বান্দরবানে ১০ হাজার হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে ১০ হাজার হতদরিদ্র পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি প্রকল্পের আওতায় প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ইউকে এইডের সহযোগিতায় তিন বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ও গ্রিন হিল। কারিতাসের কর্মসূচি ব্যবস্থাপক মাসুদ রানা জানান, বান্দরবান পার্বত্য জেলার দুর্গমতম এলাকায় বসবাসকারী অতিদরিদ্র আদিবাসীদের দৈনিক মাথাপিছু আয় মাত্র ২২ টাকা। জুম চাষের ওপর নির্ভরশীল অধিকাংশ পরিবার বছরে মাত্র তিন মাসের খাদ্যের সংস্থান করতে পারে। এ ছাড়া নয় মাসই তারা মারাত্মক খাদ্যাভাবে থাকে। দুর্গম এলাকা হওয়ায় হতদরিদ্র পরিবারগুলোর কাছে কোনো ধরনের উন্নয়নের সেবা পৌঁছায় না। উন্নত কৃষি উপকরণের মাধ্যমে এসব পরিবারকে পুনর্বাসন করা হবে। এ ছাড়া প্রকল্পের আওতায় আদিবাসীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, জেলার সাতটি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শুধু সরকারি-বেসরকারি উন্নয়ন সুবিধার আওতার বাইরে থাকা অতিদরিদ্র পরিবারগুলোকে এ প্রকল্পের আওতায় আনা হবে। ১০ হাজার পরিবারের প্রত্যেককে গাছের চারা, গবাদিপশুসহ ১৯ হাজার টাকার কৃষি উপকরণ সরবরাহ করা হবে। পাশাপাশি বিদ্যালয় থেকে তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণও দেওয়া হবে। স্বল্প ও দীর্ঘ মেয়াদে এই সুবিধা দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈচিং এমপি ১৮ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে প্রকল্পের উদ্বোধন করেছেন। কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় জেলা প্রশাসক মিজানুর রহমান, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, সিঁড়ি প্রকল্পের প্রধান অর্থ কর্মকর্তা আনোয়ার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বীর বাহাদুর এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের দারিদ্র্যের ধরন সমতলের মতো নয়। যোগাযোগ বিচ্ছিন্নতা ও অনগ্রসরতা এ অঞ্চলের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ। তাঁদের কাছে সেবা পৌঁছাতে হবে এবং নিবিড়ভাবে কাজ করলে তাঁদের দারিদ্র্য দূর করা সম্ভব।