বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মাথায় জোড়াতালি দেওয়া টুপি। পরনে পুরোনো ফতুয়া। সাদা ফতুয়ার জায়গায় জায়গায় দাগ। শরীরের গঠন সুঠাম, চোখ দুটো গোলগাল, একটির আলো নিভে গেছে ছানি পড়ে। তবে তাঁর দুচোখভরা স্বপ্ন আর স্বপ্ন। মনের রং জোছনার চেয়েও আলোকিত। তিনি আমার বাবা। 

লোকে বলে জীবন মানে যুদ্ধের পর আরেক যুদ্ধ। তারপর বিজয়ের একচিলতে হাসি। এই হাসির জন্যই কত আকুলিবিকুলি, লড়াই–সংগ্রাম। 

বাবার বয়স ষাটের কোঠা না পেরোলেও দেখে মনে হবে আশি পেরিয়ে গেছে। হাতের আঙুলের কালো কালো দাগগুলো পরিহাস করে জানিয়ে দিচ্ছে তার বেদনার কথাগুলো। এনসিসি ব্যাংকের সিঁড়ির নিচে ছোট্ট একটি পানদোকান। এই দোকান শুধু তাঁর কাছে দোকান নয়, আবেগের অপর নাম। কেননা এই দোকান তাঁকে রোজ স্বপ্ন দেখায়। এই তো আরেকটু! আরেকটু। তারপর তুমি পৌঁছে যাবে বিজয়ের শেষ কিনারায়। একটা ছোট পানদোকানির স্বপ্ন কত বড় ভাবা যায়! চার সন্তান তাঁর। একজন স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে। মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষে, তারপর ছেলে উচ্চমাধ্যমিকে। সবার ছোট ছেলে এসএসসি দিচ্ছে এবার। চার সন্তানকে এমন করে তিলে তিলে মানুষ করা সহজ কোনো কথা নয়। এর পেছনে রয়েছে অনেক গল্প, তাঁর অনেক স্বপ্ন। কারোর কাছে কখনো হাত পাতেননি। সন্তানদের পড়ানোর জন্য, খাওয়ানোর জন্য। এমনকি সন্তানদের কখনো বলেননি, ‘বাবা, আমার অনেক কষ্ট হয় রে! এবার তোরা কিছু কর।’ 

শুধু বলেই যাচ্ছেন রোজ, ‘বাবা, মাস্টার্স না করে কখনো থামবি না। আমার যত কষ্টই হোক। এত দূর আনতে পারল আমাকে যে স্রষ্টা, নিশ্চয়ই বাকি পথটাও তিনি এগিয়ে নেবেন। তোরা শুধু পড়বি, আরও পড়বি। বাবা হিসেবে তোদের কাছে কখনো পাঁচটি টাকাও চাই না। শুধু লোকে যখন বলে ভাইয়ের ছেলেগুলো বেশ! তখন আমার পিতৃত্ব সার্থক হয়ে যায়। হৃদয়টা মহাকাশের সমান চওড়া হয়ে যায়। জানিস ছোটবেলায় বাবা মারা যাওয়ায় পড়াশোনার গণ্ডি পেরোতে পারিনি। চাচাতো ভাইগুলো পড়াশোনা করেছে। অহংকার করে কথা বলত। আমাদের বাবা নেই বলে আমাদের কে পড়াবে! তাই স্কুলে যেতে পারিনি। তাদের আচরণে মনে হতো আমরা ইচ্ছা করে স্কুলে যাচ্ছি না। আমার মা আমাদের খাইয়ে না–খাইয়ে শুয়ে রাখত। ক্ষুধার জ্বালা নেভাতে অনেক সময় কাঁচা পাতাও খেয়েছি। তাই মনে মনে আশা ছিল আমার সন্তানেরা একদিন মানুষ হবে। ওদের মতো শিক্ষিত হবে। তবে ওদের মতো অহংকারী হবে না। ওদের বুকভরা ভালোবাসা থাকবে। এই চাওয়া ছাড়া আর কোনো চাওয়া নেই।’ 

বাবা কথাগুলো একনাগাড়ে বলে যান। মনে মনে বলি, আমার এই নিঃস্বার্থ বাবা অনেক অনেক বছর বেঁচে থাকুক।

সিরাজুল মুস্তফা

ঢাকা।