বান্দরবানের পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন ষষ্ঠ দফায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের ২৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ এপ্রিল। তবে ওই তারিখে অনুষ্ঠিত হচ্ছে না বান্দরবান সদর উপজেলার একটি এবং আলীকদমের চারটি ইউনিয়নের নির্বাচন। ভুল তথ্য ও ভোটার তালিকায় জটিলতা থাকায় ওই সব ইউনিয়নে নির্বাচন তৃতীয় দফায় না হয়ে ষষ্ঠ দফায় হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে ৫ এপ্রিল এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, দুই ইউনিয়নের আলীকদম উপজেলাকে চার ইউনিয়ন করা হয়েছে। নতুন দুই ইউনিয়ন সৃজনের সময়ে সীমানা নিয়ে সমস্যা না হলেও ভোটার তালিকা বিন্যাসে গরমিল দেখা দিয়েছে। এ কারণে বান্দরবানের সব ইউনিয়নে তৃতীয় দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আলীকদমের চার ইউনিয়ন বাদ পড়ে যায়। অপরদিকে, কুহালং ইউনিয়নের সর্বশেষ নির্বাচন ২০১১ সালেও হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তালিকায় নির্বাচন অনুষ্ঠানের সময় ২০১৩ সাল উল্লেখ করা হয়েছিল। এই ভুলের কারণে কুহালংয়ের তফসিলও ঘোষিত হয়নি।
আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা বলেন, আলীকদমের চারটি ইউনিয়নে তৃতীয় দফায় ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় কাজ করতে গিয়ে দেখা গেছে আলীকদম সদর ইউনিয়ন ভেঙে ক্রুকপাতাঝিরি ও চৈক্ষ্যং ভেঙে নোয়াপাড়া নামে নতুন দুই ইউনিয়নের করার সময় ভোটার তালিকা পুনর্বিন্যাসে কিছুটা গরমিল থেকে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এ জন্য সেখানে কোনো মনোনয়নপত্র বিতরণ করা হয়নি। পরে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে ষষ্ঠ দফায় আলীকদমের চার ইউনিয়নের নির্বাচন হবে।
বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, বান্দরবান সদর উপজেলার পাঁচটি ইউপি নির্বাচনের জন্য তালিকা পাঠানো হয়েছিল। কিন্তু সেখান থেকে কুহালং ইউপি কমিশনের তৃতীয় ও চতুর্থ দফায় ঘোষিত তফসিল থেকে বাদ পড়ে যায়। ষষ্ঠ দফায় আগামী জুন মাসে নির্বাচন হওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।
জেলা ও উপজেলা নির্বাচন দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন জেলা প্রশাসকের মাধ্যমে জেলা নির্বাচন কার্যালয় থেকে একটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি নির্বাচন উপযুক্ত ইউনিয়নের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তালিকায় কুহালং ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের সময় ২০১৩ সাল বলা হয়েছে। অথচ জেলার ৩৩টি ইউনিয়ন থেকে নাইক্ষ্যংছড়ির তিনটি ছাড়া সব কটি ইউনিয়নে একসঙ্গে ২০১১ সালে নির্বাচন হয়েছে। এ রকম তথ্যগত বিভ্রান্তির জন্য কুহালং ইউপি নির্বাচন অনুষ্ঠানও নিয়েও বিভ্রান্তি দেখা দেয়।