বান্দরবানে হচ্ছে বহু প্রতীক্ষিত নার্স ট্রেনিং কলেজ
বহু প্রতীক্ষার পর অবশেষে নার্স ট্রেনিং কলেজ (এনটিসি) প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বান্দরবানে। এই কলেজের কার্যক্রম শুরু হলে বান্দরবানবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণেই কলেজের ভবন নির্মাণ করা হবে। এ কারণে নতুন করে ভূমি অধিগ্রহণ করারও প্রয়োজন হবে না।
৬ সেপ্টেম্বর এনটিসি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ িসং। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, সিভিল সার্জন মংতেঝ রাখাইন ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা।
বীর বাহাদুর উ শৈ সিং বলেন, তিন পার্বত্য জেলায় শিক্ষা-সংস্কৃতিতে অনগ্রসরতার কথা বিবেচনা করে সরকার রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
মংতেঝ রাখাইন বলেন, প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এনটিসিতে বিশ্বমানের সেবিকা প্রশিক্ষণের সব ধরনের ব্যবস্থা থাকবে। এ শিক্ষাপ্রতিষ্ঠান দেশের সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে সেবিকার চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানিতে সহায়ক ভূমিকা পালন করবে। বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এনটিসি প্রতিষ্ঠার সিদ্ধান্ত হওয়ায় অতিরিক্ত জমি অধিগ্রহণেরও কোনো প্রয়োজন হবে না। বান্দরবানের মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে বলেন, অনগ্রসর এলাকা হিসেবে তিন পার্বত্য জেলার আদিবাসী ও বাঙালি স্থায়ী বাসিন্দাদের এখানে লেখাপড়ায় বিশেষ অগ্রাধিকার দিতে হবে।
মারমা শিল্পীগোষ্ঠীর সহসভানেত্রী মিনিপ্রু মারমাও একই কথা বলেন। তিনি বলেন, বান্দরবানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার ব্যাপারে পার্বত্য এলাকার বাসিন্দারা অগ্রাধিকার পাবে, এটাই প্রত্যাশা। কিন্তু সেটা না হয়ে যদি দেশের অন্যান্য উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের মতো শুধু ৫ শতাংশ কোটা রাখা হয়, তবে বান্দরবানবাসীর তেমন কোনো লাভ হবে না।