বাপ-বেটার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের সাগরপাড়া বটতলার মোড়ে ছোট্ট একতলা ছিমছাম একটি বাড়ি। এ বাড়িতেই বেড়ে উঠেছেন এবারের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বাঁ-হাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক। বাড়িটির বসার ঘরে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ক্রিকেট খেলে পাওয়া জুনায়েদ সিদ্দিকের নানা রকম উপহার, বিশ্বসেরা খেলোয়াড়দের অটোগ্রাফ নেওয়া ব্যাট, তাঁর স্বপ্নের খেলোয়াড় ব্রায়ান লারার সঙ্গে ছবি। আর রেখে দেওয়া হয়েছে সেই স্মৃতির ব্যাটখানা, যে ব্যাটে তিনি এই সেঞ্চুরি করেছিলেন। ছবি আর উপকরণে সাজানো এই ঘরের ভেতরে ঢুকলেই মনে হয় জুনায়েদ সিদ্দিক কথা বলা উঠবেন। জুনায়েদ সিদ্দিকের বাবাও ছিলেন ক্রিকেটার। তিনি ডান-হাতি পেস বোলার। ১৯৭৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ঢাকায় বিভিন্ন সময় আজাদ বয়েজ, ফরাশগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান ও রূপালী ব্যাংকের হয়ে খেলেছেন। রাজশাহীর ক্রিকেটাঙ্গন তৈরিতে যাঁদের বিশেষ অবদান রয়েছে তাঁদের মধ্যে আবু বকর সিদ্দিক উল্লেখযোগ্য। ক্রিকেট ক্লিনিক নামে একটি প্রশিক্ষণ শিবির তাঁদের হাতে গড়া। বাবার এই অবস্থানের কারণে বাড়িতেই জুনায়েদ সিদ্দিকের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল। গত ১৩ ফেব্রুয়ারি রাজশাহীর বাসায় বসে কথা হয় জুনায়েদের বাবার সঙ্গে। তাঁর মা ও একমাত্র বোন খেলা দেখার জন্য আগেই ঢাকার বাসায় চলে গেছেন। তাঁর বাবা একাই রাজশাহীতে রয়েছেন। ছেলের ক্রিকেট নিয়ে কথা তুলতেই বাবা আবু বকর সিদ্দিক বললেন, ‘আমি যখন খেলা ছাড়লাম, ঢাকা লীগ আমার নখদর্পণে। তখন আমার একটাই স্বপ্ন, ছেলেকে খেলোয়াড় হিসেবে তৈরি করব। এ জন্য আমি তাকে খেলার দিকে টানতাম আর ওর মা নাদিরা সিদ্দিক চাইতেন, ছেলে খেলা বাদ দিয়ে পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিক।’ জুনায়েদ সিদ্দিক রাজশাহীতে ইমরোজ নামেই পরিচিত। ১৯৯২-৯৩ সালের দিকে ও যখন নগরের সূর্যকণা কিন্ডার গার্টেনে পড়ে তখন ওর বাবা ওকে একটা প্লাস্টিকের ব্যাট কিনে দিলেন। জন্মগতভাবে জুনায়েদ বাঁ-হাতি নন, কিন্তু বাবার স্বপ্ন, তাকে বাঁ-হাতি ব্যাটসম্যান তৈরি করবেন। এ জন্যই প্লাস্টিকের ব্যাটটা প্রথমে তার বাঁ হাতেই ধরিয়ে দিয়েছিলেন। সেই থেকে শুরু। বাবা বল করেন আর ছেলে বাঁ হাতেই ব্যাট ধরে। ছেলে যেখানেই খেলতে যায়, বাবা ছায়ার মতোই তাকে অনুসরণ করেন। লেগে থাকেন। রাত জেগে মোজার ভেতরে বল নিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে প্র্যাকটিস করে। একদিন রাত দুইটার দিকে শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। উঠে দেখা গেল, শ্যাডো করতে গিয়ে জুনায়েদ বেসিনটা ভেঙে ফেলেছে। এইভাবে অনবরত ক্রিকেট নিয়েই থাকত। জুনায়েদ যখন অষ্টম শ্রেণীতে পড়ে, তীর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্মৃতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রাজশাহী