বান্দরবানের ম্রো আবাসিক বিদ্যালয়ে পানিসংকট তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আদিবাসী ম্রো পরিবারের শিশু-কিশোরদের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান সুয়ালক ম্রো আবাসিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট চলছে। এলাকায় ভূগর্ভে পানির স্তর না থাকায় গভীর ও অগভীর নলকূপ স্থাপন করেও কোনো কাজ হচ্ছে না। জেলা পরিষদের অর্থায়নে সুয়ালক বাজার এলাকায় অবিরাম ধারায় পানি ওঠা একটি গভীর নলকূপ থেকে পাইপলাইনের মাধ্যমে বিদ্যালয়ে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। শিক্ষকেরা জানিয়েছেন, বিদ্যালয়ের পাশে একটি পুকুর আছে, কিন্তু পানীয়জল ও দৈনন্দিন কাজে ব্যবহারের পানি নেই। পঞ্চম শ্রেণীর ছাত্র পাশা ম্রো জানায়, ‘আশপাশে কোথাও পানি নেই। এজন্য কখন পানির পিপাসা লাগবে সবসময় চিন্তায় থাকি। রান্নাঘরের পাশে একটি তারা পাম্প রয়েছে। দুর্গন্ধের জন্য ওই পানি পান করা যায় না। তারপরও তৃষ্ণা পেলে দুর্গন্ধযুক্ত পানি দিয়ে গলা ভিজিয়ে রাখা ছাড়া কোনো উপায় নেই।’ সপ্তম শ্রেণীর ছাত্র মেনলে ম্রো ও তর ওয়াই ম্রো জানায়, ‘বিদ্যালয় এলাকায় চার-পাঁচটি নলকূপ, তারা পাম্প ও পানির ট্যাংক রয়েছে। কিন্তু সেগুলো স্থাপনের কয়েক দিন পর আর কোনো পানি পাওয়া যায় না।’ মেনলে ম্রো জানায়, তারা পায়ে হেঁটে প্রায় দেড় কিলোমিটার দূরের সুয়ালক বাজারে গিয়ে বোতলে ভরে পানীয়জল নিয়ে আসে। সেখান থেকে পানি নিয়ে না এলে দুর্গন্ধ ও দূষিত পানি পান করা ছাড়া কোনো উপায় থাকে না। তর ওয়াই ম্রো জানায়, বিদ্যালয়ের পাশে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে একটি নলকূপ রয়েছে। কিন্তু সেটি সবসময় তালাবদ্ধ থাকে। এনজিও কর্মীরা ব্যবহারের সময় কয়েক কলসি পানি পাওয়া যায়। সুয়ালক বাজারের কবীর উদ্দিন বলেছেন, ছোট ছোট ম্রো শিশুরা কী কষ্ট করে পানির জন্য পায়ে হেঁটে আসে দেখলে মায়া লাগে। তিনি বলেন, বিদ্যালয় পরিচালনাকারীদের সবার আগে শিক্ষার্থীদের জন্য পানি সরবরাহব্যবস্থা গড়ে তোলা উচিত। প্রসঙ্গত, ১৯৮০ সালে তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান বান্দরবান সফরে এসে ম্রো আদিবাসীদের অনগ্রসরতা দেখে জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বান্দরবান-কেরানিহাট-চট্টগ্রাম সড়কের পাশে সুয়ালক ম্রো আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। পাহাড়ি এলাকার মনোরম পরিবেশে গড়ে তোলা এ বিদ্যালয়ে বর্তমানে ২২০ জন ম্রো শিশু-কিশোর প্রথম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করে। আবাসিক সুবিধাসহ বিদ্যালয়টি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) থেকে পরিচালনা করা হয়ে থাকে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল্লাহ পাটোয়ারি জানিয়েছেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এ পর্যন্ত অনেক নলকূপ ও তারা পাম্প বসানো হলেও সেগুলোতে বেশি দিন পানি পাওয়া যায়নি। তিনি বলেন, দূষিত পানি পান করার কারণে শিক্ষার্থীরা প্রায় সময়ই উদরাময়, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ে। আইসিডিপির বান্দরবান জেলা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা জানিয়েছেন সুয়ালক ম্রো আবাসিক বিদ্যালয় এলাকায় বহুবার চেষ্টা করেও পানির স্তর পাওয়া যায়নি। এজন্য কিছুটা দূরে হলেও ম্রো বিদ্যালয়ে সরবরাহের জন্য সুয়ালক বাজারে একটি গভীর নলকূপ বসানো হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে শিগগির পাইপলাইনের মাধ্যমে সেখান থেকে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। শুধু ম্রো বিদ্যালয় নয় ওভার হেড ট্যাংক নির্মাণ করে অবিরাম ধারায় পানি ওঠা ওই নলকূপ থেকে পুরো সুয়ালক এলাকায় পানি সরবরাহ দেওয়া যায় কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে নির্বাহী প্রকৌশলী জানান।