১৯৭১ সালের ৫ মে পাকিস্তানি হানাদারেরা হত্যা করে পিরোজপুরের মহকুমা পুলিশের প্রধান ফয়জুর রহমান আহমেদকে। হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় তাঁর দেহ। পরে গ্রামবাসীর উদ্যোগে তাঁকে দাফন করা হয়। হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল কিংবা আহসান হাবীব—তাঁর কোনো পুত্রই তখনো বিখ্যাত হয়ে ওঠেননি। এর মধ্যে পেরিয়ে গেছে দীর্ঘ সময়। ২০০৯ সালের অক্টোবর মাসে বহু বছর পর তাঁর বাবার কবর দেখতে গিয়েছিলেন মুহম্মদ জাফর ইকবাল। বাগেরহাটের জ্ঞানমেলায় যাওয়া নিয়ে আমাদের উৎসাহের কমতি ছিল না। সেই উৎসাহ দ্বিগুণ হয়ে গেল, যখন শুনলাম, আমাদের সফরসঙ্গী হবেন মুহম্মদ জাফর ইকবাল। গেল বছরের অক্টোবর মাসের ঘটনা। ঠিক হলো ঢাকা-খুলনা দূরপাল্লার বাসে খুলনায় যাব আমরা। ১ অক্টোবর বৃহস্পতিবার গাবতলী থেকে যাত্রা শুরু। সঙ্গে আরও আছেন গণিতবিদ লুত্ফুজ্জামান স্যার, সফটওয়্যার প্রকৌশলী সাবিলা ইনুন ও গণিত অলিম্পিয়াডের সমন্বয়কারী ইব্রাহিম খলিলুল্লাহ। সকাল আটটায় বাস কাউন্টারে গিয়ে দেখি, স্যার নিজেই সবার আগে কাউন্টারে হাজির। গাড়ি রওনা করার পর শুনলাম, জাফর ইকবাল স্যার যাবেন পিরোজপুরে তাঁর বাবা ফয়জুর রহমান আহমেদের কবর দেখতে। ১৯৭১ সালের ৫ মে পাকিস্তানি হানাদারেরা তাঁকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। তাঁর মৃতদেহ পানিতে ভাসছিল তিন দিন। গ্রামের মানুষ তাঁর লাশ দেখে চিনতে পারে। পরে লাশ তুলে তাঁকে নদীর তীরে কবর দেওয়া হয়। মুহম্মদ জাফর ইকবালই জানালেন, বহু দিন পর তিনি বাবার কবর দেখতে যাচ্ছেন। আমাদের গাড়ি খুলনায় যেতে প্রায় বিকেল। সবাই গাড়ি থেকে নেমে অপেক্ষা করছি। আবার আমাদের বাগেরহাটে যেতে হবে ভাড়া করা মাইক্রোবাসে। তারও পরে পিরোজপুরে। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেলে মুশকিল। গাড়ি আসতে দেরি করছে। মুহম্মদ জাফর ইকবালকে দেখছি খুব উত্কণ্ঠিত। বারবার সবসময়ের সঙ্গী জিপিআরএসে চোখ বোলাচ্ছেন। জানতে চাইছেন, গাড়ি কখন আসবে। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। এর আগে অনেকবার জাফর ইকবালের সফরসঙ্গী হয়েছি। তাঁকে এত অস্থির হতে খুব কমই দেখেছি। অবশেষে গাড়ি এল। যাত্রাপথে স্যার বলছিলেন ভয়াবহ সেসব দিনের কথা। ১৯৭১ সালের ৫ মে একজন লোক এসে তাঁর বাবাকে যেতে বলে মিলিটারি ক্যাম্পে। পিরোজপুর সদরের মধ্যেই সেই বাড়িটা, যেখানে থাকতেন তাঁরা। বাড়ি খুঁজে পেতে বেশি কষ্ট হলো না। মুহম্মদ জাফর ইকবালের মোটামুটি বেশ ভালোই মনে আছে রাস্তাঘাট। বাড়িটা বেশ পুরোনো আর জরাজীর্ণ। একরকম পরিত্যক্তই বলা যায়। মুহম্মদ জাফর ইকবালই জানালেন, দরজা-জানালা সহ অনেক কিছু আছে ঠিক আগের মতোই। বাড়ির অনেক জায়গায় ইটগুলো খসে পড়ছে একেক করে। বাড়ির সামনের পুকুরটি আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে। পাশের ইটের রাস্তাটার জায়গায় এখন পিচ ঢালাই করা। বাড়ি থেকে একটু সামনে এগোলেই মসজিদের পাশে তাঁর বাবার কবর। কবরস্থান প্রাঙ্গণে আমরা যখন পা রাখলাম, তখন দিনের আলো প্রায় মরে এসেছে। অস্তমিত সূর্যের আলো এসে পড়েছে কবরস্থানে। কবরটা গাছগাছালিতে ঢাকা। নাম না জানা পাতাবাহারগাছ ছায়া বিছিয়ে দিয়েছে কবরের ওপর। ফলকের গায়ে লেখা—‘নয়ন তোমারে পায় না দেখিতেরয়েছ নয়নে নয়নে’ফয়জুর রহমান আহমেদ(মহকুমা পুলিশপ্রধান)জন্ম: ২১ ফেব্রুয়ারি ১৯২১, মৃত্যু: ৫ মে ১৯৭১অধ্যাপক লুত্ফুজ্জামান সুরা ইয়াসিন পাঠ করেন এবং সবাই মিলে কবর জিয়ারত করলাম। মুহম্মদ জাফর ইকবালের চোখে পানি। কবর জিয়ারতের পর সবাই মিলে গেলাম শহরের কাছে বলেশ্বর নদীর খেয়াঘাটে। হত্যার পর এই নদীতেই ফেলে দেওয়া হয় শহীদ ফয়জুর রহমানের দেহ।শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য একটি স্মৃতির মিনার তৈরি করা হয়েছে সেখানে। খেয়াঘাট থেকে যখন ফিরছি, সূর্য ডুবে গেছে। পশ্চিম আকাশের রং লাল। —তারিকুর রহমান খান