বাবা-বন্ধু
‘পাহাড়ের শক্তি, বৃক্ষের বিশালতা, গ্রীষ্ম সূর্যের প্রখরতা, মহাসাগরের প্রশান্তি, প্রকৃতির মহানুভবতা—এসব মিলিয়েই ‘বাবা’।’বেশ ছোট ছিলাম তখন। কোনো এক বাবা দিবসে বিশাল এক দেয়াল পত্রিকা তৈরি করেছিলাম। ঠিক এ কথাগুলোই লিখেছিলাম সেখানে। সেই সামান্য উপহার পেয়ে বাবার খুশি দেখে কে! নিজে গিয়ে বাঁধাই করে এনে ড্রয়ং রুমে টাঙিয়ে দিয়ে সবাইকে মহা উৎসাহে বলে বেড়াতে লাগলেন, ‘এটা আমার মেয়ে নিজে করেছে’। যখন লিখেছিলাম, কতটুকু জেনে বা বুঝে লিখেছিলাম মনে নেই। তবে এটুকু জানি, ‘বাবা’ বলতে আমার সম্পূর্ণ আলাদা একটি জগৎ। বড় অদ্ভুত মানুষ আমার এই বাবাটি। এমন তেজস্বী, জ্ঞানী, আন্তরিক, বন্ধুবৎসল মানুষ আমি কখনো দেখিনি। একজন মানুষ কী করে এমন হাসিমুখে মৃত্যুর সঙ্গে লড়তে পারে—ভেবে পাই না। আর্থিক ও আন্তরিকতার সংকটের কারণে চিকিৎসা হয়নি তাঁর। আমি তথাকথিত একজন ডাক্তার হয়েও কিছু করতে পারিনি। আর যারা পারত তারা করেনি। সেদিন হঠাৎ ফোন পেয়ে ছুটে যাই বাড়িতে। ভেবেছিলাম হয়তো পাব না আর। কিন্তু সৃষ্টিকর্তা আমায় নিরাশ করেননি। হয়তো আমি আসায় অলৌকিকভাবেই বাবা একটু সুস্থ হয়ে উঠলেন। রাতে শুনি বাবা ডাকছেন। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করতেই জবাব এল, ‘চল্ না একটু গল্প করি।’ আমি যার পর নাই অবাক। মাকে ডাকতে গিয়েও ডাকলাম না। সারা রাত ধরে চুটিয়ে আড্ডা চলল, খাওয়া-দাওয়া হলো, অনেক মজা করলাম দুজনে। এমনকি আমি নিজেও হিসেব মেলাতে পারিনি যে কী করে বাবা নিজে হেঁটে এলো, কী করে খেলেন, কী করে নির্দ্বিধায় কথা বললেন! বহুদিন পর সেই পুরোনো দিনের স্বাদ পেলাম। সেদিনই বুঝেছিলাম আমার বাইরে যত বন্ধুই থাকুক, বাবার বন্ধু এখনো সেই একা আমিই। সেটাই ছিল আমাদের শেষ দেখা। এখন বাবা নেই। বাবা তুমি যেখানে যেভাবেই থাকো না কেন, সব সময় তুমি আমার সঙ্গেই আছ। তাসনিম রহমান, আজিমপুর, ঢাকা