বাবাগিরি
মায়েরা বিখ্যাত আদর করার জন্য, আর বাবারা বিখ্যাত শাসন করার জন্য। আমার বাবা ছিলেন মস্ত শাসক। তিনি শাসন করতেন সংসার, শাসন করতেন পাড়া। বাবা ছিলেন এলাকায় প্রভাবশালী। প্রচণ্ড দাপট ছিল তাঁর। সকল বিচার-আচারে তাঁর ডাক পড়ত। তাঁর কথা সবাই মেনে নিত।
এক শীতের সকাল। আমরা তখন ছোট। তিন ভাই বারান্দায় বসে রোদ পোহাচ্ছি। ছেঁড়াফাড়া পোশাক-পরা এক মহিলা ভিখারি এসে হাজির। সঙ্গে তার তিন ছানাপোনা। আমাদের বয়সী হবে। খালি গা, খালি পা। শীতে ঠকঠক করে কাঁপছে। খকখক করে কাশছে। মা তাদের বাটিতে করে মুড়ি খেতে দিলেন।
বাবা অদূরে চেয়ারে বসে ছিলেন। উঠে আমাদের দিকে এলেন। তারপর আদেশ দিলেন, এই তোমরা তোমাদের গায়ের জামাগুলো খোলো। আমরা বিস্ময় ও আতঙ্কে তাঁর দিকে তাকালাম। এই শীতের মধ্যে গায়ের জামা খুলতে হবে। এ কোন শাস্তি! কিসের জন্য এই শাস্তি? বাবা আবার হুংকার ছাড়লেন, যা বলছি তাড়াতাড়ি করো। তারপর ভিখারির ছানাপোনার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, জামাগুলো ওদের দিয়ে দাও। মা, বাবাকে কী যেন বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু বাবা অনড়।
মনে মনে ভীষণ রাগ হলো বাবার ওপর। কিন্তু কিচ্ছু করার নেই। বাবার আদেশ অবশ্যপালনীয়। এর অন্যথা হলে ভয়াবহ শাস্তি। আমরা কাঁদতে কাঁদতে আমাদের প্রিয় জামাগুলো খুলে দিয়ে ঘরের ভেতর চলে গেলাম। মা আমাদের অনেক সান্ত্বনা দিলেন, ভালো রান্না করে খাওয়ালেন। কিন্তু কিছুতেই মন ভালো হলো না।
পরদিন বাবা আমাদের ঘুম থেকে ডেকে তুললেন। আমরা ভয়ে-আতঙ্কে ধড়মড় করে কাঁথা ছেড়ে উঠে পড়লাম। আমাদের তিনজনের দিকে তিনটি নতুন জামা এগিয়ে দিয়ে বললেন, দেখ তো গায়ে লাগে কি না। জামাগুলো মোটা নরম কাপড়ের, বেশ আরামদায়ক। রংও খুব সুন্দর।
আমাদের চেহারা থেকে বিমর্ষ ভাব দূর হয়ে গেল। দৌড়ে মায়ের কাছে গেলাম জামা দেখাতে। মায়ের মুখে মিটিমিটি হাসি। বাবার ওপর আমাদের আর রাগ নেই।