বান্দরবানে হেলে পড়া ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে বনানী করাতকল এলাকায় হেলে পড়া ভবন পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা l প্রথম আলো
বান্দরবানে বনানী করাতকল এলাকায় হেলে পড়া ভবন পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা l প্রথম আলো

বান্দরবান জেলা শহরের বনানী করাতকল এলাকায় ভূমিকম্পে হেলে পড়া একটি চারতলা ভবনে এখনো সাত-আটটি পরিবার বসবাস করছে। হেলে পড়ার পর পৌরসভা ও ফায়ার সার্ভিসের লোকজন ভবনটি পরিদর্শন করলেও লোকজন সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং বাসাভাড়া দেওয়া হবে মর্মে ভবনের দেয়ালে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী অংসুই খয় মারমা বলেন, ভবনটির ব্যাপারে তাঁরা অবহিত রয়েছেন। কয়েক দিনের মধ্যে বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে ভবনের বসবাস উপযোগিতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায় বনানী করাতকল এলাকার ম্যাক্সি খালের মুখে শঙ্খ নদের তীর ঘেঁষে বেশ কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন রয়েছে। সেখানে হাজি সাহেবের বিল্ডিং নামে পরিচিত ভবনটি পেছনের দিকে হেলে পড়েছে।
ফায়ার সার্ভিসের বান্দরবান কেন্দ্রের সাব-অফিসার স্বপন কুমার ঘোষ ১৩ এপ্রিল ভূমিকম্পের পর হেলে পড়া ভবনটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ভবনটি স্বাভাবিক অবস্থা থেকে সাড়ে তিন থেকে চার ইঞ্চি পেছনের দিকে হেলে পশ্চিম পাশের ভবনের কাছাকাছি চলে গেছে। ঝুঁকির বিষয়টি নির্মাণ প্রকৌশলীরা বলতে পারবেন। কিন্তু কোনো না কোনো সময়ে দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভবনের ভাড়াটে বাসিন্দা নাসরিন আক্তার জানিয়েছেন, ১৩ এপ্রিল ভূমিকম্পের পরে ভবনটি হেলে পড়ে। এখন তাঁরা সবাই একধরনের আতঙ্ক নিয়ে বসবাস করছেন। কর্তৃপক্ষ কিছু না বলায় তাঁরা নতুন বাসা খুঁজতে বের হননি।
ভবনের তত্ত্বাবধানকারী মোহাম্মদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভবনের জন্য কোনো ঝঁুকি নেই। হেলে পড়ার ব্যাপারেও তিনি কিছু বলতে রাজি হননি।
পৌরসভার সচিব তৌহিদুর রহমান বলেন, ভবনটি নির্মাণে পৌরসভার অনুমোদন থাকলেও অনুমোদিত নকশা অনুযায়ী সম্ভবত করা হয়নি। এ জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। ভূমিকম্পে হেলে পড়ার পর বিষয়টি তদন্ত করার জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।