বাবাভান্ডারির ওরসে লাখো ভক্তের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে বসেছিল লাখো ভক্তের মিলনমেলা। সাধক-বাউল ও মরমি শিল্পীরাও এসেছিলেন দূর-দূরান্ত থেকে। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একাকার। মানুষে মানুষে উঁচু-নিচু সব ভেদরেখা যেন মুছে গেছে।গাউসুল আজম হজরত গোলামুর রহমান ওরফে বাবা ভান্ডারির (ক.) ৭৬তম বার্ষিক ওরস উপলক্ষে দরবার শরিফ সেজেছিল নানা রঙে। বৃহস্পতিবার রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের ওরস।দরবারের বাবাভান্ডারি পরিষদের উদ্যোগে ভক্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষার বিষয়টি সার্বক্ষণিক তদারকি করা হয়।ওরসে দুই দিনব্যাপী চলেছে জিকির-আসকার ও মিলাদ মাহফিল। ৫ এপ্রিল রাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করা হয়। এতে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, ‘ইসলাম ধর্মের মূলধারা তরিকতের অনুসারী। এটা রক্ষা করতে মাইজভান্ডারি তরিকার যথাযথ লালন-পালন ও মর্যাদা দিতে হবে। তবেই ইসলামকে পাওয়া যাবে।’ তিনি তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।ওরসে লালমনিরহাট রেপুয়া গ্রাম থেকে এসেছেন মরমি শিল্পী আতিউর রহমান। তিনি বলেন, ‘মাইজভান্ডার দরবার মানুষের ধর্মপালনের তীর্থভূমি। সব ধর্মের মানুষের স্থান আছে এখানে।’গত বুধ ও বৃহস্পতিবার দরবার প্রাঙ্গণে দেখা গেছে, দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্ত-শিল্পীরা ভান্ডারি গানের আসর জমিয়েছেন। শিল্পী রুজি আকতার গান করছেন দরদিকণ্ঠে। তিনি বলেন, ‘ওরসের সময় সামাজিক মর্যাদা—ভেদাভেদ ভুলে যান সব মানুষ। সবার সঙ্গে মিলে গান গাওয়াতেই তৃপ্তি।’ ওরস আয়োজন নির্বিঘ্ন করতে প্রশাসন ছিল সতর্ক। এ ছাড়া দরবার কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, প্রকৌশল অধিদপ্তর ও পুলিশ বিভাগ একযোগে কাজ করেছে। ভূমিকা রেখেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাসুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি র‌্যাবও দায়িত্ব পালন করে। এ ছাড়া শৃঙ্খলা রক্ষায় দেড় হাজার স্বেচ্ছাসেবক কাজ করেছে পুলিশের পাশাপাশি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘ওরস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করেছে।’