
‘বাবা’কে নিয়ে আমাদের সংস্কৃতিতে খুব বেশি আদিখ্যেতা নেই।
বাবা মানে দূরের মানুষ। সংসারের রাশভারী, নামজাদা মেহমান। তাঁকে পাতলা পর্দার মতো ঘিরে থাকে ভয়, রাগ, শাসন আর গাম্ভীর্য। আবার কীভাবে যেন তাঁর মধ্যেই খঁুজে পাওয়া যায় এক আকাশ নির্ভরতা আর একরাশ নিরাপত্তার অনুভূতি। তিনি ভালোবাসেন ঠিকই, স্নেহও করেন, কিন্তু সবই যেন সীমিত মাত্রায়। বাবার সঙ্গে সন্তানের সম্পর্কে মিশে থাকে খানিকটা দূরত্ব, খানিকটা সংকোচ, খানিকটা ভীতি মেশানো শ্রদ্ধা। বলছি, আগের দিনের বাবাদের কথা।
তবে সেই অবস্থা এখন আর নেই বললেই চলে। এখনকার সময়ে অনেক বাবাই সন্তানদের বন্ধুর মতো, একদম কাছের মানুষ। স্নেহশীল। কর্তব্যপরায়ণ। সন্তানদের সব কাজ ও অকাজের প্রশ্রয়দাতা।
অনেকে বলেন, মেয়েরা নাকি বাবার বেশি প্রিয় হয়, আর বাবারাও নাকি মেয়েদের কাছ থেকেই বেশি আদর পান। কথাটায় যুক্তি হয়তো নেই, কিন্তু খুব একটা ভুলও বোধহয় নেই। এমন মেয়ে খুব কমই আছে, বাবার জন্য যার মনে বিশেষ দুর্বলতা নেই। বাবা যেন তার এক ছোট্ট ছেলে। যাকে সে ভালোবাসে, আবার শাসনও করে। যত্ন নেয়, আবার বকুিনও দেয়। আর বাবারা? মেয়ের জন্য জান-জীবন। মেয়ের সুখই যেন বাবার সুখ।
‘আয় রে আমার কাছে আয় মামণি, এ হাতটা ভালো করে ধর এখনই...’ হেমন্ত মুখোপাধ্যায়ের দরাজ কণ্ঠের এই সুরেলা ডাকে কন্যার প্রতি বাবার স্নেহের যে চিরায়ত আকুলতা প্রকাশিত হয়েছে—তা হয়তো প্রতিটি পিতা-কন্যাই উপলব্ধি করেন। সংসারে পিতা-কন্যার এই যে অপরূপ ভালোবাসা, এই যে বন্ধন, তা যেমন নির্মল, তেমনি নিঃস্বার্থ আর পবিত্র।
‘কোথা থেকে যে বাবার জন্য এত মায়া, এত ভালোবাসা, এত টান তৈরি হয়েছে বুঝতে পারি না। শুধু বুঝি বাবা আমার পরম প্রিয় বন্ধু। আমার অনুপ্রেরণা। আমার আত্মবিশ্বাস।’ বলছিলেন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ফারহানা।
‘এটা ঠিক, অনেক সময় আমি বাবার মন খারাপের কারণ হয়েছি, হয়তো তাঁর প্রত্যাশামতো ফলাফল করিনি, হয়তো তিনি আমাকে নিয়ে যেমন স্বপ্ন দেখেছিলেন, তেমন হতে পারিনি, তবু বাবা আমাকে কিছু বুঝতে দেননি, নিজের আশা ভঙ্গের কথা বলেননি বরং সাহস দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। তাঁর কাছে আমি এখনো ছোট্ট শিশু। বড় হইনি। হয়তো কোনো দিন হবও না।’
আবার স্থপতি আশরাফ বলছিলেন অন্য কথা। তাঁর ভাষায় ‘বাবার সঙ্গে আমার চিন্তা-ভাবনায় ব্যাপক অমিল ছিল, আর সে কারণে দুজনের মধ্যে প্রায়ই একটা “শীতল যুদ্ধাবস্থা” বিরাজ করত। কিন্তু যখন আমার বয়স বাড়ল, বয়স হলো বাবারও, তখন বুঝলাম তাঁর কথার মাজেজা। বলতে পারেন, বাবার জন্যই আমি এখন জীবনে প্রতিষ্ঠিত। তাঁর অনেক পরামর্শ এখন বুঝতে পারি, আমার জীবনে খুব কাজে লেগেছে। তিনি যে আমার ভালো চাইতেন, সেটা বুঝতে এখন আর একটুও কষ্ট হয় না।’
আশরাফ নিজেও এখন এক কন্যা আর এক পুত্রের বাবা। ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। ওরা স্কুলে কী করল, বন্ধুদের সঙ্গে কোথায় গেল, কোন গল্পের বইটা ওদের ভালো লেগেছে, কোন সিনেমাটা বেশি পছন্দ—এ সবই বাবার সঙ্গে ভাগাভাগি করে ওরা।
‘আমি জানি যাই ঘটুক, বাবাকে আমি পাশে পাব সব সময়, দুঃখে-সুখে-বিপদে-আনন্দে। এই অনুভূতিটাই আমাকে একটা নিরাপত্তা আর নির্ভরতার বোধ দেয়। দেয় আত্মবিশ্বাস।’ বলছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী শান্তা৷ তাঁর মতো আরও অনেক সন্তানের মনেই হয়তো আছে এমন অনুভূতি। কেননা সন্তানমাত্রই জানেন, বাবা মানে মাথার ওপর শীতল কোমল ছায়া। বাবা মানে ডালপালা মেলা এক বিশাল বটবৃক্ষ। ধুম বৃষ্টিতে বা তীব্র জ্বালাময় রোদে বাবা সন্তানের কাছে শািন্তদায়ক ছাতা। ঘুটঘুটে অন্ধকারে পথ দেখানো আলো।
হয়তো অনেক সময় মুখ ফুটে বাবাকে ভালোবাসি কথাটা বলা যায় না, কিংবা বলা হয় না। কিন্তু কিছু ভালোবাসা আছে যা মুখে না বললেও মনে মনে সহস্রবার বলা হয়ে যায়। আর যাকে উদ্দেশ্য করে বলা তিনি ঠিকই তাঁর অন্তর দিয়ে তা শুনতে পান। বুঝতেও পারেন।
পৃথিবীর সব বাবার প্রতি অগাধ শ্রদ্ধা৷