বাবাই সোনা
বাবা কী করে বাবাই হলো, সে ফিরিস্তি থাক! বাবাইকে ‘বাবাই সোনা’ সম্বোধন করে লিখেছিলাম জীবনের প্রথম চিঠি। তখন কিন্ডারগার্টেন স্কুলে নার্সারিতে পড়তাম। দুপুরে স্কুল সেরে এসে দেখি, বাবাই বেঘোরে ঘুমাচ্ছে। বাবাইকে না জাগিয়ে নিজের কাজ সেরে আমিও একটা ভাতঘুম দিলাম। ঘুম ভেঙে দেখি, বাবাই নেই। এ ঘর-সে ঘর—কোথাও নেই। মা বলল, বাবাই সিলেটে গেছে। তিন বছর চরম আর্থিক কষ্টে থাকা আমার বাউণ্ডুলে বেকার বাবাটা অবশেষে চাকরি পেল! সেই সুবাদে সিলেটে গেছে। শুনে আমার কী কান্না! তারপর চিঠি লিখলাম। চার লাইনের চিঠির শেষটা ছিল, ‘তুমি না আসলে আমি কিন্তু কাঁদব।’ আঁকাবাঁকা হাতের লেখা, ভুলভাল বানান দেখে ওই সিলেট থেকে বাবাইয়ের হূদয় কেঁপে উঠল। ঘরে তখন টেলিফোন থাকা মানে বিলাসিতা। সেলফোন তখন বিস্ময়কর বস্তু! চিঠি পেয়ে বাবাই পাঁচ দিনের ট্যুর তিন দিনে করে ঢাকায় এল। আমার তখন কী যে আনন্দ লাগছে! জীবনের প্রথম চিঠিতেই দুর্লভ ফলাফল!এক সপ্তাহ শেষে বাবাই আবার ট্যুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সকাল থেকে আকাশে মেঘ করেছিল। স্কুলে তাই যাইনি। দুপুরের দিকে ঝুমঝুম করে বৃষ্টি নামল। বাবাই বেরোবে তখন। আমি কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, ‘না যাও, বাবাই।’ তার হাত দুটো জোরসে চেপে ধরলাম। তখনই মা এসে ঝাঁজালো কণ্ঠে বলল, ‘বড় হয়েছ না, তুমি! বোঝো না, বাবাই কাজে যাচ্ছে।’ মায়ের রাগটার কারণ তখন বুঝতে না পারলেও অনেক দিন পর বুঝেছি। এত দিন সংগ্রামের পর পাওয়া চাকরিটা অবুঝ মেয়ের জন্য হারাবে নাকি? বাবাই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাইরে বেরোল। ঝুপঝাপ বৃষ্টিতে ভিজে ভিজে বাবাই রাস্তা দিয়ে হাঁটছিল। আমি ছোট্ট দুটো হাত দিয়ে বাবাইকে বিদায় জানালাম। বাবাই স্মিত হাসল। আমি নিশ্চিত জানি, বাবাইয়ের চোখে তখন জল ছিল। কিন্তু বৃষ্টি সেটাও মুছে দিয়েছিল। অতি বিস্ময়কর ব্যাপার! এরপর বাবাইয়ের কোনো ট্যুরে যেতে আমি আর কোনো দিন বাগড়া দিইনি।পরিশিষ্ট: অনেক দিন পেরিয়েছি এর পর। অনেক বর্ষাও পেরিয়েছে। আমি এখন খুব বুঝি জীবনসংগ্রামের অর্থটা। এত ব্যস্ত থাকি নিজেকে নিয়ে, বাবাইয়ের সঙ্গে কথা পর্যন্ত হয় না। টেলিফোন, সেলফোনের অভাব এখন আমার নেই! বাবাইয়েরও অখণ্ড অবসর। আমারই কেবল সময় নেই। বড় হওয়ার এ এক জ্বালা। তবু ঝুম করে বৃষ্টি নামলে ব্যালকনিতে দাঁড়াই। অনুভব করি, কী যেন একটা হারিয়ে ফেলেছি। অজানা কষ্টে বুকটা মোচড় দিয়ে ওঠে।মারজিয়া প্রভাশেখেরটেক, ঢাকা।