ফজরের নামাজ শেষে দিনের আলো ফোটার সময়টাতে বেরিয়ে পড়েন হাঁটতে। সঙ্গে থাকেন স্ত্রী এবং ছোট মেয়েটা। বাবার হাত ধরে গুটি গুটি পায়ে খেজুরবাগান পার হয়ে বিজয় সরণি পর্যন্ত গেলেই ক্রিসেন্ট লেক। রাস্তা পার হওয়ার সময় বারবার মেয়েটি ভয় পায়। বলে, ‘বাবা গাড়ি চলে আসছে তো! ’ কিন্তু বাবা আশ্বাস দেন, গাড়িটা চলে গেলেই রাস্তা যখন ফাঁকা থাকবে, তখন রাস্তা পার হতে হবে। কখনোই তাড়াহুড়া করা যাবে না। প্রতিদিন সংসদ ভবনের পাশ দিয়ে যেতে যেতে জিজ্ঞেস করেন,‘স্থপতির নামটা বলো’। ছোট মেয়েটি বলে, ‘লুই আই কান’। তারপর বলে ওই যে হলুদ হলুদ ঝুমকের মতো ফুল ফুটে আছে, গাছটার নাম বলো। মেয়েটি বলে, ‘সোনালুগাছ’। এভাবে একটার পর একটা গাছ সামনে আসতে থাকে। এভাবে কত গাছ, ফুল, পাখির নাম শেখা, পথ চলতে শেখা।
বাংলাদেশের প্রতিটি কোনায় তিনি গিয়েছেন কর্মসূত্রে। আমার বাবা যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নিয়োগপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। এ ছাড়া সম্পৃক্ত ছিলেন কৃষি ভবন ও সেচ ভবন ডিজাইনের অ্যাডভাইজার বোর্ডে এবং ভবন নির্মাণকাজের দায়িত্বে। সংসদ ভবনের ঠিক বিপরীতে সেচ ভবন, তাই সেচ ভবনের পাশ দিয়ে যখনই আমি যাই, আমার মনে হতে থাকে আমার বাবার কথা। তিনি বিদেশে পড়ালেখা করেছেন সেচ গবেষণার ওপর। কিন্তু দেশের টানে, মাটির টানে আবার ফিরে এসেছেন প্রবাসের বিলাসী জীবন পরিত্যাগ করে।
একসময় কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তবু তিনি পরিবেশ রক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
নাথালিয়ান কান তাঁর বাবাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন, যেখানে তাঁর বাবা লুই আই কানের কাজগুলো তুলে ধরা হয়। আমি আমার বাবাকে নিয়ে কিছু বলার তাগিদ থেকেই আজ লিখতে বসেছি। আমার বাবা প্রকৌশলী এম এম কালাম একজন ভালো মানুষ। যিনি তাঁর দেশকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন আর ভালোবাসেন বাংলাদেশের প্রতিটি কৃষককে। যাঁরা নিরলস শ্রম দিয়ে ফসল ফলান, যাঁদের ঘামে এবং মেহনতে আমাদের খাবার টেবিল সেজে ওঠে। বাবা তোমাকে জানাই শ্রদ্ধা।
সামিয়া কালাম, ঢাকা