বাবার কাছ থেকে স্টাইল শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসেন নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে। নিরীক্ষা চালান নিজের সাজ-পোশাকের ওপর। এই যেমন লাল মোজা, কমলা টাইয়ের মতো উজ্জ্বল রঙের অনুষঙ্গও ব্যবহার করেন। কখনো নিজের পোশাকের নকশা নিজেই করেন। অবশ্য ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়, এমন কোনো কিছু পরেন না। স্টাইলিশ এই মানুষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার,সাবেক নির্বাচক ও বর্তমানের ধারাভাষ্যকার আতহার আলী খান। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সে সুবাদে বিভিন্ন দেশে যেতেন। ফ্যাশনেবল বাবা সন্তানদের জন্য বিদেশের নামীদামি ব্র্যান্ডের পোশাক ও অনুষঙ্গ আনতেন। আতহার আলীর স্টাইলিশ হওয়ার পেছনে তাই বাবার অনেক প্রভাব। ‘ছাত্রজীবনে যা যা কিনতে ভালো লাগত, সবই কিনতাম। এখন জিনিসের গুণগত মানের দিকে গুরুত্ব দিয়ে কেনাকাটা করি। তবে এটাও ঠিক, চোখে যা ভালো লাগে তা-ই কিনি। যদিও এখনো বাবার মতো স্টাইলিশ হতে পারিনি।’ বলেন আতহার আলী খান। সাধারণত লন্ডনে গেলেই কেনাকাটা বেশি করেন। ফরমাল অনুষ্ঠান ছাড়া জিনস ও পোলো টি-শার্টে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইউরোপীয় বিভিন্ন দেশের নামীদামি জিনসের প্যান্ট বেশি পরেন। লন্ডনের জার্মান স্ট্রিটের ব্র্যান্ডের দোকানগুলো থেকে এসব কেনেন তিনি। বাড়িতে অবশ্য সাদা রঙের লুঙ্গিই পরতে ভালোবাসেন। তাঁর মতে, এই আরামের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। টিম অ্যান্ড লরেন, পিংক ও হ্যাকেট ব্র্যান্ডের ফরমাল শার্টই সচরাচর পরেন। শীতে যোগ হয় হ্যাকেটের জ্যাকেট। ফরমাল শার্ট পরলে অবশ্যই নান্দনিক কাফলিং ব্যবহার করেন। স্যুট ও টাইটাও ব্র্যান্ডের হওয়া চাই। আরমানি বা বসের উলেন স্যুট ফরমাল অনুষ্ঠানে পরে থাকেন। ক্যাজুয়াল অনুষ্ঠানে আইরিশ লিনেন স্যুটকে প্রাধান্য দেন। স্যুটের সঙ্গে বাহারি নকশার পকেটস্কয়ার পরতে ভালোবাসেন। আতাহার আলী খানের আলমারির একটা অংশ দখল করে আছে নানা ধরনের টাই। তার মধ্যে আছে টিম অ্যান্ড লরেন, ফ্যারাগোমা, ভ্যালেনটিনা ও পিংক ব্র্যান্ডের টাই। ঈদে বা কোনো বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবিও পরেন। আড়ং ও বুটিক হাউস রিনা লতিফের আঁটসাঁট পাঞ্জাবিই তখন বেছে নেন। আতহার আলী খান বলেন, ‘উজ্জ্বল রঙের পোশাক, টাই ও মোজা পরতে ভালোবাসি। আর জুতা সংগ্রহ করা আমার শখ। ছোটবেলা থেকেই নানা নকশার বাহারি রঙের জুতা সংগ্রহ করি। আজকাল চার্চেসের জুতা পরছি। আর কেডস নাইকি ও অ্যাসিকস ব্র্যান্ডই পরা হয়।’ মোজা ব্যবহারের ক্ষেত্রেও মানুষ কতখানি শৌখিন হতে পারে, তা আতহার আলীকে না দেখলে বোঝা যাবে না। উজ্জ্বল থেকে শুরু করে হালকা সব রঙের মোজা আছে তাঁর। আতহার আলী খানের নিজস্ব একটা স্টাইল আছে। সব সময় তাঁর বাঁ হাতে থাকে দুটি চেইনের ব্রেসলেট। আর ডান হাতে রোলেক্স বা শো পার্ডের ঘড়ি। সানগ্লাসের মধ্যে রে-ব্যান, ওকলে ব্যবহার করেন। নিজেকে ফিট রাখতে প্রতিদিন ব্যায়াম করেন। ডায়েট করেন না, তবে সব খাবারই খান পরিমিত। শৌখিন মানুষটির মাধ্যমে বাংলাদেশে বিশ্বখ্যাত ব্র্যান্ড রিবোক ও উডল্যান্ড ব্যবসা শুরু করে। তিনি বলেন, ‘খেলার প্রতি ভালোবাসা থেকেই রিবোক ও উডল্যান্ড এ দেশে এনেছিলাম। এখন অবশ্য এই ব্যবসা আর নেই। তবে ভবিষ্যতে ইচ্ছা আছে নিজের সিগনেচার ডিজাইন দিয়ে একটি ফ্যাশন হাউস চালু করার।’ বাড়িতেও নান্দনিকতার ছোঁয়া। ল্যাম্পশেডের মৃদু আলো তিনি ভালোবাসেন। তাই তো বাড়িতে কোনো সাদা রঙের বাতি নেই। কর্মব্যস্ত আতহার আলী সময় পেলেই প্রচুর বই পড়েন। বিশেষ করে ক্রিকেটারদের আত্মজীবনী।