বান্দরবানে লুসাই পরিবারের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের ঐতিহ্যবাহী লুসাই পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। আব্দুল আলীম (ওরফে আলীম কন্ট্রাকটর) নামে এক ব্যক্তি ইতিমধ্যে জমির কিছু অংশ দখল করে নিয়েছেন এবং সেখানে মসজিদ নির্মাণে তত্পর রয়েছেন। আদালতের নির্দেশে নির্মিত সীমানা খুঁটিও আলীম তুলে নিয়েছেন এবং জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছেন বলে লুসাই বাড়ির লোকজন অভিযোগ করেছেন।জানা গেছে, লুসাই পরিবারের সদস্য দিলীপ লুসাই ওরফে খোকা লুসাইয়ের জেলা শহরের প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পূর্বপাশে দুই একর পাহাড়ি জমি ছিল। তিনি জীবিত থাকাকালে তাঁর কাছ থেকে আব্দুল আলীম এক একর জমি কেনেন। ওই জমি তখন সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু খোকা লুসাই মারা যাওয়ার পর আলীম এক একর ছাড়াও আরও ৫০ শতক জমি তাঁর (খোকা লুসাইয়ের) কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন। তিনি লুসাই পরিবারের বাকি এক একর জমির বেশির ভাগ দখল করে সেখানে মসজিদ নির্মাণে তত্পর রয়েছেন বলে অভিযোগে জানা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গত চারদলীয় জোট সরকারের আমলে তত্কালীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার কাছ থেকে আলীম চার লাখ টাকার একটি মসজিদ নির্মাণ প্রকল্প হাতিয়ে নেন। প্রকল্প পাওয়ার পর অবৈধভাবে পাহাড় কাটার দায়ে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। লুসাই বাড়ির থানজামা লুসাই (লুসাই স্যার হিসেবে পরিচিত) জানিয়েছেন, ‘আদালতের নির্দেশে সম্প্রতি তাঁদের বান্দরবান মৌজার ৭৩১ নম্বর হোল্ডিংয়ের জমি প্রশাসন পরিমাপ করেছে। আলীমের মসজিদ নির্মাণের জমি বাদ দিয়েই সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া জায়গায় তাঁরা সীমানা খুঁটি গেড়ে দেওয়া হয়। কিন্তু আলীম রাতের আঁধারে ওই সীমানা খুঁটি তুলে নিয়ে জমিটি দখল করেন।’ ঘটনার পর থানজামা লুসাই থানায় মামলা দায়ের করলে পুলিশ আব্দুল আলীমকে ১৫ জানুয়ারি গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে আবারও তাঁদের হুমকি দিচ্ছেন বলে থানজামা লুসাই জানান। তিনি বলেন, ‘আমার ছোট ভাই খোকা লুসাই জীবিত থাকাকালে তার কাছ থেকে ৫০ শতক জমি কিনেছেন দাবি করে আব্দুল আলীম একটি কাঁচা দলিল তৈরি করেন। ওই দলিল দিয়ে টাকার জোরে আমাদের হয়রানি করা হচ্ছে। কারণ ছোট ভাই জীবিত থাকাকালে কোনো দিন জমি বিক্রির কথা পরিবারের কাউকে বলেননি এবং আব্দুল আলীমও জমি দাবি করেননি।’ এ ব্যাপারে আব্দুল আলীমের সঙ্গে যোগাযোগ করলে তিনি লুসাই পরিবারের জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘লুসাই পরিবারই আমার প্রাপ্য জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে। আমাকে জেলেও পাঠিয়েছে। কোনো ভুয়া দলিল নয়, খোকা লুসাইয়ের ৫০ শতক জমি বিক্রি করা নিবন্ধিত বায়নানামা দলিল রয়েছে।’ আলীম লুসাই পরিবারের দেওয়া সীমানা খুঁটি তুলে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, কে বা কারা নিয়েছে সেটা তাঁর জানার বিষয় নয়। ১৫ জানুয়ারি আলীমকে গ্রেপ্তার করা মামলার তদন্ত কর্মকর্তা বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ করিম জানিয়েছেন, আব্দুল আলীমের বৈধ কোনো দলিলপত্র না থাকা সত্ত্বেও তিনি একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে লুসাই পরিবারের জমি দখলে তত্পর রয়েছেন।