বাবা বাঁচতে পারেননি এবার হুমকি ছেলেকে
২০০৫ সাল থেকে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষায় রাউজান থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে একের পর এক সাধারণ ডায়েরি ও মামলা করেও বাঁচতে পারেননি প্রবাসী আবু মুছা (৪৫)। সম্পত্তির দাবিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা সৃষ্ট বিরোধের জের ধরে তাঁকে খুন হতে হয়েছে ২০১০ সালের ৬ মার্চ। প্রতিপক্ষের লাঠি ও কিরিচের আঘাতে খুন হয়েছিলেন তিনি। এখন তাঁর ছেলেকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায়, রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুরপাড়া গ্রামের মৃত ওমদা মিয়ার ছেলে প্রবাসী আবু মুছাকে রক্ষা করতে গিয়ে ঘটনার দিন ঘাতকদের হাতে গুরুতর আহত হয়েছিলেন নিহতের স্ত্রী জন্নাতুল ফেরদৌসসহ (৩৫) দুই সন্তান। তাঁদের সেই সময় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ খুনের ঘটনায় তখন মামলা করেছিলেন তাঁর ছেলে মোহাম্মদ ইমরান (২২)। তাঁর অভিযোগ, খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরা জামিনে এসে তাঁকেও জীবননাশের হুমকি দিচ্ছে। বলা হচ্ছে, ‘জীবন বাঁচাতে চাইলে খুনের মামলাসহ সব মামলা তুলে নিয়ে সম্পত্তির দাবি ছাড়তে হবে।’ ইমরান বিষয়টি জানিয়ে থানায় আবারও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গত ২৪ মে।নিহত মুছার পরিবার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৬ জুলাই প্রবাসী আবু মুছার স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাউজান থানায় সাধারণ ডায়েরি করে থানা প্রশাসনকে জানিয়েছিলেন প্রতিপক্ষ তাঁর পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছে। এর এক মাস পর মুছা মধ্যপ্রাচ্যের দুবাই বাংলাদেশ কনসুলেট কার্যালয়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে আবেদন জানান। পুলিশ ঘটনা তদন্ত করে প্রতিপক্ষ মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ কালাম, মোহাম্মদ আবদুস ছালাম, মোহাম্মদ জহির মিয়ার নামে মামলা নেয়। দুইপক্ষের এ বিরোধ থেকে ২০০৯ সালের ১০ আগস্ট প্রতিপক্ষের লোকজন নিহতের ছেলে মোহাম্মদ ইমরানকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে। গুরুতর আহতাবস্থায় তাঁকে স্বজনেরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলেন। এ ব্যাপারে ইমরান ১৭ আগস্ট সাধারণ ডায়েরি করেন। পুলিশের তদন্ত শেষে মামলা রেকর্ড হয় ২৬ আগস্ট। এ মামলায় মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইউছুপকে অভিযুক্ত করা হয়। দুইপক্ষের মধ্যে বিরোধের এ ধারাবাহিকতায় প্রতিপক্ষের হাতে সর্বশেষ খুন হন প্রবাসী আবু মুছা। মুছার পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষ এখন থানায় দায়ের করা সব মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তা না করলে মুছার ছেলে ইমরানকেও একই ভাগ্যবরণ করতে হবে। জানা গেছে, এ রকম হুমকির মধ্যে মুছার পরিবার আবারও রাউজান থানায় গত ২৪ মে সাধারণ ডায়েরি করেছে জীবনের নিরাপত্তা চেয়ে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিলচন্দ্র মণ্ডল ডায়েরি লিপিবদ্ধ হওয়ার কথা স্বীকার করে জানান, ‘আসামিদের গ্রেপ্তার করে চালান করা হয়েছে। আদালত বিচার-বিশ্লেষণ করে কয়েকজনকে জামিন দিয়েছেন।’ নতুন করে হুমকি দেওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানান।