‘চাচা, রহমত চাচা, জেগে আছেন!’ রহমত আলীর তন্দ্রামতো চলে আসছিল, ডাক শুনে তা ভাঙল। রহমত আলী জোরে বললেন, ‘কে ডাকে?’ অপর পাশ থেকে জবাব এল, ‘চাচা, আমি জব্বার। দরজাটা খোলেন।’ এত রাতে জব্বার কী করতে এল, এ কথা ভাবতে ভাবতেই তিনি দরজার দিকে এগোলেন। সাধারণত কোনো খবর থাকলে মোমেন জব্বারকে দিয়েই পাঠায়। তাহলে কি মোমেন কাল সকালে আসবে না! না, এমন তো কখনো হয় না। তাঁর ছেলে যখন একবার বলেছে, সে কাল সকালে আসবে, তাহলে সে কাল সকালেই আসবে। তিনি তাঁর ছেলেকে খুব ভালো করেই চেনেন। তাহলে এত রাতে জব্বার কেন এল! রহমত আলী দরজা খুললেন। বাইরে জব্বার দাঁড়িয়ে আছে। জব্বারের বয়স বেশি নয়, ১৭-১৮ হবে। মোমেনের থেকে পাঁচ-ছয় বছরের ছোট। কিন্তু মোমেনের সঙ্গে তার বেশ একটা বন্ধুত্ব আছে। রহমত আলী অবাক হয়ে খেয়াল করলেন, জব্বারের সারা শরীর বৃষ্টিতে ভেজা। বৃষ্টি হচ্ছে, এটা তিনি টেরই পাননি। তিনি তাড়াতাড়ি জব্বারকে ভেতরে ডেকে নিলেন। জব্বারকে তিনি খুবই পছন্দ করেন। কথা একটু কম বলে, এমনিতে আচার-ব্যবহার খুবই ভালো।— কি রে, পাগলা, তুই কি আসলেই পাগল হয়ে গেলি নাকি!কেন, চাচা! কী করলাম?এত রাতে বৃষ্টিতে ভিজে এলি! তোর বাপের সঙ্গে ঝগড়া হইছে নাকি। নাকি মোমেন কোনো খবর দিল? কাল সকালে আসবে না?— না, আব্বার সঙ্গে কিছু হয় নাই। মোমেন ভাইয়ের কাল আসার কথা?— কেন, তুই ভুলে গেছিস নাকি!জব্বার এ প্রশ্নের কোনো উত্তর দিল না। চুপ করে ঘরের মেঝের দিকে তাকিয়ে কী যেন ভাবতে লাগল। রহমত আলী দেখলেন, জব্বার এখনো ভেজা কাপড়েই আছে। আহা...ছেলেটাকে তিনি ভেজা কাপড়েই রেখেছেন!— চাচা, আজ রাতটা আমি তোমার সঙ্গেই থাকব।— তাই তো থাকবি। এত রাতে এই বৃষ্টির মধ্যে আবার বাসায় যাবি নাকি! তোর বাবাকে বলেছিস যে আমার এখানে আসবি?— জি, বলেছি।— তাহলে আর কোনো চিন্তা নেই। কাল মোমেন এসে তোকে দেখলে অনেক খুশি হবে।জব্বার গামছা দিয়ে শরীর মুছল। কাপড় পাল্টাল। রহমত আলী জিজ্ঞাসা করলেন, তোর নিশ্চয়ই রাতে কিছু খাওয়া হয় নাই?— অসুবিধা নাই। তোমার এখন রাঁধতে যেতে হবে না। আমার রাতে না খেয়ে থাকার অভ্যাস আছে।— না, রান্না করা আছে। মোমেন তো বেশ সকালে চলে আসে, তাই রান্না করে রেখেছি। ছেলে আমার তো আবার ক্ষুধা সহ্য করতে পারে না।রহমত আলী বলে গেলেন...ছেলে আমার ক্ষুধা সহ্য করতে পারে না, অথচ যত দিন আমার কাছে ছিল, তত দিন আমি ওকে পেট ভরে খাওয়াতে পারি নাই। আহা রে...ছেলেটা আমার কাছে কত কষ্টই না করেছে! কোনো দিন একটা ভালো জামাকাপড়ও কিনে দিতে পারি নাই।আহা...চাচা, এসব কেন বলছো! মোমেন ভাই এসব কথা কখনো ভাবে না। চাচা, আমি রাতে আসলেই খাব না। ক্ষুধা নাই, ইচ্ছাও নাই।কেন রে, শরীর খারাপ নাকি? জ্বর আসতেছে নিশ্চয়ই। বৃষ্টিতে ভেজা ঠিক হয় নাই।না, চাচা, শরীর ঠিকই আছে।আসলে তোর মনটা খারাপ। আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ করেছি, তোর মনটা বেশ খারাপ। কী হয়েছে রে...?জব্বার আবার মেঝের দিকে তাকিয়ে কী যেন ভাবতে লাগল।