বাবা-ছেলে দুজনেরই প্রিয় ক্রিকেট

বাবার সঙ্গে ইরফান সাজ্জাদ। ছবি: জুয়েল শীল
বাবার সঙ্গে ইরফান সাজ্জাদ। ছবি: জুয়েল শীল

মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ। তাঁর বাবা আবুল হাশেম, ব্যবসায়ী। আজ দুই প্রজন্মে থাকছে বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. দুজনের প্রিয় বাঙালি খাবার...
ইরফান সাজ্জাদ: আমি সব ধরনের সাধারণ খাবার খেতে পছন্দ করি। ডালভাত-আলু ভর্তা সবজি। তবে সবচেয়ে প্রিয় মায়ের হাতের চিংড়ি ভাজি।
বাবা: ভাত-ডাল আর শাকসবজি খেতে ভালো লাগে। আর সাজ্জাদের মতো আমারও প্রিয় খাবারের মধ্যে আছে চিংড়ি মাছ।
২. প্রিয় অভিনয়শিল্পী?
ইরফান সাজ্জাদ: দেশে ও দেশের বাইরে সবার অভিনয়ই আমি দেখি। তবে অভিনয় করতে গিয়ে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করে। এ ছাড়া তানিয়া আহমেদের অভিনয়ও ভালো লাগে।
বাবা: আমার ছেলে সাজ্জাদ এখন অভিনয়ে নিয়মিত, তাঁর অভিনয় তো ভালো লাগেই। এ ছাড়া মোশাররফ করিম আর নোবেলের অভিনয় খুবই ভালো লাগে।
৩. কোথায় বারবার যেতে চান?
ইরফান সাজ্জাদ: আমি চট্টগ্রামের ছেলে। ঘোরাফেরা আর থাকার ক্ষেত্রে চট্টগ্রাম আমার কাছে স্বর্গ। এর বাইরে সুইজারল্যান্ডে বারবার যেতে মন চায়। কিন্তু একবারই যাওয়া হয়েছে।
বাবা: চাকরির কারণে আমি অনেক বছর দুবাইতে ছিলাম। তবে বারবার যেতে মন চায় মক্কা-মদিনায়।
৪. কোন খেলা বেশি পছন্দ?
ইরফান সাজ্জাদ: ক্রিকেট আমার খুবই পছন্দের খেলা। আমি নিজেও ক্রিকেট খেলতাম। সুযোগ পেলে এখনো খেলি।
বাবা: ক্রিকেট সবচেয়ে বেশি ভালো লাগে।
৫. কোন দিকটা বদলাতে পারলে ভালো লাগত?
ইরফান সাজ্জাদ: আমি একটু অলস প্রকৃতির। এ কারণে অনেক কাজ দেরিতে শুরু করতে হয়। সুযোগ পেলে এই দিকটা বদলে ফেলতে চাই।
বাবা: আমি কিছুটা রাগী। তবে মানুষের উল্টাপাল্টা কথাবার্তার কারণে আমি রেগে যাই। রাগ কমাতে চাই।
৬. জীবনের সবচেয়ে প্রিয় ঘটনা...
ইরফান সাজ্জাদ: যেদিন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হই। কখনো ধারণাই করিনি এত এত প্রতিযোগীকে টপকে আমি সেরা হব। তবে এ জন্য আমার পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা।
বাবা: আমার ছেলে যেদিন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়, সেদিন আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল।
৭. কোন ধরনের পোশাক ভালো লাগে?
ইরফান সাজ্জাদ: ক্যাজুয়াল পোশাকে থাকতে বেশি পছন্দ করি। টি-শার্ট, জিনস ও স্নিকার
বেশি পছন্দ।
বাবা: আমি টি-শার্ট ও হাফ শার্ট পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে বিভিন্ন অনুষ্ঠানে পাঞ্জাবি আর পাজামা পরা হয় বেশি।