পৌর নির্বাচনে বান্দরবানের দুটি পৌরসভায় এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন মাত্র পাঁচজন। যাঁদের সবাই আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী। অথচ ২০১১ সালের নির্বাচনে প্রার্থীর সংখ্যা ছিল ১০ জন, যাঁদের ৬ জনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মতে, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবার স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী মাঠে নামতে আগ্রহ দেখাননি। বান্দরবান পৌরসভায় এবার প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের ইসলাম বেবি, বিএনপির জাবেদ রেজা ও জাতীয় পার্টির (এরশাদ) মিজানুর রহমান। আর লামায় প্রার্থী হয়েছেন কেবল দুজন। তাঁরা হলেন আওয়ামী লীগের জহিরুল ইসলাম ও বিএনপির বর্তমান মেয়র আমির হোসেন আমু।
জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৮ জানুয়ারি বান্দরবানের সর্বশেষ দুই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনই ছিলেন স্বতন্ত্র। তখন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৪ জন। বান্দরবান সদর পৌরসভায় ছয় প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ছিলেন চারজন ও লামায় চারজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন দুজন।
২০১১ সালের নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েও পরে প্রত্যাহার করে নেন মোজাম্মেল হক বাহাদুর। তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আগের চেয়ে প্রার্থী কমেছে। কারণ দলীয় প্রতীকের বিরুদ্ধে জয়ী হয়ে আসা স্বতন্ত্র প্রার্থীদের জন্য কঠিন।
গত নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বান্দরবান পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আয়ুব চৌধুরী বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার চিন্তাভাবনা করছেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনের প্রক্রিয়া জটিল করা হয়েছে। তবে এরপরও নির্বাচন করার বিষয়ে আশা ছাড়ছেন না তিনি।
বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নির্দলীয় প্রার্থীদের কাছে কঠিন মনে হচ্ছে। এ জন্য আগের মতো ইচ্ছে হলেই কেউ প্রার্থী হচ্ছেন না। আজ ৩ ডিসেম্বর মনোনয়ন সংগ্রহের শেষ দিন। এরপর বলা সম্ভব হবে স্বতন্ত্র কোনো প্রার্থী থাকছেন কিনা।