>অভিনয়শিল্পী অপর্ণা ঘোষের বেড়ে ওঠা থেকে আজকের অবস্থান—সবখানে বাবা অলক ঘোষের ছায়া। বাবাও নাটকের মানুষ। খুঁটিনাটি এখনো ধরিয়ে দেন। তবে এখন কাজের টানে ঢাকাবাসী অপর্ণা। বাবা চট্টগ্রামে। ফলে প্রায় সময় বাবার কাছ থেকে দূরে থাকতে হয়। কিন্তু চোখের আড়াল হলে কী হবে, ব্যস্ততার ফাঁকে ঠিকই প্রতিদিন রুটিন করে মুঠোফোনে চলে বাবা-মেয়ের আলাপ। বাবাকে নিয়ে বলেছেন অপর্ণা। সাক্ষাৎকার নিয়েছেন আশরাফ উল্লাহ

ছোটবেলায় মায়ের চাকরির সুবাদে আমরা থাকতাম রাঙামাটি শহরে। আর বাবার চাকরি চট্টগ্রাম শহরে। তিনি রাঙামাটি আসতেন প্রতি বৃহস্পতিবার। আমরা দুই বোন পথ চেয়ে বসে থাকতাম কখন সেই বৃহস্পতিবার আসবে। রাঙামাটিতে যে বাসায় থাকতাম, তার পাশেই প্রধান সড়ক। দুপুরের পর থেকে বাসের শব্দ পেলেই ছুটে যেতাম দরজায়। এই বুঝি কড়া নাড়েলন বাবা। আর যখন বাবা ঘরে ঢুকতেন, সে কী উচ্ছ্বাস আমাদের। এসেই জড়িয়ে ধরতেন। তারপর আমরা খুলতাম জমানো কথার ঝুলি। বাবা মুগ্ধ শ্রোতার মতো শুনতেন। আমরাও বেশ উৎসাহ পেতাম।
বাবা বৃহস্পতিবার এলে থাকতেন শুক্র ও শনিবার। এই দুই দিন সবকিছু বাদ, শুধু বাবার সঙ্গে ঘোরাঘুরি। রাঙামাটিতেই আমাদের বেড়াতে নিয়ে যেতেন। পাহাড়ের পাশে বসে শোনাতেন নানা গল্প। রাজপুত্র, রাজা-রানি, রাক্ষস—কত কিছুই না বলতেন বাবা। গল্পের সেই চরিত্রগুলো কল্পনায় ভেসে উঠত মনে। মাঝে মাঝে ভাবতাম, আমাকে নিতে ঘোড়ায় চড়ে রাজকুমার আসছে। এ রকম অনেক গল্প শুনেছি বাবার মুখে। ছুটি পেলেই মা আর আমাদের দুই বোনকে নিয়ে বেরিয়ে পড়তেন। দেশের প্রায় সব জায়গায় আমাদের যাওয়া হয়েছে।
এর মধ্যে বাবার হাত ধরে মঞ্চে আসা-যাওয়া শুরু হয়েছে। বাবা ছিলেন চট্টগ্রামের নাট্যদল নান্দিকারের প্রতিষ্ঠাতা সদস্য। পঞ্চম শ্রেণিতে ওঠার পর থেকে নিয়মিত আমি বাবার সঙ্গে নাটকের শো দেখতে চলে আসতাম। চট্টগ্রাম শহরে তো বটেই, ঢাকার বেইলি রোডসহ দেশের বিভিন্ন স্থানেও গিয়েছি। আমিও কাজ করতাম টুকটাক। যেমন মঞ্চে ঢোকার আগে শিল্পীর পোশাকটা এগিয়ে দেওয়া, তাঁদের পানি খাওয়ানো। বেশ মজা পেতাম এসব করে। এরপর কলেজে ভর্তি হলাম চট্টগ্রামে। তখন থেকেই বাবার সঙ্গে থাকা শুরু। এবার আমি নাটকের দলের সঙ্গে যুক্ত হলাম। প্রথম অভিনয় করি কোর্ট মার্শাল নাটকে। বাবা-মেয়ে একসঙ্গে অভিনয় করেছি নাটকে। প্রথমবার মঞ্চে উঠে তো আমার কাঁপাকাঁপি অবস্থা! সংলাপ বলার সময় ভীষণ ভয় লাগছে। তখন বাবাও মঞ্চে ছিলেন। ঠিকই তিনি আমাকে এগিয়ে দিয়েছেন। বাবার সাহায্যে সেই যাত্রায় বেঁচে যাই। অবশ্য পরবর্তী নাটক পাপপুণ্য–তে সেই জড়তা কেটে যায়।
ঢাকায় আসাটা ২০০৬ সালে। লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় এসেছিলাম। প্রতিযোগিতায় আসার পর বাবা বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি পারবে।’ এই কথাটি বারবার আমার কানে বাজত। যে প্রেরণা আমাকে এখনো মনে শক্তি জোগায়। যেকোনো কিছু মোকাবিলা করতে পারি। এখনো বাবার সঙ্গে বসে নাটক দেখা আমার কাছে ভয় এবং শেখার দুটোই। বুক দুরু দুরু করে, কি না আবার ভুল ধরেন। অভিনয় নিখুঁত হওয়ার জন্য বাবা আমাকে সব সময় টিপস দেন। এমনকি দৃশ্যের সঙ্গে আমার পোশাক মানানসই কি না, সেই ব্যাপারটাও নজর রাখেন বাবা। এখন তো কাজের জন্য ব্যস্ত থাকি। তারপরও প্রতিদিন মুঠোফোনে একবার হলেও বাবার সঙ্গে কথা বলতেই হয়। সেটা যত রাতই হোক। এক কথায় বাবাই আমার সব।
অনুলিখন: আশরাফ উল্লাহ