বাবা, আমার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে যখন-তখন কারফিউ চলছে। সময়টা ১৯৭১ সাল। আমাদের বাসা তখন আসাদ গেটে। গভীর রাতে গুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যেত। পাড়ার নেড়ি কুকুরগুলো রাতভর কাঁদত একটানা। আমরা ভাইবোনেরা খাটে গুটিসুটি মেরে বসে থাকতাম। কী এক অমঙ্গল আশঙ্কায় আমাদের যেন বুক কাঁপত। পাশে বসে অভয় দিতেন আমাদের বাবা। দুই হাতে শক্ত করে ধরে রাখতেন আমাদের। আর আমরা বাবার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়তাম একসময়। এভাবে যে কত রাতের পর রাত জেগেছেন বাবা! দিন যত যেতে থাকে, বাবা ততই অস্থির হয়ে পড়েন। বাবা বলতেন, ‘আর পারি না, মা। যুদ্ধে আমাকে যেতেই হবে।’ আমরা বাবাকে ঘিরে রাখতাম। বাবা কোন ফাঁকে চুপিচুপি আমাদের ফেলে যুদ্ধে চলে যাবেন, সেই ভয়ে। আমাদের মুখের দিকে তাকিয়ে বাবার আর যুদ্ধে যাওয়া হতো না। একসময় দেশ স্বাধীন হলো। বাবা কাজী আব্দুল আলীম ছিলেন পুলিশের কর্মকর্তা। সেবার তাঁর পোস্টিং হয় মিরপুর থানায়। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মিরপুর তখনো অশান্ত। প্রতিদিনই গোলাগুলি হচ্ছে বিহারি- বাঙালিতে। এর মধ্যে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি জহির রায়হান নিখোঁজ হলেন। তদন্তের ভার পড়ে বাবার ওপর। পরদিন ৩১ জানুয়ারি বাবাসহ আরও কিছু পুলিশ কর্মকর্তা চষে বেড়াতে থাকেন পুরো মিরপুর এলাকা। হঠাত্ আক্রমণ চালায় বিহারিরা। দিনভর চলে গোলাগুলি। এদিকে যুদ্ধরত পুলিশের গোলাবারুদ ফুরিয়ে আসে। করিম সাহেব ছিলেন বাবার সহকর্মী। তিনিও ওইদিন ওখানেই ছিলেন। করিম সাহেব বাবাকে প্রস্তাব দেন, ‘চলো, আমরা পিছু হটি। এখানে আমরা আরও কিছুক্ষণ থাকলে নির্ঘাত মারা পড়ব।’ বাবা সেদিন ছিলেন ধীরস্থির। করিম সাহেবকে বললেন, ‘তোমরা যাও, আমি আছি।’ সেদিন করিম সাহেবেরা ঠিকই ফিরে এসেছিলেন, কিন্তু বাবা দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে সেখানেই পড়ে ছিলেন। বাবাকে আমরা আর জীবিত ফিরে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর ৫ ফেব্রুয়ারি মিরপুর বালুরঘাটে বাবার লাশ পাওয়া যায়। কত রাত তারপর না খেয়ে ঘুমিয়েছি বাবার জন্য। ভয় পেয়ে জেগে উঠলে বাবাকে খুঁজতাম নিজের অজান্তেই। তারপর সারা রাত নির্ঘুম কাটত। রান্নাঘরের দিকে যাওয়াই ছেড়ে দিয়েছিলাম, ওখানে যে বাবার অনেক স্মৃতি! বাবা ফুরসত পেলেই বলতেন, চল তো মা, বাপ-বেটি মিলে আজকে সবাইকে রান্না করে খাওয়াই। বাবা বাসায় থাকলে সবাইকে একসঙ্গে খেতে হতো। পেট ভরে গেছে, তার পরও জোর করে খাওয়াতেন তিনি। তখন খুব রাগ হতো। বাবা শহীদ হওয়ার পর কত দিন যে আধপেটা খেয়ে উঠেছি, কেউ বুঝতেই পারেনি। কোনো ভাইবোনের জ্বর হলে সেদিন কষ্ট পাওয়ার বদলে তাঁর ভারি আনন্দ হতো। কারণ, বাবা পাশে থাকবে যে! বাবা চলে যাওয়ার পরও কত শতবার জ্বর হয়েছে, শরীর খারাপ করেছে, কিন্তু বাবাকে আর কাছে পাইনি। সেই দিনগুলো কি কষ্টেই না কেটেছে! এখন আমি তিন সন্তানের মা। আমার ছেলেরা যখন ওদের বাবাকে বাবা বলে ডাকে, আমার বুকটা তখন হু হু করে। জানুয়ারি মাস এলেই বাবাকে বড় বেশি মনে পড়ে। বাবাকে বেশি দিন কাছে পাইনি আমি। কিন্তু ওরা যেন ওদের বাবার ভালোবাসায় আজীবন থাকে দুধে-ভাতে।কাজী মমতাজ আরা আসাদগেট, ঢাকা।