একটু পর মুখ তুলে বলল, চাচা, মোমেন ভাইয়ের গল্প বলো। আচ্ছা, মোমেন ভাইয়ের জন্মের সময়ই তো চাচি মারা যায়, তাই না?হ্যাঁ,...তোর চাচি খুবই ভালো মানুষ ছিল রে। তাকেও আমি সুখী করতে পারি নাই। মোমেন ভাইয়ের ছোটবেলার কথা বলো।মোমেন যখন খুবই ছোট, তখন আমি থাকতাম পূর্বপাড়ার খাঁ সাহেবের বাড়িতে। তাঁর অনেক গরু ছিল, সেগুলোর দেখাশোনা করতাম আমি। রাতে গোয়ালঘরের পাশেই মোমেনকে নিয়ে থাকতাম। ছোটবেলা থেকেই মোমেনের লেখাপড়ার প্রতি বেশ আগ্রহ ছিল। খাঁ সাহেবের ছেলেটা স্কুলের যে ঘরটায় পড়ত, সেটার দরজা ধরে দাঁড়িয়ে থাকত। ওর লেখাপড়ার প্রতি এই আগ্রহ দেখে হেডমাস্টার সাহেব আমাকে ডাকলেন। আমাকে ডেকে তাঁর বাড়িতে কাজ দিলেন, আর মোমেনকে তাঁর স্কুলে ভর্তি করে নিলেন। তারপর মোমেনকে নিয়ে আমাকে আর ভাবতে হয় নাই। দেখতে দেখতে কত দিন চলে গেল। এবার তো ফাইনাল পরীক্ষা দিয়ে আসছে, চাকরিও নাকি একটা পাইছে। এখন আল্লাহর রহমতে চাকরিটা ভালো হলেই হয়!কথাগুলো বলতে বলতে রহমত আলীর দুচোখে পানি চলে এল। জব্বার এসে রহমত আলীর পাশে বসল। সারা জীবন তো অনেক কষ্ট করলাম। এখন শেষ বয়সে এসে ছেলেটির জন্য হয়তো একটু সুখের মুখ দেখব। জব্বার, আমাকে মোমেনের চিঠিটা আবার একটু পড়ে শোনাবি?চিঠিটা কোথায় রাখছো?রহমত আলী বালিশের নিচ থেকে চিঠিটা বের করে জব্বারের হাতে দিলেন। সে পড়া শুরু করল...প্রিয় বাবা,প্রথমে আমার সালাম নিয়ো। কেমন আছো? কেমন আছো, সেটা অবশ্য আমি জানি। নিশ্চয়ই সারাক্ষণ আমার কথা ভাবো। আমাকে নিয়ে বেশি চিন্তা কোরো না। আমি তোমার দোয়ায় ভালো আছি। আমার ফাইনাল পরীক্ষাটা হয়ে গেল। পরীক্ষা ভালো হয়েছে। আশা করি রেজাল্টও ভালো হবে। রেজাল্ট বোধহয় কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। ইতিমধ্যে একটা কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে। ঈদের পর এসে জয়েন করব। বেতন মোটামুটি বেশ ভালোই দেবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না, বাবা। আমি কিন্তু সামনে ২৫ তারিখ রাতে রওনা হব। খুব ভোরে বাসায় গিয়ে পৌঁছাব। বাবা তোমার জন্য একটা পাঞ্জাবি, একটা শার্ট-প্যান্টের কাপড় আর একটা ফতুয়া কিনলাম। বাবা, তোমার পছন্দ হবে না! পছন্দ না হলেও তো তুমি বলবে যে খুব পছন্দ হয়েছে। আমি আসছি, বাবা।ইতিতোমার ছেলেমোমেনচিঠি পড়া শেষ করেই জব্বার রহমত আলীর দুই পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল। রহতম আলী অবাক হয়ে বললেন, আরে পাগলা, কাঁদতেছিস কেন?মোমেন ভাই আর নাই, চাচা। কাল সন্ধ্যায় মোমেন ভাইদের হলে অনেক গোলাগুলি হইছে। মোমেন ভাইয়ের শরীরে গুলি লাগছিল। পরে হাসপাতালে নেওয়ার পথেই...।রহমত আলী চুপ করে বসে রইলেন। জব্বার তাঁর পা জড়িয়ে ধরে এখনো কাঁদছে। ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। এই তো আজান শোনা যাচ্ছে। একটু পরই তো মোমেন চলে আসবে। এসেই চিৎকার করে বলবে, বাবা, আমি আসছি...। এসেই তো খেতে চাইবে। খাবারগুলো গরম করা দরকার। তাঁর ছেলেটা আবার ক্ষুধা সহ্য করতে পারে না!রাজিব হাসানঠিকানা পাওয়া যায়নি।