বাবাকে মনে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের কথা বলতে গেলে সবচেয়ে বেশি মনে পড়ে বাবাকে। দেশ স্বাধীন করার লক্ষ্যে মুক্তিযুদ্ধ সংঘটনের অপরাধে পাকিস্তানি বাহিনী তাঁকে নির্মমভাবে হত্যা করে; সঙ্গে আমার আরেক ভাই শেখ মোহাম্মদ আলমগীরকেও। বাবা শেখ মুজাফফর আহমদ ছিলেন ব্রিটিশ আমলে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সর্বশেষ চট্টগ্রাম স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাধিনায়ক।একাত্তরের নানা ঘটনার মধ্যে বাবা ও ভাইকে নিয়ে দু-একটি স্মৃতিকথা আজ তুলে ধরছি। বাঙালির স্বাধিকারের দাবিতে মার্চজুড়ে সারা দেশ উত্তপ্ত। কিন্তু আলাপ-আলোচনার নামে লুকোচুরি খেলে ইয়াহিয়া-ভুট্টো ফিরে গেলেন করাচি। এর আগেই বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঘোষণা করলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।’ বিপ্লবের সূতিকাগার চট্টগ্রামেও পড়ে সাজ সাজ রব। পাড়ায়-মহল্লায় গঠিত হতে থাকে স্বেচ্ছাসেবক বাহিনী। বন্দুকের দোকান ও গোডাউন লুট হয়ে অস্ত্র আসে জনগণের হাতে। বিভিন্ন ওয়ার্ডেও পৌঁছে যায় এসব অস্ত্র। এরই মধ্যে জেলা ও সিটি আওয়ামী লীগের ঘোষণা এল, ২৫ মার্চ বিকেল চারটায় লালদীঘির মাঠে স্বেচ্ছাসেবক বাহিনীর সমাবেশ ও শপথ অনুষ্ঠান হবে; সব ওয়ার্ড থেকে লোকজন আসবেন স্বেচ্ছাসেবকসহ। ইতিমধ্যে রাস্তায় রাস্তায় শুরু হয়েছে ব্যারিকেড দেওয়া। দোকানপাট, অফিস-আদালতে উড়ছে স্বাধীন বাংলার পতাকা।২৪ মার্চ বিকেল পাঁচটায় আমাদের রহমতগঞ্জের বাসায় বাবার খোঁজে এলেন সিটি আওয়ামী লীগের নেতা ইদ্রিছ আলম, স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান নূর মোহাম্মদ চৌধুরী ও ডেপুটি প্রধান শাহ বদিউল আলম। তিনজনই আমার এবং আওয়ামী লীগের দুর্দিনের বন্ধু। তাঁরা বাবাকে লালদীঘির সমাবেশে স্বচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিচালনা করার জন্য অনুরোধ জানান। রাতেই তিনি শপথবাক্য লিখে তা পড়ে শোনান আমাকে। যেন অনেকের সঙ্গে আমিও উচ্চারণ করছি সেই শপথ বাক্যগুলো। ২৫ মার্চ সকাল থেকে বাবা অস্থির লালদীঘি মাঠে যাওয়ার জন্য। সাদা পাজামা-পাঞ্জাবি ও টুপি পরে বেলা তিনটার আগেই লালদীঘির মাঠে পৌঁছলেন তিনি। তাঁর পেছনে ছুটছিলাম আমরা দুই ভাই আমি ও শেখ মোহাম্মদ আলমগীর। আমিসহ সব তরুণের হাতে ছিল মাঠের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। চারটার মধ্যে মঞ্চে হাজির আওয়ামী লীগের নেতা জহুর আহমদ চৌধুরী, এম আর সিদ্দিকীসহ অন্য নেতারা। বাবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শপথ নিলেন স্বেচ্ছাসেবক বাহিনীর ৫০ হাজার সুশৃঙ্খল সদস্যসহ উপস্থিত জনতা। শপথ শেষে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন বাবা। ২৬ মার্চ বিকেলে জেএমসেন হলে সাবেক সৈনিকদের সমাবেশেও শপথবাক্য পাঠ করিয়ে তাঁদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। ২৭ মার্চ অবস্থা খারাপ দেখে সকাল থেকেই বাবা আমাদের শহর থেকে সরে যেতে বলেন। আলমগীরকে দায়িত্ব দেন আত্মীয়, পাড়া-প্রতিবেশীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে। এতে