বাবা নেই তাই ঈদও হয়নি আবিরের

এ বয়সে ঘরে-বাইরে ছুটে বেড়ানোর কথা ছোট্ট আবিরের। তার ওপর ঈদ বলে কথা। কিন্তু ছেলেটির মুখে রাজ্যের বিষণ্নতা। ঈদের নতুন জামা কেনা হয়নি বলে মনে কষ্ট নেই কোনো। কেবল একটিবার বাবাকে দেখতে চায় ও। বাবার বাঁধাই করা ছবিটা দেখিয়ে বলে, ‘প্লিজ, আমার বাবাকে এনে দেন।’
এমনই শোকের আবহ নিয়ে এবার ঈদ এল ফটিকছড়ির নিখোঁজ বিএনপি নেতা ও লেলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল আলমের পরিবারের সদস্যদের মধ্যে। গত ৩০ জুলাই ঈদের পরদিন তাঁর বাড়িতে গিয়ে উৎসবের আমেজ দেখা যায়নি। ঈদ যেন চোখের জলেই ভাসাতে এসেছে। স্বামীর নিখোঁজ হওয়া মানতে পারছেন না স্ত্রী সোলতানা পারভীন। দুই ছেলে আনোয়ারুল আজিম (১৪) ও আনোয়ারুল ইকবাল আবির (৮) এখনো বাবার পথ চেয়ে বসে থাকে। ঈদে নতুন পোশাক দূরের কথা, লেখাপড়াই বন্ধ হতে বসেছে তাদের। সংসারে আয়-রোজগার নেই। দুই ছেলেকে নিয়ে ধার-কর্জ করে কোনোমতে সংসার টেনে নিচ্ছেন সোলতানা। কিন্তু আর কত দিন? কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘আমরা মানুষটার খোঁজ চাই, কী হয়েছে অন্তত এটুকু জানতে চাই। আর সহ্য হচ্ছে না।’
পরনে পুরোনো শাড়ি। সেটি দেখিয়ে সোলতানা বললেন, ‘ঈদের সময় আমার পরনে নতুন শাড়ি না দেখলে খুব রাগ করতেন তিনি। আমার কথা বাদ দিন, ছেলে দুটোকে কিছু কিনে দিতে পারিনি। তারাও কোনো বায়নাও ধরেনি। মা হয়ে এই কষ্ট আমি কীভাবে সহ্য করি।’ ২০১২ সালে বিএনপির ১২ মার্চের সমাবেশে যোগ দিতে বেশ কয়েক দিন আগেই ঢাকা যান শহীদুল। ৬ মার্চ মুঠোফোনে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়। এর পর থেকে তিনি নিখোঁজ। এ ঘটনার পর সোলতানা পারভীন নগরের খুলশী ও পাঁচলাইশ মডেল থানায় পৃথক দুটি জিডি করলেও পুলিশ এখানো সন্ধান দিতে পারেনি।
বড় ছেলে আনোয়ারুল বাবাকে ফেরত চায়। বাবা না থাকায় লেখাপড়া বন্ধ হওয়ার দশা। তার একটাই প্রশ্ন, ‘আমরা এখন কী করব? পড়াশোনা চালিয়ে যাব কীভাবে?’
ছোট্ট আবিরের মুখে কোনো কথাই নেই। দেবশিশুর মতো মুখটায় বোবা কান্না। চোখে কেবলই নীরব হাহাকার। অনেকবার কথা বলার চেষ্টা করার পর খুব ক্ষীণ কণ্ঠে বলে ওঠে সে, ‘প্লিজ, যেভাবেই হোক বাবাকে এনে দেন। আমি শুধু বাবাকে চাই, আর কিছু নয়।’