বাবা এবং এক অন্যরকম ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি কোনো বছরকে আমি আজীবন মনে রাখি, তবে সেটা ছিল ২০০৯ সাল। আমার সেকেন্ড প্রফ চলছিল, আর একটা পরীক্ষা বাকি ছিল। এমন এক সকালে আমার ঘুম ভেঙেছিল আব্বুর কাতর ডাকে। যে মানুষটা ছিল পাহাড়ের মতো বিশাল ব্যক্তিত্ব নিয়ে, যে ছিল বিশাল বট গাছের মতো ছায়া হয়ে; তাঁর এমন কাতর আহ্বানে, এমন হঠাৎ পতনে আমি বোবা হয়ে ছিলাম কিছুক্ষণ। ওয়ার্ডে ঘোরাঘুরি করতে করতে তত দিনে স্ট্রোকের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। তাই ভোর পাঁচটায় আমি বুঝে ফেললাম যে আমার আব্বা, স্পোর্টসম্যান-স্লিম আব্বা, যার সুস্থতা নিয়ে আমরা ছিলাম নিঃসন্দেহ; তিনি স্ট্রোক করেছেন।

এরপরের গল্প কেবলই যুদ্ধের, অনিশ্চয়তার আর ভয়ের। প্রতিটি রাত ঘুমাতে যেতাম ভয় নিয়ে আবার স্ট্রোক হবে না তো? প্রতিটা মুহূর্ত কাটত অনিশ্চয়তায়। প্রতি নামাজে দোয়া করতাম—‘আল্লাহ, আব্বুকে নিয়ে যাইয়েন না, তার হাঁটার দরকার নাই, শুধু থাকুক আমাদের মাঝে। হাসপাতালে থাকা অবস্থায় ভয়ে ভয়ে ফোনের দিকে তাকাতাম, কোনো দুঃসংবাদ নিয়ে ফোন আসবে না তো?’

এর মাঝে দেখতে দেখতে রোজা চলে এল। চতুর্থ শ্রেণি থেকে প্রতি রোজায় আব্বুর সঙ্গে মসজিদে যেতাম তারাবি পড়তে। আব্বু তার পাশে আমার ফিক্সড জায়গায় বসিয়ে পড়তে বলতেন দীর্ঘ নামাজ। নামাজে মনযোগ থাকত না, অস্থির লাগত। কিন্তু ২০০৯-এর রোজায় বুঝতে পারলাম, কত মধুর ছিল আব্বুর সঙ্গে তারাবি পড়তে যাওয়া। রোজার প্রতিটা দিন, প্রতিটা সন্ধ্যা ছিল বিষণ্নতা আর মন খারাপে ভরা। আমরা দুই ভাই-বোনই ছাত্র, ব্যাংক ব্যালান্স বলতে কিছুই ছিল না। চাকরি নিয়ে বিব্রত, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অস্থির মা আমার হাইপারটেনশনের রোগী হয়ে গেলেন। সত্যিই অবাক করার বিষয়, রমজান মাসে আল্লাহর রহমতে কীভাবে যেন অনেক সমস্যার সহজ সমাধান হয়ে গেল। তারপরও ভাবছিলাম, এবারের ঈদ হবে আমাদের জীবনের সব থেকে জঘন্য ঈদ। আব্বুকে ছাড়া কীভাবে নামাজ পড়তে যাব, ভাবতেই কান্না থামিয়ে রাখতে পারতাম না।

দেখতে দেখতে ঈদ চলে এল। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। কিন্তু দেখলাম আমার অসীম সাহসী, অস্বাভাবিক জেদি মা, ডান সাইড পুরোপুরি হেমিপ্লেজিক আব্বাকে ঠিকই পাঞ্জাবি পড়িয়ে নিয়ে এসেছেন। আমরা দুজন নামাজে গেলাম, ছেলেবেলার মতো। তখন আব্বু ধরত আমার হাত, এখন আমি ধরেছি তাঁরটা। সত্যি বলছি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সীমা নেই, সেই ঈদ ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। আব্বার সঙ্গে নামাজ পড়তে যাওয়ার আনন্দ অনুধাবন করতে পারিনি এর আগে। আল্লাহ আমার আব্বাকে, আমাদের নতুন ছায়া আম্মাকে দীর্ঘায়ু দান করুক। আল্লাহ মহান, তিনি যা জানেন আমরা তা জানি না।