বাবা আমার মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সারা দেশে ছড়িয়ে আছে কত-না মুক্তিযোদ্ধার সন্তান, যাঁদের বাবারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। প্রথম আলো বন্ধুসভার অসংখ্য বন্ধুর বাবাও ছিলেন মুক্তিযোদ্ধা। তাঁদের মধ্য থেকে চারজন মুক্তিযোদ্ধার সন্তান লিখেছেন তাঁদের বাবাকে নিয়ে

আমি বাংলাকে ভালোবাসি

ইসরাত জাহান
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই...আমি বাংলাকে ভালোবাসি...। এভাবেই গুনগুন করে গান গাইছিলেন বাবা। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম বাবার গান। কতটা সুরে গাইছেন জানি না, তবে আবেগের কমতি ছিল না সে গানে। বাবা যে বাংলাকে ভালোবাসেন, সেটা বুঝতে পারি শিশু বয়স পার হয়ে কৈশোরে পা রেখে।

ইসরাত জাহান
ইসরাত জাহান

বাবা আবদুস সালাম হাওলাদার স্কুলশিক্ষক। ১৯৭১ সালে তাঁর বয়স ১৮ বছর। ওই বছর ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। হত্যা-খুন-নির্যাতনে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। আমার বাবা তখন টগবগে তরুণ। পাকিস্তানের এই নির্মমতার বিরুদ্ধে ক্ষুব্ধ হতে থাকেন তিনি। ভেতরে-ভেতরে স্বপ্ন রচনা করেন। স্বপ্ন দেখেন সোনার বাংলার। আর বাংলাকে স্বাধীন করতে যোগ দেন মুক্তিসংগ্রামে। ১৮ বছরের তরুণ আবদুস ছালাম জীবনকে তুচ্ছজ্ঞান করে ঝাঁপিয়ে পড়েন সংগ্রামে। নয় মাস সংগ্রাম শেষে ওঠে সোনালি সূর্য। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
শিশু বয়সে বাবার মুখে অনেক মুক্তিসংগ্রামের কথা শুনেছি। তখন অত কিছু বুঝতাম না। গল্পের মতো মনে হলেও চোখে জল এসে যেত। ভেতরে-ভেতরে স্বাধীনতাবিরোধীদের প্রতি ক্ষোভ ও ঘৃণা জন্ম নেয়। আমার বাবা এবং মুক্তিকামী বাঙালির ত্যাগ আমাদের এনে দিয়েছে স্বাধীনতা। লাল-সবুজের পতাকা। এ রকম একজন গর্বিত বাবার সন্তান আমি। গর্ব এবং অহংকার করে বলতে পারি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। এই গর্ব ও অহংকার নিয়ে সামনে যেতে চাই। বাবার অর্জন, স্বপ্ন বাস্তবায়নে আমরা হতে চাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। চাই বাবার মতো ভালো মানুষ হতে। চাই দেশের কল্যাণে কাজ করতে। চাই বাবার দেওয়া সম্মান অক্ষুণ্ন রাখতে। বাবার মতো সবটুকু সামর্থ্য দিয়ে দেশকে ভালোবাসতে চাই।
যুগ্ম সাধারণ সম্পাদক, বন্ধুসভা, বরিশাল

আসুন, মুক্তিযোদ্ধাদের ছুঁয়ে দেখি

আনোয়ারুল ইসলাম
স্বাধীনতাহীন জীবন কোনো জীবন নয়। আমরা একটি স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি। সেই স্বাধীন-সুন্দর রাষ্ট্রটি আমাদের বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাঁরা বঙ্গবন্ধুর স্বপ্নসারথি হয়ে এ দেশকে স্বাধীন করেছিলেন। করেছিলেন বলেই আমরা অত্যন্ত সৌভাগ্যবান, যারা এই স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি। আমি সেই সৌভাগ্যবানদের অন্যতম। কেননা

