বাবার একাত্তর
১৯৭১-এর এক ঘুটঘুটে অন্ধকার রাত। সবাইকে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছে পাকিস্তানি সেনারা। তাদের সঙ্গে জুটেছে বাঙালি দোসর। একটু পরেই সবাইকে গুলি করে মারা হবে। ভয়ে সবার দম বন্ধ হওয়ার দশা। চিত্কার করে কেউ কাঁদতেও পারছে না। মৃত্যুর প্রহর গুনতে থাকা লোকগুলোর মধ্যে সবচেয়ে ছোট আলী। কিশোর আলী এখনো বুঝে উঠতে পারছে না, তার অপরাধ কী? সে তো কারোর সঙ্গে-পাছে নেই। তার একমাত্র কাজ ঘুরে বেড়ানো। আজ এ শহর, তো কাল অন্য শহর। ঘুরে এবার সে এসেছে যশোর জেলায়। সারা দিন ঘুরে বেড়ানোর পর সামান্য একটা রুটি খেয়ে একটা দোকানের সামনে সন্ধ্যার পর ক্লান্তিতে কখন দুচোখে ঘুম নেমেছে এসেছে।
চোখ মেলে দেখে, হাত পেছনে বাঁধা তার। চারপাশে আরও কয়েকজন মানুষ। পাশে দাঁড়ানো সবচেয়ে বয়স্ক মানুষটার কাছে ফিসফিস করে জানতে চায় আলী, ‘চাচা, আমাগে ধইরে আনছে ক্যান?’ বয়স্ক মানুষটি কান্নাভেজা কণ্ঠে বলে, ‘ওরা শুয়োরের বাচ্চা, ওরা আমাগের দ্যাশটারে শ্যাষ করতি আয়ছে, আমাগেরেও বাঁচতি দেবে না।’ দুজনের কথা আর সামনে আগায় না। পাকিস্তানি এক সেনা হাঁক ছাড়ে। আবারও পিনপতন নীরবতা। পাকিস্তানি সেনা একে একে সব কটি মানুষের সামনে এসে উর্দুতে কীসব বলে, যার কিছুই বুঝতে পারে না আলী। আলীর পাশে দাঁড়ানো বয়স্ক মানুষটি পাকিস্তানি সেনাকে বলে, ‘আমাগে সবাইরে মাইরে ফেলেন, তাও এই বাচ্চা ছাওয়ালডারে মাইরেন না।’
আলীকে দৌড়ে পালাতে বলে। এভাবেই কিশোর আলী ১৯৭১ সালে প্রাণে বেঁচে গিয়েছিল। আজও বেঁচে আছে বয়স্ক আলী হয়ে। এক জীবনে আলী তার বেঁচে থাকার গল্প ভুলতে পারেনি। প্রতিদিন ঘুমে কিংবা জাগরণে চোখের সামনে বেঁচে থাকার দৃশ্যটি ভেসে ওঠে তাঁর।
পাঠক, এটা কোনো গল্প নয়। একাত্তরে আমার বাবার বেঁচে থাকার কাহিনি।