বান্দরবানের বীর বিক্রম সড়কে যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গু নদের ভাঙনে ধসে গেছে বীর বিক্রম সড়ক। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল l প্রথম আলো
সাঙ্গু নদের ভাঙনে ধসে গেছে বীর বিক্রম সড়ক। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল l প্রথম আলো

বান্দরবান জেলা শহরের ইউ কে সিং বীর বিক্রম সড়কের ইসলামপুর এলাকার একটি অংশ ধসে পড়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এই সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেয়নি পৌরসভা। ইতিমধ্যে সড়কের বিভিন্ন স্থানে আরও ফাটল দেখা দিয়েছে। বাধ্য হয়ে লোকজন ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছে সড়ক দিয়ে।
সড়কে চলাচলকারী লাঙ্গীপাড়া ও ফরেস্টার অফিস এলাকায় বসবাসকারী লোকজন জানান, যানবাহন চলাচল বন্ধ থাকায় চার শতাধিক চাষি তঁাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পরিবহনেও সংকট সৃষ্টি হয়েছে। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ারও কোনো উপায় নেই।
ইসলামপুর এলাকার বাসিন্দা আবদুর রহিম ও মোহাম্মদ খাদিস বলেন, গত মাসের প্রবল বৃষ্টিপাতে সাঙ্গু নদের ঢলে বীর বিক্রম সড়কের কয়েকটি অংশ ধসে গেছে। তবে ইসলামপুরের অংশটি মেরামত করা হলে যানবাহন চলাচল করতে পারবে। কিন্তু মেরামত দূরের কথা, পৌরসভার লোকজন এ পর্যন্ত সড়কটি পরিদর্শনও করেনি।
ইসলামপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও এলাকাবাসী আবদুল্লাহ বলেন, ম্যাক্সিঝিরি ও ঝিরির মুখ থেকে ওপরের অংশে সাঙ্গু নদের তীর দখল হওয়ায় বন্যায় পাহাড়ি ঢলের স্রোত সরাসরি সড়কের এসে ধাক্কা খাচ্ছে। প্রবল স্রোতের ধাক্কায় ইসলামপুর এলাকা ছাড়াও আরও কয়েকটি স্থানে সড়কে ভাঙন ধরেছে। তঁারা বলেন, অবিলম্বে সড়কটি মেরামত ও রক্ষার উদ্যোগ নেওয়া না হলে কেবল এই সড়ক নয়, বরং ওই এলাকার জনবসতিও হুমকির মুখে পড়বে।
বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুর রহমান বলেন, শুধু ইউ কে সিং বীরবিক্রম সড়ক নয়, বর্ষায় প্রবল বৃষ্টিতে পৌরসভার আরও অনেক সড়ক বিধ্বস্ত হয়েছে। কিন্তু আর্থিক সংকটে সড়কগুলো মেরামতের কাজ করা সম্ভব হচ্ছে না। তবে বীর বিক্রম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় মেরামতের কাজ করা জরুরি।