বাবার গায়ের গন্ধ নিই
সবে স্কুলে যেতে শুরু করেছি। গাঁয়ের পথে পড়ে এক নিবিড় জঙ্গল। সেখানেই ছিল মৌচাক। বাবার কাছে বায়না, বাবা আমাকে মধু পেরে এনে দাও না! আদুরে ছেলের আবদার, বাবা ফেলেন কী করে! যথারীতি মৌয়াল এল, পেশাদার লোক। ভীষণ দেখতে, মুচকো জোয়ান, নাকের নিচে কালু ডাকাতের মতো কালো কুচকুচে পুরুষ্টু গোঁফ। দেখে আমার পিলে চমকে যায়!
‘তুমি এখনো ছোট্ট অরুণ। বড় হও, তখন সঙ্গে নেব।’ বাবা আমাকে কাছে টেনে নিয়ে আদর করে দেন। প্রাণভরে বাবার গায়ের গন্ধ নিই। অসম্ভব ভালো লাগে।
তবু আমার চোখ জ্বলে। বারবার চোখ রগড়াই। এক্ষুনি বৃষ্টি নামবে। এ ভীষণ অন্যায়, ভয়ানক অপমান। পল্টু যাচ্ছে, আর আমি যাব না!
এসব গল্প আমি দাদুর কাছে শুনেছি। ফোকলা দাঁতে খনখনে কেশে দাদু যখন ধুমলের গল্প বলেন, শুনে আমার দুচোখ বিস্ময়ে ছানাবড়া। সেকি দাদু, মৌয়ালেরা খুব সাহসী হয়, তাই না!
‘বড় হও দাদুভাই, তুমিও যাবে ওদের সঙ্গে। নিশ্চয়ই যাবে।’ কিন্তু আমার আর কোথাও যাওয়া হয় না। পথ চেয়ে থাকি, বাবা কখন ফিরবে লোহার বালতিভরা মধু নিয়ে! আর পল্টু দুচোখ কপালে তুলে বলবে মৌয়ালদের সাহসিকতার কথা।
তখন মধ্যরাত। আমি নির্ঘুম জেগে আছি। বাবা ফিরবে, কখন! সহসাই সুতীব্র চিৎকারে রাতের নৈঃশব্দ্য ভাঙে। অনেকের মিলিত পায়ের আওয়াজ পাওয়া যায়। মৌয়ালেরা ফিরে এসেছে। এসেছে বাবাও। সব্বাইকে মৌমাছি এমন তাড়া করেছে যে ধুমল ফেলে ভোঁ দৌড়। মৌমাছির হুল খেয়ে পল্টু বেহুঁশ।