বাবাকে শেষ দেখা দেখতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেনা বেগমের বাবা হারুনর রশিদ হাওলাদার
সংগৃহীত

আমার বয়স তখন চার কি পাঁচ বছর। বরিশালের বাড়ি ছেড়ে মা-বাবার সঙ্গে ঢাকার মগবাজারে আসি। আমাদের এই আসা অনেকটা বাধ্য হয়ে। গ্রামে আমার বাবা হারুনর রশিদ হাওলাদার অবস্থাসম্পন্ন পরিবারের মানুষ ছিলেন। তাঁর জমিজিরাত ছিল, সব যখন বেহাত হয়ে যায়, তখন তিনি আমাদের নিয়ে ঢাকায় আসেন।

ছোটবেলায় দেখেছি বাবা কাজ করছেন লন্ড্রিতে। ঢাকায় এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন আমাদের জন্য। এরপর লন্ড্রির কাজ ছেড়ে রংমিস্ত্রির কাজ নিলেন। দীর্ঘ জীবন এই কাজই করেছেন। নিজে কষ্ট করেছেন, কিন্তু কোনো দিন মাসহ আমাদের দুই ভাই-বোনকে কষ্টে রাখেননি। আশপাশের অনেকে যখন গার্মেন্টসে চাকরি নিচ্ছিল, দারিদ্র্য সত্ত্বেও আমাকে স্কুলে পড়িয়েছেন।

বয়স বাড়লে বাবা আর রংমিস্ত্রির কাজ করতে পারেননি। তখন বাধ্য হয়ে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। বছর কয়েক আগে মগবাজারের এই ভবনে তত্ত্বাবধায়কের দায়িত্ব নেন। মালিকের বিশ্বস্ত হয়ে উঠলে সব কাজই তিনি সামাল দিতেন। আমার মা অসুস্থ। গাজীপুরে মামাদের কাছেই থাকেন। ভবনের একটি কক্ষে থাকতেন বাবা। নিজের রান্না নিজে করতেন। ছুটি মিলত দুই ঈদে। তখন গাজীপুর যেতেন।

আমার বয়স এখন চল্লিশের ওপর। আমার সংসারে ছেলেমেয়ে আছে। নাতনিও হয়েছে, বয়স কয়েক মাস। কিন্তু বাবার কাছে আমি সেই ছোট হেনা। প্রতিদিন বাবা ফোন করতেন। আমার কিছু খেতে ইচ্ছা করছে কি না, আমার মোবাইলে টাকা লাগবে কি না, জানতে চাইতেন। না চাইলেও দু-তিন দিন পরপর ৩০ টাকা করে রিচার্জ করে দিতেন।

এখন আমাকে বাবার মতো কেউ ফোন দেয় না। কেউ খোঁজ নেয় না। কেউ বলে না আমার কিছু খেতে ইচ্ছা করে কি না। আর কেউ কোনো দিন হয়তো দেবেও না।

যেদিন দুর্ঘটনা ঘটল, তার দুই ঘণ্টা আগে বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল। আমার নাতনিকে ‘মা’ ডাকতেন। ফোনে ছোট শিশুটা কথা বলতে পারত না, কিন্তু ওপাশ থেকে বাবা কথা বলেছেন। মনে হচ্ছিল তাঁর আরেকটা মেয়ের সঙ্গে কথা বলছেন।

এরপরই খবর পেলাম ভবন ভাঙার। স্বামীসহ ছুটে গেলাম। কিন্তু বাবার কোনো খোঁজ পেলাম না। আশপাশের সবাই বলল, তাঁকে দেখেছে, দুর্ঘটনার আগে কথাও হয়েছে, কিন্তু এখন কই। ছুটে গেলাম হাসপাতালে। সবার সবাই আছে, কোথাও নেই আবার বাবা।

আমার মনে হচ্ছিল বাবা হয়তো চাপা পড়ে আছে ভাঙা ভবনের নিচে। কিন্তু কেউ আমার কথা শুনল না। দুই দিন চলে গেল কেউ আমার বাবাকে বের করে দিল না।

ঠিকই তাঁকে পাওয়া গেল, ভাঙা ভবনের নিচে থেকেই উদ্ধার হলো বাবার অর্ধগলিত দেহ। কেন এত দেরি করল উদ্ধার করতে? আমরা গরিব বলে? আমি এই কথা কাকে বলব।

আমি আমার বাবার সেবা করতে পারলাম না। সারা জীবন আমার আক্ষেপ থেকে যাবে। যেদিন লাশটা উদ্ধার হলো, সেটা আর দেখার অবস্থায় নেই। আজিমপুরে কবর দেওয়া হলো। আমি আমার বাবাকে শেষ দেখাটাও দেখতেও পেলাম না।

অনুলিখিত