টয়োটা গাড়ি দিয়ে সাহায্য করেন আমাদের পাশের নুরুল আলমের ভাড়াটিয়া ইলিয়াছ পাঞ্জাবি। এ সময় সোয়াত জাহাজসহ চারদিক থেকে গুলির আওয়াজ শুনে বাবা আমার জন্য অস্থির হয়ে পড়লেন। বারবার তাগিদ দিচ্ছিলেন সরে যেতে। ইতিমধ্যে পাকিস্তানি নৌবাহিনী বারিক বিল্ডিং থেকে টাইগারপাস পর্যন্ত ব্যারিকেড ভেঙে শহরে ঢুকে পড়েছে। সিদ্ধান্ত হলো, আমার একমাত্র ছেলে রানা (৪) ও মেয়ে রীনাকে (২) তাদের মামার বাড়িতে রেখে কোলের শিশু মুক্তাকে নিয়ে আমরা পরদিন ২৮ মার্চ নদীর ওপারে কৈয়গ্রামে চলে যাব। ২৮ মার্চ সকালে ছেলেমেয়েকে তাদের নানার বাড়ি চন্দনপুরায় পৌঁছে দিয়ে এল আমার স্ত্রী। বিকেল প্রায় চারটায় শেখ আলমগীর গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমাদের চাকতাই পৌঁছে দেওয়ার জন্যে। এমন সময় খবর এল, চেরাগী পাহাড়ের মোড়ে বশিরুজ্জামান, দীপক বড়ুয়া ও কাদেরকে পাকিস্তানি বাহিনী গুলি করে হত্যা করেছে। অর্থা ৎ পাকিস্তানি বাহিনী ঘরের দরজায় উপস্থিত। বার বার তাগাদা সত্ত্বেও সবাইকে ফেলে যেতে রাজি হচ্ছিলাম না আমি। ওই সময় ইদ্রিস আলম, নূর মোহাম্মদ চৌধুরী ও শাহ বদি উত্তেজিত অবস্থায় বাসায় এসে সবাইকে ঘর খালি করে তাড়াতাড়ি সরে পড়তে বললেন। বাবা তাঁদের বললেন, ‘স্বাধীনতা রক্ত চায়, রক্ত ছাড়া স্বাধীনতা আসে না। সবাই পালিয়ে গেলে রক্ত দেবে কে—স্বাধীনতা আসবে কী করে?’আজ এত বছর পর ভাবতেও অবাক লাগে, কী করে সেদিন এত জোর দিয়ে কথাগুলো তিনি বলতে পেরেছিলেন। সেদিন চোখের পানি চেপে বাবাকে কদমবুসি করে বেরিয়ে পড়ি। বাবা দোয়া করে বললেন, ‘যাও, তোমাকে আল্লাহর হাতে সোপর্দ করলাম এবং গাউছুল আজমের হাতে তুলে দিলাম।’ এরপর স্ত্রী হুসনা, মা খোদেজা বেগমসহ কয়েকজন নিকটাত্মীয়কে নিয়ে চাক্তাই ঘাটে যাই। সেখানে সবাইকে সালাম করে চোখের পানি মুছতে মুছতে শেষবারের মতো বিদায় নিল ভাই আলমগীর। তারপর চারদিকে ঘটে গেল নানা ঘটনা। কৈয়গ্রামে আমাদের চাষা অলিদার ঘরে বসেই খবর পেলাম, বাবা এবং ভাই আলমগীর তাঁর স্ত্রী-পুত্রসহ শহরের বাসায় টিকতে না পেরে ১ এপ্রিল রাউজানের এয়াছিননগরে গিয়ে মুক্তিযুদ্ধ সংগঠনে কাজ করছিলেন। ১৭ এপ্রিল শহরে ফেরার পথে মদের মহাল এলাকা থেকে রাজাকার মোসলেম তাঁদের অনুসরণ করে। তাঁরা হাটহাজারী পৌঁছালে মোসলেম বাবাদের গাড়ি অতিক্রম করে গণহত্যার অন্যতম নায়ক সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে খবর দেয়। সাকা বাবা ও ভাইকে পাকিস্তানি বাহিনীর ২০ নম্বর বেলুচ রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজের হাতে তুলে দেন। পরে তাঁদের সেনানিবাসে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ৬৩ বছরের শুভ্রকেশসমৃদ্ধ বাবা এবং ২৬ বছরের টগবগে যুবক ভাইকে হত্যার মধ্য দিয়ে চট্টগ্রামের ইতিহাসে সেদিন রচিত হয়েছিল কলঙ্কিত অধ্যায়।আজ স্বাধীনতার ৪০ বছর পর বাবার কথা মনে পড়লে প্রশ্ন জাগে, যে মুক্ত স্বাধীন সোনার বাংলার জন্য বাবা ও ভাইয়ের মতো ৩০ লাখ মানুষ শহীদ হলেন, কবে পূরণ হবে তাঁদের সেই স্বপ্ন ? অনুলিখন—মুহাম্মদ শামসুল হক