বাবা-মেয়েরআমবাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছে গাছে ঝুলছে আম। ছোট্ট গাছের শরীর নুয়ে পড়ছে আমের ভারে। একটি দুটি নয়, সারি সারি। শুধু কি আম! গাছে থোকায় থোকায় রসাল লিচু। আছে রকমারি সবজিখেত। তবে পরিচিতিটা আমের নামে—‘বাবা-মেয়ের আমবাগান।’ স্থানীয় লোকজনের দেওয়া এ নামে পরিচিত বাগানটি।

কক্সবাজার শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ‘বিশেষ নারিকেলবাগান’। তার পাশে আরেক ফালি সবুজের সমারোহ। যা গড়ে তুলেছেন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সাবেক সুপারিনটেনডেন্ট (সুপার) নাসির উদ্দিন। তাঁর প্রধান সহযোগী মেয়ে হাসিনা বেগম। তিনি টেকনাফ কলেজের শিক্ষক।

বাগানে ঢোকার মুখে চোখ আটকে যায় কিছু পরিচিতিফলকে (সাইনবোর্ড)। তাতে লেখা, ‘একটি গাছ কাটলে আমার বুক কাঁপে, আপনার কাঁপে না?’, ‘আমরা আপনাদের অক্সিজেন দিই, আমাদের নিধন করবেন না’ ও ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’।

গত বৃহস্পতিবার দুপুরে বাগানে গিয়ে দেখা গেল, নাসির উদ্দিন আমগাছের গোড়ায় সার দিচ্ছেন। আর মেয়ে হাসিনা বেগম গাছের পাকা আম তুলছেন। বাগানের একেকটি গাছে গাছে ঝুলছে ৫০ থেকে ৬০টি করে আম। কয়েকটি গাছে ধরেছে লিচু। বাগানের খোলা মাঠে দেখা গেল কয়েকটি গরু নিয়ে দুগ্ধখামার, সবজিখেত আর সবুজবনায়ন।

নাসির উদ্দিন বলেন, ‘বাড়ির সুপারি বিক্রি করে বাবা আমাকে শিক্ষক বানিয়েছিলেন। শিকক্ষতা জীবন শেষে আমি এখন অবসরে। নিজের জন্য কিছুই করিনি। পেনশনের টাকায় এই পরিত্যক্ত জঙ্গল সাফ করে ফলদ বাগান গড়েছি। লোকজন এসে গাছ থেকে আম, লিচু খাচ্ছেন। অনেকে শাকসবজি নিয়ে যান। টাকা চাইতে পারি না।’

নাসির উদ্দিন জানান, ২০১০ সালে কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের রামু রাজারকূল এলাকার পরিত্যক্ত চার একর ভূমিতে তিনি ‘সবুজ বাংলা’ ফলদ বাগানটি তৈরি করেন। এ পর্যন্ত তিনি ৩৪৫টি বিভিন্ন জাতের আম, ২০০টি লিচু, ৫০টি নিম, ২০টি অর্জুন ও এক হাজার আকাশমণি গাছ লাগিয়েছেন। তবে তিনি ফল বিক্রি করেন না।

কথা হয় তাঁর মেয়ে হাসিনা বেগমের সঙ্গেও। তিনি বলেন, কলেজে শিক্ষকতার পাশাপাশি (বৃহস্পতি ও শুক্রবার) বাগানে এসে বাবাকে সহযোগিতা করছি। বাবা-মেয়ে মিলে ভবিষ্যতে এই বাগানে পাখির অভয়ারণ্য তৈরির পাশাপাশি দুগ্ধ ও মৎস্য খামার তৈরির পরিকল্পনা আছে।

নাসির উদ্দিন তাঁর সাবেক কর্মস্থলেও বেশ জনপ্রিয়। সেখানেও তিনি গড়ে তুলেছেন সবুজের মেলা। পিটিআই কক্সবাজারের সুপার বিজয় মোহন গোস্বামী বলেন, অবসরপ্রাপ্ত সুপার মো. নাসির উদ্দিন চাকরিকালে এই ক্যাম্পাসে (পিটিআই) শত শত বৃক্ষরোপণ করে সবুজে ভরিয়ে গেছেন। এখন ফলদ বাগান নিয়ে তিনি মহাব্যস্ত। সবুজায়নের এই আভা ছড়িয়ে পড়ুক সবখানে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, একশ্রেণীর মানুষ বনাঞ্চল ধ্বংস করছে। কিন্তু নাসির উদ্দিন ব্যতিক্রম। তিনি পকেটের টাকা খরচ করে পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়েছেন। এর আগে তিনি পিছিয়ে পড়া স্কুল ছাত্রছাত্রীদের জ্ঞান দানের কর্মসূচি গ্রহণ করে দেশব্যাপী প্রশংসিত হন। প্রথম আলো পত্রিকা ‘পিছিয়ে পড়াদের বন্ধু’ শিরোনামে তাঁকে নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।

রাজারকূলের বন বিট কর্মকর্তা বাহারুল ইসলাম জানান, নাসির উদ্দিন প্রকৃতভাবে নিঃস্বার্থ বৃক্ষপ্রেমিক। তাঁর এই উদ্যোগ স্বীকৃতি পাওয়ার যোগ্য।