বান্দরবানে শান্তিপূর্ণ প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে বান্দরবানে শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রচারণা। জেলার সাত উপজেলার ৩০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ থেকে ২৮ জুন। কোনো ইউনিয়ন থেকে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার মধ্যে পাঁচটিতে মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। এই পাঁচ উপজেলার ২২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৫, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৭৯৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোয়াংছড়ি ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় এখনো প্রার্থী বাছাই শেষ হয়নি। লামা উপজেলার সাতটি ও আলীকদমে দুটি ইউনিয়নে এবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।রিটার্নিং কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বান্দরবান সদর উপজেলায় পাঁচটি, লামা উপজেলায় সাতটি ও আলীকদমে দুটিসহ ১৪টি ইউনিয়নে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে লামা ও আলীকদম উপজেলায় ৮ জুন প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। বান্দরবান সদর উপজেলায় নির্বাচন হবে ১২ জুন। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আলীকদম সদর ইউনিয়নে একজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রতিবাদ মিছিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। আলীকদম বাজারের ব্যবসায়ী জসীম উদ্দিন জানান, ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা।লামার সাতটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চলছে বলে রিটার্নিং কর্মকর্তা শাহ নেওয়াজ জানান।বান্দরবান সদর উপজেলার চারটি ইউনিয়নেও কোনো রকম অপ্রীতিকর ঘটনার কথা জানা যায়নি। রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তপন মারমা জানিয়েছেন, ওই ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী ভয়ভীতি ও দ্বিধা-সংকোচ ছাড়া প্রচারণা চালাচ্ছেন।সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমানে প্রার্থী রাংলাই ম্রো বলেন, ‘আপাতত কোনো সমস্যা নেই। নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।’তবে লামা সরই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যোহন ত্রিপুরা নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দিন সরই বাজারসহ কয়েকটি ভোটকেন্দ্রে গোলযোগ হতে পারে।’জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, ‘অত্যন্ত সুন্দর পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এ পর্যন্ত কোনো রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে গোলযোগ বা আচরণবিধি লঙ্ঘনের কোনো সংবাদ পাওয়া যায়নি।’