বান্দরবানে ম্যালেরিয়া রোগীর সংখ্যা কমেছে
পার্বত্য জেলা বান্দরবানে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা কমছে। জেলায় ২০০১ সালে ম্যালেরিয়ায় মারা যায় ১১৪। ২০০৭-০৮ সালে এ সংখ্যা ১৬ জনে নেমে এসেছে। জাতীয়ভাবে ২০০১ সালে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা ছিল ৪৯০ জন। ২০০৮ সালে তা কমে দাঁড়ায় ১৩৫ জনে। ম্যালেরিয়া প্রতিরোধের লক্ষ্যে জেলার সাতটি উপজেলায় বিনা মূল্যে কীটনাশকযুক্ত মশারি বিতরণের সুফল হিসেবে ম্যালেরিয়া রোগ ও মৃতের হার কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের কর্মসূচি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বান্দরবান পার্বত্য জেলায় জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ (এনএমসিপি) কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক ২০০৬ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। উপজেলাগুলোর দুর্গম এলাকায় স্বাস্থ্য বিভাগ আটটি ও ব্র্যাক ১৭টি ম্যালেরিয়া পরীক্ষাকেন্দ্র সার্বক্ষণিকভাবে খোলা রেখেছে। এ ছাড়া মাঠ পর্যায়ে সরকারি-বেসরকারি ২৮১ জন কর্মী তাৎক্ষণিকভাবে ম্যালেরিয়া শনাক্তকরণ কীট ব্যবহার করে জটিল নয় এমন রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এতে দুর্গম এলাকার রোগীদের চিকিৎসার জন্য উপজেলা ও জেলা শহরে আসার ভোগান্তি পোহাতে হচ্ছে না। কর্মসূচির আওতায় ২০০৭ সাল থেকে দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারি (এলএলআইএন) বিতরণ করা হচ্ছে।সিভিল সার্জন মং তে ঝ রাখাইন জানিয়েছেন, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত জেলার সাতটি উপজেলা ও ৩১টি ইউনিয়নে মোট চার লাখ ৫৩ হাজার ৪১২টি মশারি বিতরণ করা হয়েছে। চলতি বছর মশারি পাওয়া গেছে এক লাখ ৮৯ হাজার ৩০০টি। এর মধ্যে এক লাখ ৬০ হাজার মশারি বিতরণ করা হয়েছে এবং আরও প্রায় ২৯ হাজার ৩০০টি শিগগিরই বিতরণ সম্পন্ন করা হবে।এদিকে ১ অক্টোবর চেমিডলুপাড়ায় মশারি বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান এবং স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক কমিটির সদস্য ক্যসাপ্রু মারমা। বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক উখ্যায় উইন, বান্দরবান উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামান, চেমি মৌজার হেডম্যান পুলুপ্রু মারমা প্রমুখ। এতে বক্তারা ম্যালেরিয়া প্রতিরোধে, বিশেষ করে মৃতের সংখ্যা কমে আসায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।