আনোয়ারুল ইসলাম
আনোয়ারুল ইসলাম

আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখতে পারবে না। ছুঁয়ে দেখতে পারবে না। কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্নসারথিদের একজন আমার বাবা। যিনি দেশকে রক্ষা করার জন্য প্রাণের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধকালীন ভারতের গৌড়বাগান ইয়ুথ ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে উদ্বুদ্ধ করেছেন অন্য মুক্তিযোদ্ধাদের। ছিলেন পলিটিক্যাল মটিভেটর। যাঁকে আমি দেখতে পেরেছি, ছুঁতে পেরেছি, বুকে মাথা রাখতে পেরেছি। তাঁর কোলে বড় হয়েছি। মুক্তিযুদ্ধের গল্প শুনতে পেরেছি। এ যে কত বড় সৌভাগ্যের, কত বড় গর্বের তা কেবল অনুমেয়। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যাঁর ত্যাগ আমাকে তথা আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখে।
স্বাধীনতা অর্জনের ৪৫ বছর হলো। আমার বাবার মতো অনেক মুক্তিযোদ্ধা হারিয়ে যাবেন। চির অম্লান হয়ে থেকে যাবে তাঁদের কীর্তি। আমরা অনেকেই হয়তো তাঁদের সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হই না। দেশকে ভালোবাসার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমাদের সবার একবারের জন্য হলেও মুক্তিযোদ্ধাদের সান্নিধ্য লাভ করা উচিত। তাঁদের গল্প শোনা উচিত। তাঁদের ছুঁয়ে দেখা উচিত। কে জানে এই সৌভাগ্য সবার হবে কি না!
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, রাজশাহী

এক টুকরো মুক্তিযুদ্ধ

ছাবিকুন নাহার
মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমার বাবাকে দেখেছি। বীর মুক্তিযোদ্ধা মো. কাঞ্চন আলী। তিনি আমার কাছে এক টুকরো মুক্তিযুদ্ধ। তাঁর কাছে ছোট থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে আজও নিজের মধ্যে ভয়াবহ দৃশ্যের উপলব্ধি করি। বাবার কাছে শোনা মুক্তিযুদ্ধের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ছিল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রারম্ভিকে বাবারা যখন ট্রেনিং নেওয়ার জন্য ভারতে রওনা হলেন তখন প্রায় ৫০-৬০টি নৌকাভর্তি বিভিন্ন স্থানের, বিভিন্ন বয়সের মানুষ সুন্দরবনের গহিন অরণ্যের ছোট ছোট খালের মধ্যে লুকিয়ে ছিলেন।

ছাবিকুন নাহার
ছাবিকুন নাহার

কখন নির্দেশ আসবে আর নৌকাগুলো আড়পাঙ্গাশিয়া নদী পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করবে। আড়পাঙ্গাশিয়া নদীতে ছিল পাকিস্তানি বাহিনীর গানবোট। কাঙ্ক্ষিত মুহূর্তে ছুটল নৌকা, কিন্তু চোখের নিমেষে সব ধ্বংস করে দিল পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলা। ভাগ্যক্রমে শেষের দুই-তিনটি নৌকা লুকিয়ে পড়েছিল সুন্দরবনের গহিন অরণ্যের শাখানদীতে। সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া নৌকার একটিতে ছিলেন আমার বাবা, দাদু ও আমার বাবার চাচা। ধ্বংসপ্রাপ্ত সামনের নৌকাগুলোতে ছিলেন নারী ও শিশু। বাবা যখন ঘটনাটি বলছিলেন, আমি সেদিন হু হু করে কেঁদেছিলাম। আজও যখন বাবার কাছে যুদ্ধের ভয়াবহতা শুনি গা শিউরে ওঠে। সেই সময়ে টানা তিন দিন বাবা ও বাকি তিন নৌকার লোকেরা সুন্দরবনের মধ্যে লুকিয়ে ছিলেন গোলপাতাগাছের ফল খেয়ে। বনের বাইরে হিংস্র হানাদার বাহিনী আর ভেতরে হিংস্র রয়াল বেঙ্গল টাইগার। জীবনের এমন দোটানার কথা ভাবলে উপলব্ধি করা যায় জীবনের অসহায়ত্ব। এমন হাজারো ঘটনার সাক্ষী আমার বাবা। আর তাঁর একনিষ্ঠ শ্রোতা আমি। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা, হত্যাযজ্ঞ থামাতে পারেনি নির্ভীক মুক্তিযোদ্ধাদের। জীবনকে তুচ্ছজ্ঞান করে, ভয়কে ভয় করে নয়, ভয়কে জয় করে ছিনিয়ে এনেছেন স্বাধীনতা। আমি মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতিদিন বাস করি। বাবার কাছে আজও শুনি একই ঘটনা। বারবার শুনি। এ ঘটনা বাসি হয় না।
নারীবিষয়ক সম্পাদক, খুলনা বন্ধুসভা

