বাবাকে বর্ষাচ্ছন্ন ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা আলী যাকেরের সঙ্গে ইরেশ যাকের। ছবি: খালেদ সরকার
বাবা আলী যাকেরের সঙ্গে ইরেশ যাকের। ছবি: খালেদ সরকার

আমি যখন এই লেখাটা লিখছি, তখন বাইরে বেশ ঝুম বৃষ্টি। আমি ময়মনসিংহে। বাবা ঢাকায়। বাবাকে মিস করছি। বাবা বৃষ্টি ভালোবাসে। বিশেষ করে আমাদের গ্রামের বাড়িতে বৃষ্টি উপভোগ করতে খুব ভালোবাসে।
গ্রামে আমাদের বাড়িটা ভিটার শেষ সীমানায়। পিলার দিয়ে বাবা খেতের ওপর একটা দুই বেডরুমের বাড়ি করেছে। ভিটা থেকে কয়েক হাত লম্বা একটা সেতু দিয়ে বাড়িতে যেতে হয়। বর্ষাকালে খেতে পানি উঠে যায়। মনে হয় যেন বাড়িটা পানিতে ভাসছে। পুবের বারান্দা দিয়ে মাইলের পর মাইল পানি দেখা যায়। বাবা সকাল থেকে রাত পর্যন্ত বারান্দা বা পুকুর ঘাটে বসে থাকে। বৃষ্টি দেখে, পানি দেখে। গ্রামের আত্মীয়স্বজন আসে। তাঁদের সঙ্গে আড্ডা দেয়। মাঝেমধ্যে ক্যামেরা হাতে কিছু ছবি তোলে। ইচ্ছে হলে বই পড়ে।
যখন আমি বাবার সঙ্গে গ্রামে যাই, দুজন চুপচাপ একসঙ্গে বসে থাকি। মাঝেমধ্যে দু-একটা কথা বলি। বেশি কিছু বলতে হয় না। বৃষ্টির সুরে মনে মনে কথা হয়ে যায়। আমি গেলে বাবা দিঘি থেকে মাছ তোলায়। বিল থেকে ছোট মাছ আসে। বাবা ঘটা করে মাছ ভাজি করায়। আরও ঘটা করে আমাকে সেটা খাওয়ায়। নিজে এখন বেশি খায় না। আমার খাওয়া দেখে আনন্দ পায়।
গ্রামের বাতাসে ঘুম বেশি ঘুম আসে। আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে যাই। বাবা সেটা দেখেও আনন্দ পায়। আমি গ্রামে গেলে হাঁটতে ভালোবাসি। এদিক-সেদিক যাই। ছবি তুলি। ছোটবেলার মতো বাবা বলে, ‘বেশি দূর যেয়ো না।’ বলার পর হেসে দেয়। জানে, দূরে যাওয়ার কথা বলে কোনো লাভ নেই। জানে, বলার বিশেষ কোনো প্রয়োজনও নেই। তারপর বলেই শান্তি। বাবার জন্য। আমার জন্যেও।
বৃহস্পতিবার রাতে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। সে বলল, ‘কেউ কেউ মনে করে প্রতিদিন বাবা দিবস, তাই বাবা দিবসে বিশেষ করে কিছু করার প্রয়োজন নেই। আবার কেউ কেউ বিশ্বাস করে যে বাবা দিবসে বাবার জন্য বিশেষ কিছু করা যায়। তোমার কী মনে হয়?’
আমি ভেবে দেখলাম দুটি অভিমতেই কিছু সততা আছে। বাবাকে ভালোবাসার কোনো বিশেষ দিন নেই। এমন তো না যে আমি জুন মাসের তৃতীয় রোববার (এবার ১৮ জুন) ঘুম থেকে উঠে হুট করে মনে হয়, ‘আয় হায়! আমি বাবাকে ভালোবাসি। জুনের ১৭ তারিখে তো সেটা বুঝিনি।’ আমি কেন, কারোরই সে রকম হয় না।
আমার দৃঢ় বিশ্বাস যে যাঁরা বাবা দিবসে বাবার জন্য বিশেষ কিছু করেন, তাঁদের বেশির ভাগ মানুষ অন্য দিনেও বাবাকে স্মরণ করেন। বাবাকে ভালোবাসেন। দুঃখের বিষয় হলো এই যে, বাবাকে মনে করলেও অনেক সময় ব্যস্ততা বা অন্য কোনো কারণে সেটা প্রকাশ করা হয়ে ওঠে না। একটা বিশেষ দিনে একটু বিশেষ করে সেই ভালোবাসাটা প্রকাশ করা যায় তাহলে ক্ষতি কী?
যেমন আজকে (গতকাল শুক্রবার) ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে। শুটিং আটকে গেছে। মাথায় অনেক চিন্তা আসছে। তারপরও বাবা দিবসের জন্য এই লেখাটা লেখার কারণে বাবার কথা আর একটু বেশি করে স্মরণ করছি। রতনপুর গ্রামে বাবার পাশে বসে বৃষ্টি দেখার কথা একটু বেশি করে মনে হচ্ছে। বিভিন্ন কারণে বাবা আর আমার বেশ কিছুদিন গ্রামের বাড়ি যাওয়া হয় না। যত শিগগির সম্ভব যেতে হবে মনে হচ্ছে।
ঢাকায় বসে বাবা নিশ্চয় বৃষ্টি দেখছে। এখানে বসে আমিও দেখছি। হয়তো বাবাও আমার মতো রতনপুরের কথা ভাবছে। যেকোনো দিনেই এই অনুভূতি বড্ড মধুর। বাবা দিবসের কারণে এই অনুভূতি প্রকাশ পেলে, বিশেষ করে মনে এলে ক্ষতি কী?
সব বাবাকে বর্ষাচ্ছন্ন ভালোবাসা। আমার বাবাকে অনেক আদর। ভালো কাটুক বাবা দিবস। ভালো কাটুক বাবার সঙ্গে প্রতিটা দিন।
লেখক: অভিনেতা