বান্দরবানেও প্রতিবাদ সমাবেশ
বান্দরবানের আদিবাসী নেতারা অভিযোগ করেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের জাতি হিসেবে বাঙালি ও জাতীয় সংস্কৃতিতে উপজাতি-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিচয় জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। আদিবাসীরা নিজেদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে এলেও সংশোধনীতে তা আমলে নেওয়া হয়নি। সংবিধান পুনরায় সংশোধন করার দাবিতে ৯ জুলাই বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন নেতারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির কোর কমিটির সদস্য জুয়ামলিয়ান আমলাই বলেছেন, ১৯৭২ সালের সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়ায় পার্বত্য চট্টগ্রামের মানুষ প্রায় দুই যুগ সশস্ত্র সংগ্রাম করেছিলেন। সেই সংগ্রামকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। স্বাধীনতার প্রায় ৪০ বছর পর আদিবাসীদের মতামত নিয়ে তাঁদের আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতির সুযোগ এসেছে। কিন্তু সরকার আদিবাসীদের বাঙালি ও উপজাতি পরিচয় চাপিয়ে দিয়ে ১৯৭২ সালের চেয়েও মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। আদিবাসী ফোরামের বান্দরবান জেলা শাখার সভাপতি মংমং চাক বলেছেন, আদিবাসীরা এ সংশোধনী মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সংবিধানের সংশোধনীতে আদিবাসীদের একদিকে জাতি হিসেবে বাঙালিকরণ করা হয়েছে। অপরদিকে, ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর মতো তাদের উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃ-গোষ্ঠী ও সম্প্র্রদায় পরিচয় চাপিয়ে দিয়ে সরকার স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছে। এ রকম পরস্পরবিরোধী সাংবিধানিক সীমাবদ্ধতা জাতীয় সংহতির ক্ষেত্রে সংকট সৃষ্টি করতে পারে। আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের মাধ্যমে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে জানানো হয়েছে।