বাবাই আমার সাহস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ওবায়দুর রহমান মণ্ডলের সঙ্গে ঘোড়সওয়ার তাসমিনা। ছবি: আবুল কালাম মুহম্মদ আজাদ
বাবা ওবায়দুর রহমান মণ্ডলের সঙ্গে ঘোড়সওয়ার তাসমিনা। ছবি: আবুল কালাম মুহম্মদ আজাদ

ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আমি দেশের বিভিন্ন এলাকায় যাই। ছেলেদের সঙ্গে লড়াই করে পুরস্কার ছিনিয়ে আনি। ভয় পাই না। কোনো দিনই ভয় পাইনি। কারণ, সব সময় মনে হয়, বাবা ওবায়দুর রহমান মণ্ডল আমার পেছনে দাঁড়িয়ে আছেন। বাবাই আমার সাহস।
আমার বয়স এখন ১২ বছর। তবে ঘোড়দৌড়ের মেলায় যাই আরও ছোটবেলা থেকে।
জন্মের পর থেকেই বাড়িতে আমি ঘোড়া দেখছি। একটু বড় হওয়ার পর থেকেই ঘোড়ার গা ধোয়ানো থেকে শুরু করে খাওয়ানোর কাজও করি। এভাবে ঘোড়ার কাছে যেতে যেতেই একদিন আমার ঘোড়ার পিঠে চড়ার সাহস হয়েছিল। একা একাই ঘোড়ায় চড়তে লাগলাম। বাবা কোনো দিন আমাকে বারণ করেননি।
আমাদের বাড়িতে যে ঘোড়াটা ছিল সেটা ছিল ছোট। তাতে চড়া শেখার সুবিধা হলেও ওই ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় নামা যেত না। আমি সারা দিন ওই ঘোড়া নিয়েই থাকতাম। বাবা ঘোড়ার খাবার জোগাড় করতেন। আমি খাওয়াতাম আর চড়ে বেড়াতাম। একসময় আমার মনে হলো, আমি ঘোড়দৌড় প্রতিযোগিতায় খেলতে পারব। কিন্তু আমার এই ছোট ঘোড়া দিয়ে হবে না।
যেখানে ঘোড়দৌড়ের মেলা হয়, সেখানে যাই বাবার সঙ্গে। মেলা দেখতে যেতে চাইলে মেয়ে হিসেবে বাবা কখনো আপত্তি করেননি।


একবার এক মেলায় দেখলাম মনিরা নামের একটা মেয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাকে দেখে মনে হলো আমিও তার মতোই ঘোড়া ছোটাতে পারব। আমি বাবার কাছে বায়না ধরলাম। তাদের ঘোড়াটায় একটু উঠতে দেয় কি না। বাবা সংকোচ করছিলেন। আর আমি জেদ করছিলাম। এই বিষয়টি মনিরার বাবা খেয়াল করেন। তিনি জানতে চান, ‘মেয়ে কী চায়?’ বাবা বললেন, ‘ঘোড়ায় উঠতে চায়।’ এ কথা শুনে লোকটা একটু বিস্মিত হলেন, এইটুকু মেয়ে ঘোড়দৌড় খেলবে! তবে আমার আত্মবিশ্বাস দেখে তিনি তাঁর ঘোড়া ছেড়ে দিলেন। আমি দৌড়ে অংশ নিয়ে প্রথম দিনই প্রথম স্থান অধিকার করি। সেদিনই হইচই পড়ে গেল।
এরপর থেকে একটা বড় ঘোড়া কেনার জন্য আমি বাবার কাছে বায়না ধরি। কিন্তু বড় ঘোড়া কেনার মতো টাকা আমাদের হয় না। নিজের বড় ঘোড়া না থাকলে কী হবে, যেখানে মেলা হয় আমি বাবার সঙ্গে সেখানেই যাই। মেলায় যে ঘোড়াটা সবচেয়ে ভালো, আমি সেই ঘোড়াটা নিয়ে প্রতিযোগিতায় নামতে চাই। একসময় ঘোড়ার মালিকেরা আমার কথা জেনে গেলেন। এরপর ভালো ঘোড়ার মালিকেরা তাঁদের ঘোড়া জিতিয়ে দেওয়ার জন্য আমাকে ডাকতেন, কিন্তু অন্যের ঘোড়া জিতিয়ে দিলে পুরস্কারটা তাঁকেই দিতে হয়। কেউ খুশি হয়ে যাতায়াত খরচটা দেন। কেউ দেন না। তবু আমার মেলায় যেতেই হবে। বাবা কোনো দিন আমার ওপর রাগ করেননি। যেখানেই ঘোড়দৌড়ের মেলা হয়, সেখানেই আমি যেতে চাই। এ নিয়ে বাবাকে কোনো দিন কোনো অজুহাত দেখাতেও দেখিনি।