রেলওয়ে মাঠে। জুনায়েদ রাজশাহীর দিশারী ক্লাবের পক্ষে খেলে। আটটা ছয় আর চারটা চারসহ সে সেঞ্চুরি কলে ফেলল। ২০০২-০৩ সালের দিকে এশিয়া কাপের জন্য বাছাই পর্বের খেলায় রাজশাহী ও খুলনা ফাইনালে ওঠে। এ খেলায় জুনায়েদ সারা দেশের মধ্যে সর্বোচ্চ রানের দিক থেকে দ্বিতীয় হয়। এই সুবাদে ও এশিয়া কাপে ঢুকে যায়। এরপর ঢাকায় কাঁঠালবাগান দ্বিতীয় বিভাগ টিমে খেলার প্রস্তাব আসে।’একটি মজার ব্যাপার, জুনায়েদ ছোট থেকে কোথায় কবে কী খেলেছে এবং কোন খেলায় কত রান করেছে—সবই তার বাবার প্রায় মুখস্থ। কারণ তিনি কোথাও ছেলেকে একা ছেড়ে দেননি। সব সময় সঙ্গে থেকেছেন। বাবা বলেন, ‘ও আমার বন্ধুর মতো হয়ে গেছে। ওর এমন কোনো গোপন কথা নেই যা আমাকে বলে না।’ বাবা আবু বকর সিদ্দিক বলেন, তাঁর ছেলের বড় হওয়ার পেছনে রাজশাহীর ক্রিকেটার জামিলুর রহমান সাদের বিরাট অবদান রয়েছে। তাঁর কাছে ওর অনেক ঋণ। তাঁরই উৎ সাহে জুনায়েদকে ‘ইয়াং পেগাসাস’ দেওয়া হলো। সেখানে ভালো করতে না পারলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার খুব ঝুঁকি ছিল। কিন্তু জামিলুর রহমান অভয় দিলেন, ‘ও ভালো করবেই।’ সেটা ২০০৪ কি ২০০৫ সালের দিকের ঘটনা। জুনায়েদের বাবা বলেন, ‘এটা আমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা। এই প্রথম আমি ছেলের সঙ্গে গেলাম না। প্রথম ম্যাচে জুনায়েদ এক রান, দ্বিতীয় ম্যাচে শূন্য রান ও তৃতীয় ম্যাচে আট রান করে আউট হয়ে গেল। সেদিন আমার যে কী অবস্থা! সারা রাত ঘুমাতে পারলাম না। রাত দুইটার দিকে বাথরুমে ঢুকে কাঁদলাম। মনে হলো, আমি কি আমার ছেলের ক্যারিয়ার নষ্ট করে ফেললাম! আমি কি ভুল করলাম? আর থাকতে পারলাম না। ভোরের গাড়িতে ঢাকায় চলে গেলাম। খেলা শুরুর প্রায় ১৫-২০ মিনিট আগে গিয়ে পৌঁছলাম। ওকে খুব আঘাত দিয়ে কয়েকটা কথা বললাম, এভাবে খেললে তোমার ক্যারিয়ার থাকবে না...! বেশি কথা বলার সুযোগ পেলাম না। ও মাঠে নেমে গেল। আবাহনীর সঙ্গে ওই খেলায় ও যেন ছবির মতো খেলে গেল। ৯৬ রান করল। ‘আমার কথাগুলো হয়তো ওর মনে লেগেছিল।’ বলতে বলতে জুনায়েদের বাবা আর কান্না চাপতে পারলেন না। একটু সময় নিয়ে বললেন, ‘সেদিন জামিলুর রহমানও ওখানে উপস্থিত ছিলেন। ম্যান অব দ্য ম্যাচ হলো জুনায়েদ। আমার উপস্থিতিতে ও ভালো খেলছে দেখে ওরা আমাকে হোটেল ভাড়া করে রেখে দিল। সেই বছরে সুপার লীগে উত্তীর্ণ হয় ইয়াং পেগাসাস। ২০০৭-০৮ সালের দিকে মোহামেডানের হয়ে ও গাজী ট্যাংকের সঙ্গে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ১১টি ছয় ও আটটি চার মেরে ১৩৮ রান করে নট-আউট ছিল। ’ সেদিন জুনায়েদ যে ব্যাট দিয়ে খেলেছিলেন সেটি রাজশাহীর একটি দোকান থেকে বাবা চার হাজার ২০০ টাকায় কিনে দিয়েছিলেন। ওটা এখনো সযত্নে তাঁর দেশ-বিদেশের দুর্লভ উপহারসামগ্রীর সঙ্গেই রেখে দিয়েছেন। জুনায়েদ সিদ্দিকজন্মস্থানবোয়ালিয়া সাগরপাড়া, রাজশাহীজন্ম১৯৮৭মানাদিরা সিদ্দিকবাবামো. আবু বকর সিদ্দিক ব্যাটিংবাঁহাতি ব্যাটসম্যান।বোলিং ডানহাতি অফব্রেক