একজন নায়ক

এ এফ এম নাজমুল আলম
আমার বাবার মুখে শুনেছিলাম মুক্তিযুদ্ধের গল্প। তিনি তাঁর মাকে না বলে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁর বয়স তখন ১৬ বছর। আমি যখন অনেক ছোট, তখন বাবা আমাকে মাঝেমধ্যে মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন। বড় হয়েও শুনেছি অনেক গল্প। গল্প শুনে বাবাকে নায়করূপে কল্পনা করতাম। শুনেছি কীভাবে যুদ্ধে গিয়েছিলেন, ট্রেনিং নিয়েছিলেন।

এ এফ এম নাজমুল আলম
এ এফ এম নাজমুল আলম

ট্রেনিংয়ের কষ্টে মাঝেমধ্যে তাঁর পালিয়ে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করত, কিন্তু নিজেই নিজেকে বুঝিয়েছিলেন। শত্রুদের দেশ থেকে তাড়ানোর জেদ চেপে গিয়েছিল তাঁর মনে। বলেছিলেন, পাকিস্তানি সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধের গল্প। না খেয়ে, সারা দিন-রাত হেঁটে কীভাবে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁরা। শত্রুরা কীভাবে আমাদের দেশের মানুষদের অত্যাচার করত সেই গল্প। লুকিয়ে লুকিয়ে মাকে দেখতে যাওয়ার গল্প। রাতের অন্ধকারে হাতড়ে হাতড়ে এগিয়ে গিয়ে শত্রুদের হামলা করার গল্প। ছোটবেলায় অনেক গল্প শুনেছি, কিন্তু মনে আছে শুধু বাবার বলা মুক্তিযুদ্ধের গল্পগুলো। মনে আছে, গল্প বলার সময় তিনি কেমন যেন হয়ে যেতেন। তাঁর চোখগুলো চকচক করত। বাবার পরিচিত মুক্তিযোদ্ধারা, তাঁর বন্ধুরা আমাকে কাছে পেলে বাবার সঙ্গে তাঁর যুদ্ধের গল্প শোনান। আমার ভীষণ ভালো লাগে সেই গল্পগুলো শুনতে। গর্ব হয় আমি একজন বীর যোদ্ধার সন্তান।
আমার সবচেয়ে ভালো লাগত যুদ্ধ জয় করে তাঁরা যখন ফিরেছিলেন, সেই উল্লাসের গল্পগুলো। খোলা জিপে চড়ে, আকাশে স্টেনগানের গুলি ছুড়ে বিজয় উল্লাস করতে করতে তাঁরা নিজের শহর রংপুরে ফিরেছিলেন। মাঝেমধ্যে মনে হয়, ইশ্ আমি যদি সেই সময় থাকতাম...। বাবার মনটা খুব নরম ছিল। যুদ্ধের সেই সব হত্যার স্মৃতি তাঁকে অসুস্থ করে দিয়েছিল। যুদ্ধে তাঁর শহীদ হওয়া বন্ধুদের কথা মনে করে প্রায়ই কাঁদতেন তিনি। বাবা এখন নেই, কিন্তু তাঁর গল্পগুলো রয়ে গেছে। আমার কাছে তিনি একজন ভীষণ সাহসী এবং নির্ভীক যোদ্ধা। একজন নায়ক। প্রত্যেক মুক্তিযোদ্ধা একেকজন নায়ক। প্রত্যেক মুক্তিযোদ্ধা একেকজন বীর।
রংপুর বন্ধুসভা