মেলা যত দূরেই হোক সেখানে বাবা আমাকে নিয়ে যাবেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, পাবনাসহ দেশের উত্তরাঞ্চলের সব জেলার মেলাতেই বাবা আমাকে নিয়ে গেছেন। শুধু তা–ই নয়, মেলায় গিয়ে এটা-ওটা কেনার বায়না ধরি। বাবা কোনো দিন আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না। একবার লালমনিরহাটের একটা মেলায় গিয়ে বাজারে বেড়াতে গেলাম। একটা জামা আমার খুব পছন্দ হয়ে গেল। বললাম, ‘জামাটা আমার চাই।’ বাবা আর কোনো কথা বললেন না। জামাটা কিনে দিলেন।
বাবা আমাকে নিয়ে খুব চিন্তাতেও থাকেন। ঘোড়ায় তুলে দিয়ে বাবা পেছনে দাঁড়িয়ে থাকেন। বসতে পারেন না। লালমনিরহাটে আমার ঘোড়া সবার আগে যাচ্ছে। আর এক পাক দিলেই ফিতা ছুঁতে পারবে। হঠাৎ কী কারণে যেন আমি ঘোড়া থেকে ছিটকে পড়ে গেলাম। আমার তেমন কিছু হয়নি। কিন্তু বাবা আমার মাথায় পানি দিলেন। তারপর ডাক্তারের কাছে নিয়ে ছুটলেন। ডাক্তার কিছু ওষুধপথ্য দিয়ে বললেন, ঠিক হয়ে যাবে কিন্তু আমাকে নিয়ে বাবার দুশ্চিন্তা যেন দূর হতে চায় না।
এ ছাড়া বাবা আমার সবদিকেই খেয়াল রাখেন। আমি যখন খেলায় প্রথম হয়ে ঘোড়া থেকে নেমে আসি, তখন অনেক ছেলে আমার কাছে ভিড় করতে চায়। বাবা আমাকে কখনো একা ছাড়েন না। মনে হয়, আমার বাবার মতো বাবা হয় না। আমার বড় একজন বোন আছেন, তাঁর বিয়ে হয়ে গেছে। ছোট এক ভাই, এক বোন আছে। কিন্তু মনে হয় আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন।
প্রথম আলো পত্রিকায় আমাকে নিয়ে প্রতিবেদন হওয়ার পর চারদিকে আমাকে নিয়ে খুব আলোচনা হয়। প্রথম আলো থেকে আমাকে একটা বড় ঘোড়া কিনে দেওয়া হয়েছে। আমাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে। এটির উদ্বোধন উপলক্ষে ঢাকায় প্রথম আলোর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম। বাবা আমাকে নিয়ে গেলেন। পরে এ বছরের নারী দিবসের অনুষ্ঠানে প্রথম আলো আবার আমন্ত্রণ জানাল। বাবার কোনো ক্লান্তি নেই। আমাকে নিয়ে গেলেন। এরপর থেকে একের পর এক বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছিই। অনন্যা পুরস্কার পেলাম। আবার ঢাকায় যেতে হলো। বাবা সংসারের সব কাজ ফেলে আমাকে নিয়ে গেলেন। আমার মনে হয় কম মেয়েই আমার মতো বাবার সঙ্গে বেড়ানোর সুযোগ পেয়েছে।
আমি একজন মেয়ে। ঘোড়ায় চড়ি, এ নিয়ে এলাকার লোকজন কে কী বলল, তা নিয়ে আমার বাবার কোনো মাথাব্যথা নেই। আমার খুবই ভালো লাগে, আমার বাবা মানুষের কথায় কান দেন না। এই বাবাই আমার সাহস।
অনুলিখিত