
শাহীন, হাশেম, আমির চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, বালুছড়া, মুরাদপুরের বাসিন্দা। তিনজনেরই একটি করে পা নেই। অথচ দিব্যি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। তিনজনের কাছে যখন জানতে চাওয়া হলো, কেন এই কষ্টের কঠিন জীবনসংগ্রাম। তিনজনেই হেসে জবাব দিয়েছেন, ‘কষ্ট কই। আমাদের ছেলেমেয়ে আছে। তাদের কি মানুষ করতে হবে না?’ এই হচ্ছেন বাবা। রোদ-বৃষ্টি-ঝড়-জ্বরজারি কোনো কিছুই তাঁদের সামনে বাধা নয়।
আমার নিজের বাবার কথাই যদি বলি। আমি সব সময় অনুভব করি, রবীন্দ্রনাথের মতো লম্বা বটবৃক্ষের মতো বিশাল মানুষ আমার দিকে হাত বাড়িয়েই রয়েছেন। আমি সেই হাতের আঙুল ধরে হাঁটছি। হাঁটি হাঁটি পা পা হাঁটছি আর হাঁটছি। আমি পৃথিবীর আলো দেখেছি বাবার হাত ধরে। পৃথিবীর যে দেশেই কাজে, ভ্রমণে গেছি, সব সময় অনুভব করেছি, বাবা আমার সঙ্গে আছেন। বাসার পাশে নিমগাছে কাকের বাসা দেখিয়ে প্রতিদিন সকাল-বিকেল-দুপুরে কতবার জানতে চেয়েছি, ‘ওটা কী।’ বাবা প্রতিবারই বলেছেন, ‘কাকের বাসা। ওটা কাক।’ কখনোই বিরক্ত হননি। হাসিমুখে অফুরন্ত আনন্দের উৎস হয়ে আমার দিকে তাকিয়ে। আমি পৃথিবীর পাঠশালায় জীবনকে মোকাবিলার শক্তি, সাহস, অনুপ্রেরণা ও উদ্দীপনা—সব পেয়েছি বাবার কাছ থেকে।
হঠাৎ ব্যথা পেলে বা কষ্টে কাতরানোর সময় মুখ দিয়ে সবার আগে ‘মাগো’ শব্দটি চলে আসে নিজের অজান্তেই। মায়ের সঙ্গে সন্তানের খাতির বেশি থাকে। যত সহজে কোনো কিছু মাকে বলা যায়, অনেক সময় বাবাকে বলা যায় না। আজকাল এই চিত্র কিছুটা বদলেছে। মা-বাবা দুজনের সঙ্গেই সন্তানদের ভালো বোঝাপড়া দেখা যায়। কিন্তু সন্তানের অসুখে বাবার উদ্বিগ্নমুখ কেউ কি তেমন খেয়াল করেছি? বাবা সেই সময় সন্তানের জন্য দরকারি ওষুধ আনা, পছন্দের খাবারটা আনা, সারা রাত জেগে থাকা—এসবই চোখের আড়ালেই থেকে যায়। তাই সংসারে বাবাকে একটু গম্ভীর প্রকৃতির বলেই ধরে নেওয়া হয়। বাবার সঙ্গে সে কারণেই হয়তো একটু দূরত্ব হয়ে যায়। বাবার কী পছন্দ, তাঁর মন কী চায়—সেটা সন্তান হিসেবে জানার চেষ্টা করেছেন কি?
বাবার জন্য ভালোবাসা
বড় হয়ে কতটাই বা সময় আমরা দিতে পারি বাবাকে। বাবা দিবসে বাবার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে দিলেই কি সব দায়িত্ব সারা হয়ে যায়, কিংবা বাবাকে কোনো রঙিন কার্ড দিলে? বাবা দিবসের নানা আনুষ্ঠানিকতা নিশ্চয় বাবাকে সুখী ও খুশি করার জন্যই। ১৯ জুন এবারের বাবা দিবসে বাবাকে দিতে পারেন চমকে। নিজে কিছু একটা রান্না করে, বাবার পছন্দের কোনো বই, গানের সিডি কিনে দিতে পারেন। বাবার যাঁরা কাছের মানুষ, তাঁদেরও একসঙ্গে করতে পারেন।
বছরের একটা দিন যথেষ্ট নয় মোটেই। তারপরও এই দিনে বাবাকে প্রিয় কোনো উপহার, তাঁকে ঘিরে স্মৃতির আসর, আনন্দময় অনুষ্ঠান—এসবই অনবদ্য।
তবে বাবার মন কী চায়, সেটা জানা দরকার। ব্যস্ততার মধ্যে সময় দিতে হবে। অনেক সময় শুধু সন্তানদের সঙ্গ চান। বাবার শরীরটা কেমন জানা, নিয়মিত শরীরের পরীক্ষা করানো। যার যেমন সাধ্য বাবাকে নিয়ে ঘুরতে যাওয়া। তাঁকে প্রফুল্ল রাখা, তাজা ও আনন্দময় রাখা। একটা সময় আসে, যখন নিজস্ব গ্রাম, নস্টালজিক শহর, চিরচেনা পরিবেশ সবাইকে টানে। বাবাকে যদি সে রকম পরিবেশে ঘুরিয়ে আনা যায়, সে-ও মন্দ কি। তাঁর জীবনের প্রিয় ও পরিচিত মানুষগুলোর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া। জীবনযুদ্ধে লড়াই করে বয়সের ভারে তিনি যখন বিশ্রামে, তখনই তিনি যেন একা হয়ে না যান। সংসারের মধ্যমণি মা ও বাবা। সেই সম্মানের জায়গাটায় আমৃত্যু শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে আসীন রাখা।
সুলতানা আলগিন, সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা