোখ-মুখে বিস্ময় আর আনন্দ। পার্বত্য শহর খাগড়াছড়ি ও রাঙামাটি হয়ে বান্দরবানে এসে পৌঁছে উচ্ছ্বাসের কথা জানালেন গণমাধ্যম কর্মীদের।
প্রথম আলোকে দিপালী আহমেদ বলেন, ‘পাহাড়ে ছড়িয়ে আছে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য। উঁচু পাহাড়, ঝিরি-ঝরনা-নদী, উপত্যকা আর মানুষজন দেখে সত্যিই এই জায়গার প্রেমে পড়ে গেছি।’
পর্যটক দম্পতির কাছ থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর ‘ভিজিট বাংলাদেশ-২০১৬’ স্লোগানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পর্যটনদূত হিসেবে দেশ ভ্রমণে বেরিয়েছেন তাঁরা। বান্দরবানে পৌঁছে তাঁরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় প্রেসক্লাব মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও সাংবাদিকেরা তাঁদের স্বাগত জানান।
আলমগীর আহমেদ বলেন, বান্দরবানসহ এ পর্যন্ত তাঁরা ৬০টি জেলা ঘুরেছেন। সবচেয়ে বেশি পর্যটন সম্ভাবনা দেখেছেন তিন পার্বত্য জেলায়। সাজেক, কেওক্রাডাং ও চিম্বুকের বনাঞ্চল, পাহাড় সারি, পাহাড়ি নদী, উপত্যকাজুড়ে ছড়ানো পাহাড়ি গ্রাম সব মিলিয়ে অপূর্ব। বিশেষ করে পাহাড়ি লোকজনের ভাষা-সংস্কৃতির বৈচিত্র্য এখানকার বড় সম্পদ, যা দেশের অন্য কোনো জেলায় নেই। এ বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ না করে পারে না। কিন্তু এসব সম্ভাবনা থাকা সত্ত্বেও উদ্যোগের অভাবে পর্যটন বাড়ছে না।

বান্দরবানের নীলগিরিতে পর্যটক দম্পতি। ছবিটি গত শুক্রবার তোলা l  ছবি : সংগৃহীত
বান্দরবানের নীলগিরিতে পর্যটক দম্পতি। ছবিটি গত শুক্রবার তোলা l ছবি : সংগৃহীত

দিপালী আহমেদ বলেছেন ‘আমি নীলফামারীর মেয়ে। জানতাম না আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের মতো অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি রয়েছে। এখানকার সৌন্দর্য একরৈখিক নয়, বৈচিত্র্যপূর্ণ ও বহুমাত্রিক। জাতিগত বৈচিত্র্য দেখেও মুগ্ধ হয়েছি।’
কীভাবে পর্যটন বাড়ানো যায়—এমন প্রশ্নের উত্তরে এই দম্পতি বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন বাড়াতে হলে অবকাঠামো গড়ে তুলতে হবে। বিশেষ করে যোগাযোগব্যবস্থার মানোন্নয়ন করতে হবে। বর্তমানে যে সড়কগুলো রয়েছে, সেগুলো যথেষ্ট নিরাপদ নয়। এ ছাড়া দেশি-বিদেশি পর্যটকদের জন্য পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।
দিপালী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ‘ভিজিট বাংলাদেশ-২০১৬’ ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তাঁরা দেশের যুবসমাজকে ভ্রমণ ও পর্যটনশিল্পে আগ্রহী করার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাদের সহযোগিতা করছে। বান্দরবানে এসে তাঁরা বান্দরবান সরকারি কলেজের ছাত্রছাত্রীদের কাছে তাঁদের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেছেন। এখান থেকে তাঁরা কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লা হয়ে ২৫ জানুয়ারি ভ্রমণ শেষ করবেন।